প্রচারণায় নেমে হিরো আলম

‘যত খুশি সেলফি নেন, একতারায় ভোট দেন’

প্রচারণার সময় সেলফি তুলতে হিরো আলমকে ঘিরে ধরছেন ভক্তরা
ছবি: সংগৃহীত

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জোরেশোরে প্রচারণায় নেমেছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। একতারা প্রতীকের নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী আয়োজন করে ভোটের মাঠে ইতিমধ্যে সাড়া ফেলেছেন।

হিরো আলম আজ শুক্রবার সকাল থেকে সমর্থকদের নিয়ে ট্রাকযোগে বগুড়া-৪ নির্বাচনী এলাকার কাহালু এবং নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণায় নেমেছেন। সকালে বগুড়া শহরের রেলগেট হয়ে তিনি ট্রাকযোগে কাহালু সদরে যান। ট্রাকের ওপর হিরো আলম একতারা হাতে দাঁড়িয়ে ভোট চান। ট্রাকে টানানো মাইকে বাজছিল নির্বাচনী গান।

সমর্থকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রাক থেকেই হাত নেড়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন হিরো আলম। কাহালুতে পৌঁছার পর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। দোকানে দোকানে গিয়ে ভোট চান। এ সময় নানা শ্রেণি–পেশার মানুষ তাঁর সঙ্গে সেলফি ও ছবি তুলতে ভিড় করেন। ভক্তরা একতারা প্রতীকের পক্ষে স্লোগান দেন। হিরো আলম ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘যত খুশি সেলফি নেন, একতারায় ভোট দেন।’

এবার হিরো আলমের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণায় নামছেন কয়েকজন চলচ্চিত্র শিল্পী। হিরো আলমের সঙ্গে নায়িকা হিসেবে রিয়া মনি সিনেমা করেছেন। তাঁর সঙ্গে মডেল হয়েছেন বেশ কিছু মিউজিক ভিডিওতে। এক সঙ্গে স্টেজ শোও করেছেন। হিরো আলমের সেই নায়িকা রিয়া মনি প্রচারণার শুরু থেকেই সঙ্গী হিসেবে মাঠে আছেন।

হিরো আলম বলেন, ভোটারদের চমক দেখাতে আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া-৬ আসনে অর্থাৎ বগুড়া শহরে একতারা মার্কার পক্ষে ভোট চেয়ে মাঠে নামবেন চিত্রনায়িকা মুনমুন। এ ছাড়াও একতারার প্রচারণায় আসছেন চিত্রনায়িকা নাসরিন, কাবিলাসহ অনেক চলচ্চিত্র শিল্পী।

উচ্চ আদালতে রিট করে প্রার্থিতা ফিরে পাওয়ার পর থেকেই প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আলোচিত হিরো আলম

আরও অনেক শিল্পী প্রচারণায় নামতে আগ্রহী হলেও হিরো আলম নিরুৎসাহিত করছেন বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘তারকাদের খ্যাতির বিড়ম্বনা আছে। প্রচারণার মাঠে নামার পর থেকেই ভক্তদের সামাল দিতে হিমশিম অবস্থা। যেখানেই যাচ্ছি হাজার হাজার মানুষ একনজর দেখার জন্য ভিড় করছেন, সেলফি তুলছেন। এতে ভোটের প্রচারণা চালাতে বেশি সময় লাগছে। বেশি চলচ্চিত্র তারকারা ভোটের মাঠে নামলে ভিড় সামলাবে কে? এসব চিন্তা মাথায় রেখে অনেক তারকা প্রচারণায় মাঠে নামার আগ্রহের কথা জানালেও আমি তাঁদের নিরুৎসাহিত করেছি।’

হিরো আলম বলেন, রিয়া মনি শুরু থেকে নির্বাচনী মাঠে থাকলেও ভক্তদের ভিড় সামলাতে তিনি ছদ্মবেশে প্রচারণা চালাচ্ছেন। প্রতিদিনই তিনি একতারা মার্কার নির্বাচনী প্রচারণা লাইভ করছেন, ভোটারদের সাড়া ও অনুভূতির ছবি ও ভিডিও ফেসবুক, ইউটিউবে শেয়ার করছেন।

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে ১ ফেব্রুয়ারি ভোট গ্রহণের কথা আছে। দুই আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন হিরো আলম। কিন্তু ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের তালিকায় গরমিল থাকার অভিযোগে প্রথমে রিটার্নিং কর্মকর্তা, পরে নির্বাচন কমিশন থেকে তাঁর মনোনয়ন বাতিল করা হয়। এরপর উচ্চ আদালতে রিট করে প্রার্থিতা ফিরে পান তিনি।

এর আগে বৃহস্পতিবার দিনভর বগুড়া সদরের এরুলিয়া ও চারমাথা এলাকায় একতারা মার্কার প্রচারণা চালান হিরো আলম। চারমাথা বাস টার্মিনাল এলাকায় ভোট চাইতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি উপস্থিত কর্মীদের উদ্দেশে বলেন, ‘১০ বছর আগে এখানে বসে পান-সিগারেট বিক্রি করেছি। ভাগ্যগুণে আজ তারকা হলেও সেই স্মৃতি এখনও ভুলিনি।’

প্রচারণায় আরও চমক দেওয়ার ইঙ্গিত দিয়ে হিরো আলম প্রথম আলোকে বলেন, ‘প্রচারণার শেষ সময়ে আরও চমক থাকবে। চলচ্চিত্র তারকাদের সঙ্গে নিয়ে হেলিকপ্টারে একতারা প্রতীকের লিফলেট পৌঁছাবো নির্বাচনী এলাকায় ভোটারের হাতে। নির্বাচনী প্রচারণায় নতুন চমক দেখবেন ভোটারেরা।’