
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক কিশোরের গলা কেটে ব্যাটারিচালিত অটোরিকশা (মালামাল বহনকারী ইজিবাইক) ছিনতাইয়ের ৭২ ঘণ্টার মধ্যে অটোরিকশাসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তরুণের নাম মো. সজীব (২০)। তিনি একই উপজেলার কাগমারীপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে।
গত মঙ্গলবার বিকেলে উপজেলার কাগমারীপাড়া-পুরান টুপকারচর সড়কের ভূতবাড়ি এলাকায় আরিফ মিয়ার (১৫) গলা কেটে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আরিফ মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার রাতে জামালপুর সদর থানার পুলিশ জানতে পারে, ব্যাটারিচালিত একটি অটোরিকশা (মালামাল বহনকারী ইজিবাইক) শহরের শাহপুর এলাকায় একটি গ্যারেজে চার্জ দেওয়া হয়েছে। পুলিশের একটি দল ওই গ্যারেজে অবস্থান নেয়। অটোরিকশাটি সেখানে ছিল কিন্তু লোকজন ছিল না। গোপনে পুলিশ সেখানে অবস্থান করতে থাকে। পরে অটোরিকশাটি নিতে মো. সজীব এলে পুলিশ তাঁকে আটক করে। এরপর গতকাল বৃহস্পতিবার সজীব মিয়ার বিরুদ্ধে একটি মামলা করে সদর থানার পুলিশ। মামলার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে আরিফ মিয়ার গলা কাটার ঘটনায় তার মামা ফজলুর রহমান বাদী হয়ে বুধবার রাতে বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত (পরিদর্শক) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, বকশীগঞ্জে গলা কেটে ছিনতাই হওয়া অটোরিকশাসহ সজীবকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজীব জানিয়েছেন, অটোরিকশাটি তিনি শেরপুর এলাকা থেকে এনেছেন। এর ফলে চুরি ও চোরাই মাল উদ্ধারের ঘটনায় সদর থানায়ও একটি মামলা হয়েছে। সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। একই সঙ্গে বকশীগঞ্জ থানার পুলিশ ওই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন।
মঙ্গলবার বিকেলে বকশীগঞ্জ উপজেলার কাগমারীপাড়া-পুরাতন টুপকারচর সড়কের ভূতবাড়ি এলাকায় দুর্বৃত্তরা আরিফ মিয়ার গলা কেটে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। এরপর রাতে মুমূর্ষু অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার সঙ্গে থাকা স্বজনেরা জানিয়েছেন, আরিফের শ্বাসনালি ও খাদ্যনালি কেটে গেছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন বলে চিকিৎসকেরা তাঁদের জানিয়েছেন। আরিফ বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।