খুলনার সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র

ভোটারের অপেক্ষায় অলস সময় কাটাচ্ছেন পোলিং কর্মকর্তারা

চারদিকে নীরবতা, কোনো হইচইও নেই। আজ দুপুরে খুলনা নগরের ২৪ নম্বর ওয়ার্ডের সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে
ছবি: সাজিদ হোসেন

কেন্দ্রের সামনে ফাঁকা, নেই কোনো প্রার্থীর পোস্টারও। না জানা থাকলে বোঝাই যাবে না এটি কোনো ভোটকেন্দ্র। কেন্দ্রের ভেতরে অবস্থাও একই ধরনের, কোনো ভোটার নেই। অলস সময় কাটাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কেউ কেন্দ্রে প্রবেশ করলে নড়েচড়ে বসছেন তাঁরা। ভোট গ্রহণ কর্মকর্তাদেরও (পোলিং অফিসার) একই অবস্থা। বসে থাকতে থাকতে যেন নিজেরাই বিরক্ত হচ্ছেন।

এমন চিত্র দেখা গেছে খুলনা নগরের ২৪ নম্বর ওয়ার্ডের শেরে বাংলা সড়কের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। চারদিকে নীরবতা, কোনো হইচইও নেই। সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের নম্বর ২০৫। পুরুষ ভোটারদের জন্য এই কেন্দ্র। ভোটকক্ষ রয়েছে চারটি। ওই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ২৬৮ জন। আর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নম্বর ২০৬। নারীদের ভোটদানের জন্য ওই কেন্দ্রটি করা হয়েছে। ভোটকক্ষ রয়েছে চারটি। মোট ভোটার ১ হাজার ২৪৮ জন।

বেলা সোয়া ১টার দিকে প্রাথমিক বিদ্যালয় (নারী) কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট পড়েছে ১৫০টি, যা ওই কেন্দ্রের মোট ভোটের ১২ শতাংশ। অন্যদিকে দেড়টা পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয় (পুরুষ) কেন্দ্রে ভোট পড়েছে ২৫৬টি, যা ওই কেন্দ্রের মোট ভোটারের ২০ শতাংশ।

ভোটারের উপস্থিত কম হওয়ার কারণ কী জানতে চাইলে ওই দুই কেন্দ্রের পোলিং কর্মকর্তারা জানান, সাধারণত বাড়ি বাড়ি থেকে ভোটার নিয়ে আসেন কাউন্সিলর প্রার্থীরা। কিন্তু ওই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নারী কাউন্সিলর প্রার্থীরা তিনটি ওয়ার্ড নিয়ে নির্বাচন করায় তাঁদের নির্দিষ্ট কোনো ওয়ার্ডের ওপর নিয়ন্ত্রণ থাকে না। এসব কারণে ভোটার কম। ভোট নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। বাইরে থেকে কোনো চাপও নেই।

সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও কোনো ভোটার উপস্থিতি দেখা যায়নি। আজ দুপুরে আজ দুপুরে খুলনা নগরের ২৪ নম্বর ওয়ার্ডের শেরে বাংলা সড়কে

নগরের সবচেয়ে বড় ওয়ার্ডগুলোর মধ্যে একটি ২৪ নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডের মোট ভোটার রয়েছেন ২৯ হাজার ৪৫৫ জন। এর মধ্যে নারী ভোটার ১৪ হাজার ৮৫৭ জন এবং পুরুষ ভোটার ১৪ হাজার ৫৯৮ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১৬টি। দুপুরের দিকে খোঁজ নিয়ে জানা গেছে, অন্যান্য কেন্দ্রেও ভোটার উপস্থিতি কম রয়েছে।

২৪ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে দুজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ছিলেন বর্তমান কাউন্সিলর মো. শমশের আলী এবং মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক জেড এ মাহমুদ। তবে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই করার সময় ঋণখেলাপির অভিযোগে শমশের আলীর মনোনয়নপত্র বাতিল করেন। আপিল করেও তিনি তাঁর প্রার্থিতা ফিরে পাননি। প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতেও যাননি শমশের আলী। এ কারণে ওই ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জেড এ মাহমুদ।

ভোট গ্রহণের আগের দিন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক প্রথম আলোকে বলেছিলেন, ভোটকেন্দ্রে ভোটারদের নিয়ে যাওয়াই তাঁদের প্রধান চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে কাউন্সিলর প্রার্থীরা বড় ভূমিকা রাখবেন। যেসব ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তাঁদের সাংগঠনিকভাবে নির্দেশনা দেওয়া আছে, যেকোনোভাবেই হোক ৬০ শতাংশ থেকে ৬৫ শতাংশ ভোটারের উপস্থিতি করাতে হবে।