প্রথম আলোর অনুসন্ধানী সিরিজ প্রতিবেদন পেল আন্তর্জাতিক স্বীকৃতি

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন) বেস্ট ইনভেস্টিগেটিভ স্টোরিস ইন ২০২১-এর সেরা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে
 ছবি: সংগৃহীত

প্রথম আলোর একটি প্রতিবেদন অনুসন্ধানী সাংবাদিকতাবিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের (জিআইজেএন) ১০টি ‘বেষ্ট ইনভেস্টিগেটিভ স্টোরিস ইন ২০২১’–এর বাংলাদেশের তালিকায় স্থান পেয়েছে।
জিআইজেএনের বেস্ট ইনভেস্টিগেটিভ স্টোরিজ ইন ২০২১-এর সেরা প্রতিবেদনের তালিকায় স্থান পাওয়া প্রথম আলোর তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ শুরু হয় গত বছরের ২০ সেপ্টেম্বর। প্রতিবেদনগুলো তৈরি করেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আসাদুজ্জামান। ওই তিনটি প্রতিবেদনের শিরোনাম ছিল ‘সাইবার অপরাধ-১: ৯৭ ভাগ মামলাই টেকেনি’, ‘সাইবার অপরাধ-২: মামলা সবচেয়ে বেশি ঢাকায়, পরে চট্টগ্রাম’ ‘সাইবার অপরাধ-৩: পরিকল্পিত সাইবার অপরাধ তুলনামূলক কম।’

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক সাংবাদিকতার উন্নয়নে কাজ করে থাকে—এমন প্রতিষ্ঠানগুলোর একটি আন্তর্জাতিক জোট। এই জোটের সদস্যরা অনুসন্ধানী এবং ডেটা সাংবাদিকদের মধে৵ নতুন নতুন তত্ত্ব ও তথ্য পরিবেশন ছাড়াও আয়োজন করেন প্রশিক্ষণের। তাঁরা এমন সব দেশেও কাজ করছেন, যেসব দেশে সরকার দমন-পীড়ন চালায় প্রতিপক্ষ আর গণমাধ্যমের ওপর।

প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে জিআইজেএন লিখেছে, ‘বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের বাক্‌স্বাধীনতায় হুমকি তৈরি করেছে। প্রায় ২ বছরের প্রচেষ্টায় ঢাকা সাইবার ট্রাইব্যুনাল থেকে এই আইনে হওয়া ২ হাজার ৬০০টি মামলা সংগ্রহ করেন দৈনিক প্রথম আলোর সাংবাদিক। তাতে দেখা যায়, সাইবার অপরাধ মামলার বেশির ভাগ অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেননি। গত ৭ বছরে ৭৬৮টি মামলা নিষ্পত্তি হয়েছে। এগুলোর মধ্যে সাজা হয়েছে মাত্র ২২টি মামলায়। শতকরা হিসাবে সাজার হার ২ দশমিক ৮৬। বাকি ৯৭ দশমিক ১৪ শতাংশের বেশি মামলায় আসামিরা অব্যাহতি অথবা খালাস পেয়েছেন।’

জিআইজেএনের তালিকায় সেরা প্রতিবেদন

এ ছাড়া ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও যমুনা টেলিভিশনের দুটি প্রতিবেদন জিআইজেএনের সেরা প্রতিবেদনের তালিকায় স্থান পেয়েছে। বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ২৪’, ‘৭১ টেলিভিশন’ ও ‘মাছরাঙা টেলিভিশনের’ একটি করে প্রতিবেদন সেরা প্রতিবেদন নির্বাচিত হয়েছে। ১১ জানুয়ারি জিআইজেএন সেরা প্রতিবেদনের এই তালিকা প্রকাশ করে।