শুভ সকাল। আজ সোমবার। দিনের কাজ শুরুর আগেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ। এর মধ্যে গতকালের সবচেয়ে বড় খবর ছিল গুলশানের ভবনে আগুনে একজনের মৃত্যুসংক্রান্ত খবর। আর আন্তর্জাতিক ঘটনার ক্ষেত্রে গতকাল বড় খবর ছিল, রাশিয়াকে অস্ত্র-গোলাবারুদ দেওয়ার কথা ভাবছে চীন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া আছে রাজনীতি, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর।
তাই দিনের শুরুতেই পড়ুন আলোচিত ১০টি খবর, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।

রাজধানীর গুলশান-২ নম্বরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রাত দুইটা পর্যন্ত এতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল রোববার সন্ধ্যা সোয়া সাতটার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর সড়কের ২ নম্বর হোল্ডিংয়ের ১৪ তলা ভবনের ১১ তলায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নেভানোর কাজ শুরু করে। পাশাপাশি ভবন থেকে বাসিন্দাদের নামিয়ে আনতে থাকে তারা। বিস্তারিত পড়ুন:
সাবেক তথ্য ও যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা রোববার রাতে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
পারিবারিক সূত্র জানিয়েছে, নাজমুল হুদা অনেক দিন ধরে উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। গত শুক্রবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার পান্থপথে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়। বিস্তারিত পড়ুন:
চট্টগ্রামে পুলিশের এক নারী সদস্যকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ ও মুঠোফোনে ভিডিও চিত্র ধারণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই পুলিশ সদস্যের নাম রুবেল মিয়া (৩৬)। তিনি চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার শিকলবাহা পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। রোববার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। বিস্তারিত পড়ুন:
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না—তাঁর মুক্তির সময় এমন কোনো শর্ত ছিল না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে দুটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় সংবিধান অনুযায়ী তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।
রোববার ঢাকায় জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট (জেএটিআই) আয়োজিত নবনিযুক্ত সহকারী জজদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। বিস্তারিত পড়ুন:
‘পুরোনো ইউরোপ’-এর সামনে নিজেদের হারানো গৌরব পুনরুদ্ধারের একটাই পথ খোলা আছে। তা হলো দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে যুদ্ধে ইউক্রেনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা, যাতে দেশটি যত তাড়াতাড়ি সম্ভব জয়ী হতে পারে। একই সঙ্গে ইউরেশিয়া অঞ্চলে ভারসাম্য প্রতিষ্ঠার জন্য রাশিয়ার সঙ্গে একটি মীমাংসার পথ খুঁজে বের করা। সেটা না করতে পারলে ফ্রান্স ও জার্মানিকে দীর্ঘ মেয়াদে বড় মূল্য চুকাতে হবে। বিস্তারিত পড়ুন:
ভারতের স্বাধীন সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতার বিরুদ্ধে গৌতম আদানির ব্যবসা-সাম্রাজ্য ছয়টি আলাদা আদালতে মামলা করেছে এবং তাঁর এই শিল্পগোষ্ঠী কিংবা এর মালিকের ব্যাপারে কোনো কথা বলার অনুমতি নেই।
মার্কিন বিনিয়োগ কোম্পানি হিনডেনবার্গ রিসার্চ, গত মাসে প্রকাশিত যাদের প্রতিবেদনের কারণে আদানির শেয়ার ১২ হাজার কোটি ডলার মূলধন হারিয়েছে, বলছে যে আদানি দীর্ঘদিন ধরেই মামলার ভয় দেখিয়ে তাদের ব্যাপারে আরও খোঁজখবর করাকে ঠেকিয়ে রেখেছে। বিস্তারিত পড়ুন:
তারকাদের দিনটি ছিল অন্য রকম। কখন মেকআপ নেবেন, কখন শুটিং শুরু, বাড়ি ফেরাইবা কখন—এসব নিয়ে কোনো ব্যস্ততা ছিল না; বরং আড্ডা, হইহুল্লোড় আর খোশমেজাজেই দেখা গেল শতাধিক অভিনয়শিল্পীকে। তাঁদের কারও সঙ্গে দুই বছর পরে দেখা হচ্ছে। কারও সঙ্গে এক যুগ! কেউ বন্ধু; কেউ ভাই বলে একে অন্যকে আলিঙ্গন করছেন, খোঁজখবর নিচ্ছেন। নবীন-প্রবীণ সবার মেলবন্ধন হয়ে ওঠা তারকাদের এই আড্ডা, হইহুল্লোড় জমতে সময় নিল না। অভিনয়শিল্পী সংঘের ‘অ্যাক্টর ইকুইটি ডে’র এই পিকনিক ও আনন্দ আয়োজন সকাল থেকে রাত পর্যন্ত এভাবেই গল্প-আড্ডায় মাতলেন তারকারা। আরও পড়ুন:
চলতি সপ্তাহেই ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন বা গ্রাহকসেবা চালু করতে যাচ্ছে মেটার মালিকানাধীন ফেসবুক। এর ফলে প্রতি মাসে নির্দিষ্ট ফি প্রদান করে ফেসবুক প্রোফাইলে নীল টিক ব্যাজ, অ্যাকাউন্ট যাচাইকরণসহ বিভিন্ন সুরক্ষা সুবিধা পাওয়া যাবে। বিস্তারিত পড়ুন:
এল সাদারে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান ৫-এ নামিয়ে এনেছে। এ ম্যাচে হারার পর জরিমানাও গুনতে হচ্ছে ওসাসুনাকে। গ্যালারি থেকে সমর্থকদের ‘ছোড়া’ ‘বস্তু’ই এই জরিমানার কারণ। বিস্তারিত পড়ুন:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় দেশরত্ন শেখ হাসিনা হলের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা পেছনের তারিখের ফুটেজগুলো পাওয়া যাচ্ছে না। সিসিটিভি ক্যামেরার বায়োসের ব্যাটারি নষ্ট থাকায় ফুটেজগুলো নির্দিষ্ট তারিখ বা সময় ধরে সংরক্ষিত হয়নি। এ অবস্থায় নির্দিষ্ট তারিখের ফুটেজ দেখতে গেলে কখনো ১৯৭০, আবার কখনো ২০০৪ সাল দেখাচ্ছে।
শনিবার সিসিটিভির ফুটেজ দেখতে গিয়ে সমস্যাটি ধরা পড়ে। রোববার বিশ্ববিদ্যালয়ে বিষয়টি জানাজানি হয়। তবে কর্তৃপক্ষ ফুটেজ উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছে। বিস্তারিত পড়ুন: