গোপালদী পৌরসভা নির্বাচন

গোপন বুথে নজরদারি, মারধর করে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী পৌরসভা নির্বাচনে গোপন কক্ষের পাশে দাঁড়িয়ে নজরদারি করছেন একজন। রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১.৫৫ মিনিটে
ছবি: দিনার মাহমুদ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভায় ভোট গ্রহণ চলাকালে গোপন বুথে নজরদারি আর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। বেলা ১টা পর্যন্ত বড় কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। প্রচণ্ড গরম উপেক্ষা করে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা।

বেলা সোয়া ১১টায় রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এ সময় ওই কেন্দ্র পরিদর্শনে আসা নারকেলগাছ প্রতীকের স্বতন্ত্র মেয়রপ্রার্থী তানভীর আহমেদের সঙ্গে কথা হয়। তানভীর আহমেদ বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে মারধর করে তাঁর এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। প্রায় সব কেন্দ্রেই নৌকা প্রতীকের প্রার্থীর এজেন্ট ও অনুসারীরা গোপন বুথে নজরদারি করছেন।

তানভীর বলেন, ‘৯ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রী হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে মাসুম নামে আমার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। আমাকে ভোট দেওয়ার অপরাধে দুজন ভোটারকে মারধর করা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত ৭টি কেন্দ্র পরিদর্শন করে সব কটিতেই গোপন বুথে নজরদারির অভিযোগ পেয়েছেন। আমরা যতক্ষণ কেন্দ্রে থাকি, ততক্ষণ সুষ্ঠু ভোট হয়। বের হয়ে গেলেই গোপন বুথে নৌকার লোকজন দাঁড়িয়ে থেকে নজরদারি করে। এমনকি এই কেন্দ্রেও একই অবস্থা।’

দুপুর সোয়া ১২টার দিকে রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্র ঘুরে দেখা যায়, ১ নম্বর কক্ষের ১ নম্বর বুথে গিয়ে গলায় নৌকা ও আনারস প্রতীকের কার্ড ঝোলানো মাসুদ ভূঁইয়া গোপনকক্ষে উঁকি দিয়ে নজরদারি করছেন। এ সময় তিনি কথা বলতে অস্বীকৃতি জানান। ওই কক্ষে মোট দুটি বুথ থাকলেও কক্ষের ভেতরে নৌকার কার্ড ঝোলানো অন্তত চারজনকে কক্ষের ভেতরে বসে থাকতে দেখা যায়। তাঁদের কাছে পরিচয় জানতে চাইলে আলাদাভাবে তাঁরা প্রত্যেকেই নিজেদের নৌকার এজেন্ট পরিচয় দেন। পরে তাঁদের পরিচয়পত্র দেখতে চাইলে দুজন পরিচয়পত্র দেখান। বাকি দুজনকে ওই বুথের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. শহিদুল্লাহর কাছে নিয়ে গেলে তাঁর কাছে তাঁরা নিজেদের ভোটার বলে দাবি করেন এবং কক্ষ থেকে দৌড়ে বের হয়ে যান।

গোপন বুথে নজরদারি ও কক্ষে নৌকার লোকজন বসতে দেওয়ার কারণ জানতে চাইলে শহিদুল্লাহ বলেন, ‘আমি ভোটারদের নিয়ে ব্যস্ত। কে কী করছেন সেটা প্রশাসনের লোকজন দেখছে না।’

সকাল সকাল ভোট দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন নারী ভোটারেরা।  জালাকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে

পরে একই কেন্দ্রের ৩ নম্বর বুথে গিয়েও নৌকার কার্ডধারী একাধিক লোককে ভোটকক্ষে ঘোরাঘুরি করতে দেখা গেছে। ওই বুথে নারকেলগাছ প্রতীকের এজেন্ট মো. শাহ জালাল অভিযোগ করেন, সকাল ১০টা থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত গোপনকক্ষে নৌকার এজেন্ট দাঁড়িয়ে ছিল। এ বিষয়ে তিনি সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছে অভিযোগ দিলে তাঁরা অভিযোগ আমলে নেননি। বরং নৌকার এজেন্ট তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।

বেলা সোয়া ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত ওই কেন্দ্রের বুথগুলো ঘুরে সব কটি বুথেই নারকেলগাছ প্রতীকের এজেন্ট পাওয়া গেছে। তবে বুথগুলোতে মুঠোফোন এবং জগ প্রতীকের কোনো এজেন্ট পাওয়া যায়নি।

এর আগে সকাল নয়টায় ৭ নম্বর ওয়ার্ডের জ্বালাকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। তবে বিদ্যালয়ের নারী কেন্দ্রটির পাঁচটি বুথের একটিতেও নারকেলগাছ ও মোবাইল ফোন প্রতীকের পোলিং এজেন্টকে পাওয়া যায়নি। নির্বাচন থেকে সরে যাওয়ায় হাতপাখা প্রতীকের এজেন্ট দেওয়া হয়নি। বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রটির কেবল ৩ নম্বর বুথে সব কটি প্রার্থীর পোলিং এজেন্ট পাওয়া গেছে। একই কেন্দ্রের ১, ২, ৪ ও ৫ নম্বর বুথে মোবাইল ফোন প্রতীকের পোলিং এজেন্ট পাওয়া যায়নি। তবে নারকেল ও জগ প্রতীকের এজেন্ট ছিল। ৬ নম্বর বুথে শুধু নৌকা প্রতীকের এজেন্টকে দেখা গেছে।

কেন্দ্রটির ১ নম্বর বুথে কথা হয় নারকেলগাছ প্রতীকের পোলিং এজেন্ট মো. রুবেলের সঙ্গে। তিনি বলেন, ‘নির্বাচনের শুরু থেইকা হুমকি-টুমকি, হাত কাইট্টা ফেলব, এই-সেই কথা কইছে নৌকার লোকজন। সবাই ডরে ডরে আছে। আমি কথা দিছি কেন্দ্রে থাকমু, মানবতার খাতিরে তাই বইসা আছি, যা হওয়ার তো হইসে আগেই। দেখেন না কেন্দ্রে নৌকার বাইরে কেউ নাই।’

২ নম্বর কক্ষে নাম প্রকাশ না করার শর্তে নারকেলগাছ প্রতীকের পোলিং এজেন্ট বলেন, ‘ভয়-টয় দেখাইয়া অস্থির। কেউ থাকতে সাহস করে না৷ নারী কেন্দ্রে এজেন্টরা ভয়ে আসেন নাই।’

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মিরাজ হোসেন বলেন, কাউন্সিলর প্রার্থী সবার এজেন্ট কেন্দ্রের প্রতিটি বুথে আছেন। তবে একাধিক মেয়রপ্রার্থীর এজেন্ট আসেননি। যাঁরা এসেছেন, তাঁরা সবাই উপস্থিত আছেন।

এসব অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে গোপালদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ বলেন, গোপনকক্ষে উঁকি দেওয়ার অভিযোগ পাওয়ার পর কর্মকর্তাকে পাঠিয়ে খোঁজ নিয়েছেন। কিন্তু এমন অভিযোগের সত্যতা পাননি। আর প্রার্থীরা অনেক কেন্দ্রে তাঁদের পোলিং এজেন্ট দিতে পারেননি। কাউকে বের করে দেওয়া হয়েছে, এমন কোনো ঘটনা ঘটেনি।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এই নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী এম এ হালিম শিকদার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী তানভীর আহম্মেদ (নারকেলগাছ), গোপালদী বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল মনসুর (জগ), গোপালদী পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান (মোবাইল ফোন) প্রতীকে নির্বাচন করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গোলাম ফারুক (হাতপাখা) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।