সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার সকালে বায়ুদূষণে বিশ্বের নগরীগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে রাজধানী ঢাকা।
সকাল সোয়া ৯টার দিকে বিশ্বের ১২৬টি নগরীর মধ্যে ঢাকার বায়ুর মান ছিল ১৯১। বায়ুর এই মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। এ ছাড়া একই সময় আজ ঢাকার তিন স্থানে বায়ুর মান ২০০ ছাড়িয়ে যায়।
এই সময়ে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর, স্কোর ১৯৫। আর তৃতীয় অবস্থানে ছিল ভারতের নয়াদিল্লি।
বায়ুদূষণের মাত্রা ২০০-এর বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য হয়।
বায়ুদূষণের এই পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে। আজ ঢাকার বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে বেশ কিছু পরামর্শও দিয়েছে আইকিউএয়ার।
গতকাল পর্যন্ত পাঁচ দিন ধরে টানা বায়ুদূষণে শীর্ষে ছিল ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, এই অসহনীয় বায়ুদূষণে নানা শারীরিক সমস্যায় পড়ছেন নগরবাসী। আগের চেয়ে এসব সমস্যা এখন বেশি অনুভূত হচ্ছে।
ঢাকার একাধিক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সেগুলোয় শ্বাসকষ্টজনিত নানা রোগে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বাড়ছে।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে গৎবাঁধা কিছু কথা আর লোকদেখানো উদ্যোগ ছাড়া এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিছুই করা হয়নি বলে মত পর্যবেক্ষক-বিশেষজ্ঞদের।
তিন সপ্তাহ ধরে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে প্রথম দিকে থাকছে ঢাকা। আজও এর ব্যতিক্রম হয়নি। আজ ছুটির দিনে সাধারণত কলকারখানা বন্ধ থাকে, যানবাহন চলে কম। তারপরও ঢাকার বায়ুদূষণ কমছে না; বরং তা দিন দিন বাড়ছে। গত ডিসেম্বর পুরোটাই, আর জানুয়ারির প্রায় প্রতিদিন বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর নগরীগুলোর মধ্যে থাকছে ঢাকা।
দেশের সর্বত্রই বায়ুদূষণ বাড়ছে; বরং কিছু ক্ষেত্রে আজকাল ঢাকার বাইরের অন্যান্য এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকছে।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে, তা মূলত ঢাকাকেন্দ্রিক। তবে এসব কার্যক্রমের তেমন কোনো ফল নেই।
বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের স্থানীয় উৎসগুলো নিয়ন্ত্রণ হচ্ছে না। এসব উৎস নিয়ন্ত্রণে আদৌ সেভাবে কোনো চেষ্টা হয়নি।
ঢাকার বায়ুদূষণের উৎসগুলোর মধ্যে আছে যানবাহন ও কলকারখানার দূষিত ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালু, বিভিন্ন দ্রব্য পোড়ানোর কারণে সৃষ্টি ধোঁয়া, ইটভাটা।
আজ সকাল সোয়া ৯টায় ঢাকার তিন স্থানের বায়ুর মান খুব খারাপ ছিল। স্থানগুলো হলো নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড (২৫৭), ধানমন্ডি (২০৮) ও মিরপুরের ইস্টার্ন হাউজিং (২০৭)।
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।