
ধর্মঘট প্রত্যাহার করে আগামীকাল রোববার সকাল থেকেই ফরিদপুর ও খুলনা রুটে বাস চালাতে রাজি কুষ্টিয়ার পরিবহনসংশ্লিষ্ট শীর্ষ নেতারা। তবে এ ক্ষেত্রে তাঁদের কয়েকটি দাবি মানতে হবে। বাসমালিকদের প্রধান দাবি হলো—কুষ্টিয়া থেকে ফরিদপুর রুটে আরও তিনটি বাস চালু হবে। এর মধ্যে ঝিনাইদহ বাসমালিক সমিতিকে একটি বাস চালাতে দেওয়া হবে।
আজ শনিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামকে এই দাবি কথা জানিয়েছেন বাসমালিকেরা। আজ দুপুর পৌনে ১২টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেন বাসমালিক-শ্রমিক নেতারা। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম উপস্থিত ছিলেন।
বাসশ্রমিকদের মারধর ও বাসের ট্রিপ বাড়ানোকে কেন্দ্র করে হওয়া জটিলতায় কুষ্টিয়ার বাসমালিক–শ্রমিকদের ডাকা ‘ধর্মঘট’ দ্বিতীয় দিনের মতো চলছে। এ কারণে আজ শনিবার কুষ্টিয়া থেকে ফরিদপুর ও খুলনার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই পথে চলাচলকারী সাধারণ যাত্রীরা। গতকাল শুক্রবার সকাল থেকে কুষ্টিয়া-ফরিদপুর ও কুষ্টিয়া-খুলনা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ আছে।
এই পরিস্থিতিতে আজ দুপুরে বাসমালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক। বৈঠকে কুষ্টিয়া জেলা বাস–মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম ঘটনার বিস্তারিত তুলে ধরেন। বক্তব্যের শেষের দিকে তিনি বলেন, কুষ্টিয়া থেকে ফরিদপুর রুটে আরও তিনটি বাস চলবে। সেখানে ঝিনাইদহ মালিক সমিতিকে একটি দেওয়া হবে। অন্য দুটি বাস কুষ্টিয়ার মালিক সমিতি ও মালিক গ্রুপ চালাবে। এ ছাড়া খুলনা রুটে কোনো বাস দেওয়া হবে না। এই দাবি মানা হলে কাল রোববার থেকেই গাড়ি চালাবেন। একই সঙ্গে যদি ঝিনাইদহ মালিক ও শ্রমিকেরা খুলনা রুটে কোনো বাধা না দেয় তবেই বাস চালানো হবে। এ ছাড়া শ্রমিকদের যাঁরা মারধর করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
বৈঠকে কুষ্টিয়া জেলা বাস–মিনিবাস মালিক সমিতির সভাপতি মকবুল হোসেন বলেন, ‘আমরা কখনোই বাস বন্ধ করে জনগণকে কষ্ট দিতে চাই না। কিন্তু আমাদের বারবার জিম্মি করে ঝিনাইদহ মালিক সমিতি অনৈতিক দাবি পূরণ করে নেয়। এবার আর না। দাবি মানা না হলে কোনোভাবেই বাস চালানো সম্ভব না। প্রয়োজনে আগামী সোমবার থেকে সব ধরনের পরিবহন বন্ধ করে দেওয়া হবে।’
এ সময় বাসমালিকদের উদ্দেশে পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘আপনারা সেবামূলক ব্যবসা করেন। সে সমস্যার সৃষ্টি হয়েছে, সেটা এক অর্থে ছোট, আবার একটু বড়ও। তাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা দরকার।’
বৈঠকের পর জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বৈঠকের বিষয়ে ঝিনাইদহ প্রশাসনের সঙ্গে আলোচনা করা হয়েছে। তারা খুবই দ্রুত সময়ের মধ্যে একটা সিদ্ধান্ত জানাবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহ বাসমালিক সমিতির কোনো কমিটি নেই। দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় পদাধিকার বলে সমিতির প্রশাসকের দায়িত্বের আছেন ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজীবুল ইসলাম খান। তিনি প্রথম আলোকে বলেন, ঝিনাইদহ বাস মালিক–শ্রমিকদের সঙ্গে কথা বলা হচ্ছে। দুই জেলার মালিক শ্রমিকেরাও একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন। সর্বোপরি একটা সমাধানের দিকে যাচ্ছে বলে আশা করছেন তিনি।
মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝিনাইদহ মোটরশ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাচ্ছেন। এটা নিয়েই মনোমালিন্য সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে মালিকেরা ঝিনাইদহের কালীগঞ্জে বৈঠক করেন। এ সময় সেখানে বাসের স্টাফদের মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অবস্থায় বাসশ্রমিক, মালিক গ্রুপ উভয় মিলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। পরিবহনসংশ্লিষ্ট পাঁচটি সংগঠনের শীর্ষ নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের কার্যালয়ে বৈঠক করে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন।
পরিবহনমালিক ও শ্রমিকদের এমন সিদ্ধান্তের কারণে খুলনা থেকে কুষ্টিয়ায় কোনো বাস আসছে না। কুষ্টিয়া থেকেও বাস খুলনায় যাচ্ছে না। একই সঙ্গে ফরিদপুর রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মো. আখতারুজ্জামান বলেন, বাসের স্টাফদের মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের আগামী রোববারের মধ্যে পুলিশ গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।