
সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গ্রেপ্তার ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।
এ ছাড়া চট্টগ্রামে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুব আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার এমআরএর সভাপতি যাকারিয়া ইবনে ইউসুফ ও সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
এমআরএর নেতারা মনে করেন, সাংবাদিকদের ওপর এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত মামলা সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। তাই দ্রুত সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি ও সাংবাদিকদের ওপর দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা।