সিলেটে বিএনপির গণসমাবেশের মঞ্চে নিহত পাঁচ নেতা-কর্মীর ছবি

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চ প্রস্তুত। শুক্রবার রাতে টানানো হয়েছে গণসমাবেশ মঞ্চের প্রধাণ ব্যানার। শুক্রবার সন্ধ্যায় সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে
ছবি: প্রথম আলো

সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশের মঞ্চ প্রস্তুত হয়েছে। মঞ্চে টানানো হয়েছে সমাবেশের ব্যানার। মঞ্চে টানানো ব্যানারে বিএনপির দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছাড়াও সম্প্রতি দেশে বিভিন্ন সমাবেশ ও বিক্ষোভে নিহত পাঁচ নেতা-কর্মীর ছবি দেওয়া হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ মঞ্চে ব্যানার টানানো হয়। এ সময় সমাবেশস্থল কর্মী-সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। আগামীকাল শনিবার দুপুরে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। মাঠের পূর্ব পাশে তৈরি হয়েছে মঞ্চ।

ব্যানার টানানোর সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, সম্প্রতি বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে দলীয় ও অঙ্গসংগঠনের পাঁচ নেতা-কর্মী শাহাদাত বরণ করেছেন। তাঁদের স্মরণ করতে সমাবেশের ব্যানারে তাঁদের ছবি দেওয়া হয়েছে।

সময়ের সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের ভিড় বাড়ছে সিলেটের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে। শুক্রবার সন্ধ্যার চিত্র

ব্যানারে লেখা হয়েছে, চাল-ডাল, জ্বালানি তেল, গ্যাস-বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, দুর্নীতি-দুঃশাসন, গুম-খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুলিতে নেতা-কর্মী হত্যার প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে এ গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করবেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এদিকে সমাবেশের আগের দিন শুক্রবার বিকেল থেকে সমাবেশস্থলে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কিছু সময় পরপর মিছিল ও স্লোগান নিয়ে আসতে শুরু করেছেন। সেখানে রাতে বিভিন্ন ক্যাম্পে অবস্থান করবেন নেতা-কর্মীরা।