
‘এবারই প্রথম ভোটার হয়েছি, এবারই প্রথম ভোট দিলাম। ইভিএমে ভোট দিতে কোনো সমস্যা হয়নি। খুব সহজে ভোট দিতে পেরেছি। নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে কী যে আনন্দ লাগছে! তা বলে বোঝাতে পারব না।’
এই প্রতিক্রিয়া খুলনার তরুণ ভোটার সুমাইয়া আক্তারের। আজ সোমবার সকাল সোয়া ৮টায় তিনি খুলনা নগরের ২৩ নম্বর ওয়ার্ডের বি কে ইউনিয়ন ইনস্টিটিউট কেন্দ্রে ভোট দেন। সুমাইয়া খুলনা পাইওনিয়ার গার্লস কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। খুলনা সিটি নির্বাচনে প্রথম ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তিনি।
সুমাইয়া কেন্দ্রে এসেছিলেন তাঁর বাবা আবুল বাশারের সঙ্গে। তিনি চাকরি করেন একটি ওষুধ কোম্পানিতে। মেয়ের সঙ্গে কথা বলার ফাঁকে ভোট দিয়ে বের হন বাবা।
আবুল বাশার বলেন, ‘গত কয়েকবার ভোট দিতে পারিনি। কেন্দ্রে এসে শুনি আমার ভোট দেওয়া হয়ে গেছে। এবারই প্রথম ইভিএম এ ভোট দিলাম। ভোট দিতে কোনো সমস্যা হয়নি। সার্বিকভাবে ভোটের পরিবেশ অনেক ভালো। এখনো পর্যন্ত ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন। আসলে ভোট এমনই হওয়া উচিত।’
সুমাইয়া আক্তার বলেন, ‘এর আগে শুনেছি নিজের ভোট কেউ নিজে দিতে পারেন না। তবে এবার আমি আমার ভোট দিতে পেরেছি। ইভিএম খুব সহজ পদ্ধতি, ভোট দিতে কোনো সমস্যা হয়নি।’
এবার খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিটি করপোরেশনের মধ্যে মোট ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন। মোট ২৮৯টি কেন্দ্রে ১ হাজার ৭৩২টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
আজ সকাল আটটা থেকে এ নির্বাচনে ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল চারটা পর্যন্ত।