‘শিক্ষককে জুতার মালা পরিয়ে পুরো জাতিকেই কলঙ্কিত করা হয়েছে’

সারা দেশে শিক্ষক নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে বগুড়ায় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদ। শনিবার শহরের সাতমাথা এলাকায়
ছবি: প্রথম আলো

‘শিক্ষাই জাতির মেরুদণ্ড বলা হলেও সেই মেরুদণ্ড যাঁরা শক্ত করে গড়ে তোলেন, সেই শিক্ষকের গলায় জুতার মালা পরানো মানে পুরো জাতির গলায় জুতার মালা পরানো। নড়াইলে কলেজশিক্ষককে জুতার মালা পরিয়ে পুরো জাতিকেই কলঙ্কিত ও অপমানিত করা হয়েছে।’

নড়াইলে কলেজশিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে অপদস্থ ও সাভারে শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার প্রতিবাদে শনিবার বিকেলে বগুড়ায় আয়োজিত প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহানের সভাপতিত্বে শহরের সাতমাথায় এই সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহীদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলার সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সিপিবির বগুড়া জেলার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, কৃষক সমিতি বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, বগুড়া উদীচীর সহসভাপতি লুৎফর রহমান, থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা রানী, খেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায়, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি ছাব্বির আহম্মেদ প্রমুখ।

সমাবেশে শিক্ষক অপদস্থ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। বক্তারা বলেন, সারা দেশে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছে। তাদের লক্ষ্য এখন শিক্ষাঙ্গন। দেশের নানা জায়গায় সাম্প্রদায়িক উসকানি ছড়িয়ে শিক্ষকদের অপদস্থ ও হয়রানি করা হচ্ছে। এই সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পথে অন্তরায়। তাদের পরাজিত করতে না পারলে দেশের মূল চেতনাই পরাজিত হবে।

সমাবেশে উদীচী বগুড়ার সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘জাতি গড়ার কারিগর শিক্ষকদের প্রতি নজিরবিহীন নির্যাতন শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শিক্ষার্থীর পিটুনিতে শিক্ষকের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

পুলিশের উপস্থিতিতে শিক্ষককে নির্যাতন, লাঞ্ছিত ও জুতার মালা পরানোর মতো ঘটনা জাতিকে হতবাক করেছে। শিক্ষকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যার মতো জঘন্য ঘটনা বাংলাদেশকে এক গভীর অন্ধকারে নিমজ্জিত করছে। এসব ঘটনায় জাতি বিক্ষুব্ধ ও আতঙ্কিত। বিচারবিহীনতার সংস্কৃতি ও শাসকগোষ্ঠীর আশ্রয়-প্রশ্রয়ে দেশে এ ধরনের ঘটনা ঘটছে।

সমাবেশ থেকে উদীচীর কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি, নাট্যকার ও শিক্ষাবিদ রতন সিদ্দিকীর বাসায় হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে রতন সিদ্দিকীর ওপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।