
ননদের ঢাকার বাসায় বেড়াতে এসেছিলেন পটুয়াখালীর রোকেয়া বেগম। সঙ্গে আসেন মেয়ে খুশি ও তাঁর স্বামী রিয়াজ।
বেড়ানো শেষে বাড়ি ফিরবেন বলে গতকাল মঙ্গলবার সন্ধ্যার লঞ্চ ধরতে বাড্ডা থেকে সদরঘাটের উদ্দেশে রওনা হন রোকেয়ারা। কিন্তু তাঁরা বাড়ি ফিরতে পারেননি। গতকাল বিকেলে রাজধানীর সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে আহত হন তাঁরা।
আহত তিনজনকেই গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু রোকেয়ার রক্তপাত বন্ধ না হওয়ায় তাঁকে আবার হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
খবর শুনে পটুয়াখালী থেকে ইতিমধ্যে ঢাকায় এসেছেন রোকেয়ার স্বামী আলতাফ শরীফ। তিনি প্রথম আলোকে বলেন, আজ বুধবার তাঁর স্ত্রী, মেয়ে ও জামাইয়ের বাড়িতে থাকার কথা ছিল। কিন্তু কী থেকে কী হয়ে গেল!
আলতাফ জানতে পেরেছেন, রোকেয়ারা গুলিস্তানে এসে দেখেন যানজট। তাই হেঁটেই এগোতে থাকেন। সিদ্দিকবাজার দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রোকেয়া, মেয়ে খুশি ও তাঁর স্বামী রিয়াজ আহত হন। রোকেয়ার মাথা ও কান ফেটে গেছে। খুশিরও কান ফেটে গেছে। রিয়াজের শরীরের বিভিন্ন জায়গা ছিলে গেছে। রোকেয়া সুস্থ হলেই তাঁরা পটুয়াখালী ফিরে যাবেন বলে জানান আলতাফ।
সিদ্দিকবাজারে বিস্ফোরণে এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। আহত শতাধিক। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ২০ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।