
স্বাধীনতার মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সরকার গণমাধ্যমের স্বাধীনতা হরণ করছে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে এই আইনে গ্রেপ্তার করা সব সাংবাদিকের মুক্তি দাবি করেছে তারা।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিজয় নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়–সংলগ্ন এলাকায় ইফতারি বিতরণ অনুষ্ঠানে এ দাবি করা হয়। এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইফতারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান। তিনি বলেন, স্বাধীনতার মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করছে সরকার; যা স্বাধীনতার ঘোষণাপত্রের চরম খেলাপ।
মজিবুর রহমান বলেন, জনগণের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে, আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই। যেখানে মানুষের খাদ্যের নিরাপত্তা থাকবে। মানুষের জীবনের নিরাপত্তা থাকবে। বাজারব্যবস্থা সিন্ডিকেটমুক্ত ও জনগণের অনুকূলে থাকবে। মানুষ দুই বেলা খেয়ে বাঁচতে পারবে।
অনুষ্ঠানে এবি পার্টির নেতারা প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্মরত) শামসুজ্জামানসহ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সব সাংবাদিকের অবিলম্বে মুক্তি দাবি করেন। একই সঙ্গে হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান তাঁরা।
এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর (অবসরপ্রাপ্ত) আবদুল ওহাব বলেন, আজকের এই আয়োজন, এই গণ-ইফতার হচ্ছে আমার বাংলাদেশ পার্টি যে সাম্যের কথা বলে, তার দৃষ্টান্ত। আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। একটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি বলে মানুষের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি।