চবিতে নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁসের প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অর্থ লেনদেনের অডিও ফাঁসের ঘটনা তদন্তের প্রতিবেদন জমা পড়েছে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির সদস্যরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৫৩৮তম সিন্ডিকেট সভায় প্রতিবেদনটি উপস্থাপন করার কথা রয়েছে।

গত ৫ মার্চ সংবাদ সম্মেলন করে তদন্ত কমিটি গঠন করার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চার সদস্যের এ কমিটির আহ্বায়ক ছিলেন এ কে এম মাঈনুল হক মিয়াজী।

মাঈনুল হক মিয়াজী প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সিন্ডিকেট সভা হওয়ার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তদন্ত প্রতিবেদন নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অর্থ লেনদেন নিয়ে পাঁচটি ফোনালাপ ফাঁস হয়। এসব ফোনালাপ ছিল উপাচার্য শিরীণ আখতারের ব্যক্তিগত সহকারী খালেদ মিছবাহুল ও হিসাব নিয়ামক দপ্তরের কর্মচারী আহমদ হোসেনের সঙ্গে দুজন নিয়োগ প্রার্থীর। খালেদ মিছবাহুল উপপরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বেও ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, ফোনালাপ ফাঁসের পর খালেদ মিছবাহুলকে উপাচার্যের ব্যক্তিগত সহকারীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে খালেদ মিছবাহুল প্রথম আলোকে বলেন, তাঁকে সরানো হয়নি। তিনি ৩ মার্চ পর্যন্ত ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।

এসব বিতর্কের মধ্যেই ৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগে ২৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে পরদিনই প্রথম আলোতে ‘বিতর্কের মধ্যেই ২৪ শিক্ষক নিয়োগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

ফাঁস হওয়া ফোনালাপে যা ছিল

ফোনালাপে আহমদ হোসেন বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগে শিক্ষক পদে নিয়োগ পেতে আগ্রহী এক প্রার্থীকে বলেন, ‘তৃতীয় শ্রেণির একটা চাকরির জন্য এখন ১০ থেকে ১২ লাখ টাকা লাগে। চতুর্থ শ্রেণির চাকরির জন্য লাগে আট লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলো সর্বোচ্চ সম্মানিত পদ। এখানে ১৬ লাখের কম দিলে হবে না।’

আহমদ হোসেন আরও বলেন, ‘ম্যাডাম (উপাচার্য) যদি রাজি হন, তাহলে আপনি অর্ধেক পেমেন্ট করবেন এবং পেমেন্ট যে করছেন, সেটির একটি চেক অথবা ডকুমেন্ট দিতে হবে। কিন্তু ম্যাডাম যদি ‘‘না’’ বলেন তাহলে প্রধানমন্ত্রীও যদি ব্যক্তিগতভাবে সুপারিশ করেন, কোনো কাজ হবে না। এটাই শেষ কথা। কারণ, ম্যাডাম নিজেও তো আসছেন অনেক টাকা খরচ করে। এখন আপনার যদি সম্মতি থাকে এবং ম্যাডাম যদি রাজি হন, তাহলে একটা কন্ট্রাক্ট (চুক্তি) করা যায়।’

উপাচার্যের ব্যক্তিগত সহকারী খালেদ মিছবাহুল নিয়োগপ্রার্থীকে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসিয়ে দিতে চেয়েছিলেন। তিনি প্রার্থীকে বলেছিলেন, ‘তুমি চট্টগ্রামের মানুষ বলেই তোমাকে আমি টান দিলাম। উপাচার্যকে তোমার কথা বলব। তিনি যেভাবে বলবেন, সেভাবে হবে।’