প্রকৌশলীকে মাথা ন্যাড়া

‘ওই দিনের বিভীষিকাময় মুহূর্তের কথা মনে এলে গা শিউরে ওঠে’

মারধর
প্রতীকী ছবি

‘রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। মাথায় ব্যথা। নড়তে পারি না। সিটিস্ক্যান করা হয়েছে। কথা বলতে গেলে মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করি। উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রামে চলে যাব।’ বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে এসব কথা বলেন হামলার শিকার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) কোম্পানীগঞ্জ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম। কথা বলার সময় ক্ষোভ ঝরে পড়ে তাঁর কণ্ঠে।

সাইফুল ইসলাম বলেন, ‘নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে মার খেলাম। তার ওপর ওরা সেলুন থেকে নাপিত ডেকে এনে মাথা ন্যাড়া করে দিল। লজ্জায় কারও সামনেও যেতে পারি না। এক দুঃসহ যন্ত্রণা এবং ওই দিনের বিভীষিকাময় মুহূর্তের কথা মনে এলে গা শিউরে ওঠে।’

সাইফুলের গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়। তাঁর পরিবার থাকেন লাকসামে। সাইফুল বলেন, তিনি ২০১৩ সালে বিদ্যুৎ বিভাগে যোগদান করেন। ২০১৯ সালের ডিসেম্বর মাসে কোম্পানীগঞ্জ কার্যালয়ে কাজ শুরু করেন।  

এর আগে গত মঙ্গলবার বিকেলে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বৈদ্যনিগো বাড়ির দরজায় অনুমোদনহীন বিদ্যুৎ লাইন নির্মাণের কাজে ঠিকাদারের লোকজনকে বাধা দেন সাইফুল ইসলাম। এ সময় লাইন নির্মাণের সঙ্গে জড়িত স্থানীয় যুবলীগের মো. খোকন, স্বেচ্ছাসেবক লীগের শিপন, টিপুসহ কয়েকজন তাঁকে মারধর করেন।

একটু পর তাঁকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের একটি দোকানসংলগ্ন ঘরে আটকে দ্বিতীয় দফায় মারধর করা হয়। সেখানে সেতুমন্ত্রীর ছোট ভাই শাহদাত হোসেনও তাঁকে মারধর করেন। একপর্যায়ে তাঁরা তাঁর মাথার চুল কেটে ন্যাড়া করে আটকে রাখেন। পরে রাত আটটার দিকে ফেনী থেকে বিউবোর লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। কোম্পানীগঞ্জ বিউবোর কার্যক্রম নিয়ন্ত্রিত হয় সংস্থাটির ফেনী কার্যালয় থেকে।

সাইফুল ইসলাম দাবি করেন, ‘আমার ঘুষ দাবির বিষয়টি মিথ্যা। সেখানে টাকার কোনো কথাই ওঠেনি। ওরা বলেছে, ‘লাইন নির্মাণে বাধা দেওয়ায় তোর বিরুদ্ধে ঘুষের অভিযোগ তোলা হবে। এরপর এটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করা হবে।’ হাতে–পায়ে মার দেওয়ার পর একজন রড–জাতীয় কিছু একটা দিয়ে আমার মাথায় আঘাত করেন। এতে আমি অচেতন হয়ে পড়ি। এর কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে আমার মাথা ন্যাড়া করা হয়। এখন আমার কথা বলতে গেলে সমস্যা হয়।’

সাইফুল ইসলাম আরও বলেন, তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি দেখবে বলে জানিয়েছে। এর বাইরে আর কোনো অগ্রগতি দেখছেন না। এ ঘটনার পর তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।