শর্ষেখেতে মাথার ওপর কনটেন্ট ক্রিয়েটরের ড্রোন দেখে ভয়ে দৌড়াতে শুরু করে শিয়ালটি
শর্ষেখেতে মাথার ওপর কনটেন্ট ক্রিয়েটরের ড্রোন দেখে ভয়ে দৌড়াতে শুরু করে শিয়ালটি

প্রাণিকে উত্ত্যক্ত করে কনটেন্ট, আসছে জেল–জরিমানার বিধান

রোদ–ঝলমলে দিন। বিস্তীর্ণ শর্ষখেতের মধ্যে বিশ্রাম নিচ্ছে একটি শিয়াল। হঠাৎ তার মাথার কয়েক ফুট ওপর দিয়ে উড়তে শুরু করল দুটি ড্রোন। ভয়ে দৌড়াতে শুরু করল শিয়ালটি। মানুষের কনটেন্ট তৈরির লোভে তার বিশ্রামের মুহূর্ত পরিণত হলো আতঙ্কে।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে ঘাসের ওপর ঘুমাচ্ছে একটি কুকুর। এক তরুণ এসে কুকুরটির লেজে ক্লিপ দিয়ে কয়েকটি বেলুন বেঁধে দেন। পরে দূর থেকে ঢিল ছুড়ে বেলুনগুলো ফাটানো হয়। বিকট শব্দে ঘুম ভেঙে যায় কুকুরটির। আতঙ্কে লাফিয়ে দিগ্‌বিদিক ছুটতে থাকে প্রাণীটি।

এভাবে প্রাণীকে উত্ত্যক্ত করে ভিডিও তৈরি করছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে দিয়ে বাড়াচ্ছেন ভিউয়ের আশায়। তবে এবার এ ধরনের কনটেন্ট তৈরি ও প্রচার করলে হতে পারে কারাদণ্ড ও জরিমানা।

প্রথম ভিডিওটি চলতি বছরের মে মাসে ‘বাংলার ড্রোন’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ‘শেয়ালের সঙ্গে ড্রোনের মজার লড়াই’ ক্যাপশনের ভিডিওটি দেখা হয়েছে ৭ লাখ ৮১ হাজার বার। ওই পেজে শিয়াল ও শিয়ালের পরিবারকে উত্ত্যক্ত করে তৈরি করা শতাধিক ভিডিও আছে।

অন্যদিকে ঘুমন্ত কুকুরকে উত্ত্যক্ত করার ভিডিওটি প্রকাশ করেন একজন ফেসবুক ব্যবহারকারী। তাঁর ফেসবুক প্রোফাইলজুড়ে আছে কুকুরকে বিরক্ত করার নানা ভিডিও। আলোচিত ভিডিওটির ভিউ প্রায় পাঁচ লাখ। ফেসবুকে এ ধরনের পেজ ও প্রোফাইল রয়েছে শতাধিক।

প্রাণীকে উত্ত্যক্ত করে কনটেন্ট তৈরি ও প্রচারের পাশাপাশি এ কাজে সহযোগিতা করলেও শাস্তির আওতায় আনার প্রস্তাব করা হয়েছে প্রাণিকল্যাণ আইনের সংশোধিত খসড়ায়। ঘুমন্ত, বিশ্রামরত বা শারীরিক সংসর্গরত প্রাণীকে বিরক্ত করে ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

প্রাণীকে উত্ত্যক্ত করে কনটেন্ট তৈরি ও প্রচারের পাশাপাশি এ কাজে সহযোগিতা করলেও শাস্তির আওতায় আনার প্রস্তাব করা হয়েছে প্রাণিকল্যাণ আইনের সংশোধিত খসড়ায়। ঘুমন্ত, বিশ্রামরত বা শারীরিক সংসর্গরত প্রাণীকে বিরক্ত করে ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। ২০১৯ সালের প্রাণিকল্যাণ আইনের সংশোধিত খসড়ায় শাস্তির এ ধারা যুক্ত করা হয়েছে। প্রস্তাবিত বিধান অনুযায়ী, এটি হবে আমলযোগ্য অপরাধ।

ড্রোন দেখে ভয়ে জড়োসড়ো হয়ে আছে দুটি শিয়াল

প্রাণীকে আতঙ্কিত করলেও অপরাধ

২০১৯ সালের প্রাণিকল্যাণ আইনের ৬ ধারায় উপধারা ছিল ১৪টি। প্রস্তাবিত সংশোধিত খসড়ায় (ণ) উপধারাটি যুক্ত করা হয়েছে। এই উপধারায় প্রাণীকে উত্ত্যক্ত করে কনটেন্ট তৈরি ও প্রচারের বিষয়টি অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুধু বিরক্ত করাই নয়, প্রাণীর সামনে কোনো প্রতিবিম্ব বসিয়ে কিংবা শরীরে কোনো বস্তু সেঁটে দিয়ে আতঙ্কিত করে ভিডিও তৈরি ও প্রচার করলেও একই শাস্তির বিধান রাখা হয়েছে। এ ধরনের কনটেন্ট তৈরিতে সহযোগিতা করলেও অপরাধ হিসেবে গণ্য হবে।

নানা ধরনের নিষ্ঠুরতা থেকে প্রাণীকে সুরক্ষা দেওয়া এবং সরকারের অভিপ্রায়ের আলোকে আইনটিকে বর্তমান সময়ের উপযোগী করতেই সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
-মো. শাহজামান খান, ভারপ্রাপ্ত মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শাহজামান খান প্রথম আলোকে বলেন, আইনের সংশোধিত খসড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অংশীজনদের মতামতের জন্য এটি বর্তমানে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। মতামত পাওয়ার পর প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন শেষে খসড়াটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে।

শাহজামান খান বলেন, নানা ধরনের নিষ্ঠুরতা থেকে প্রাণীকে সুরক্ষা দেওয়া এবং সরকারের অভিপ্রায়ের আলোকে আইনটিকে বর্তমান সময়ের উপযোগী করতেই সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাত ধরনের অপরাধ হবে আমলযোগ্য ও অজামিনযোগ্য

২০১৯ সালের প্রাণিকল্যাণ আইনে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অপরাধগুলো ছিল অ-আমলযোগ্য ও জামিনযোগ্য। সংশোধিত খসড়ায় সাতটি উপধারার অপরাধকে আমলযোগ্য ও অজামিনযোগ্য করার প্রস্তাব করা হয়েছে।

শুধু বিরক্ত করাই নয়, প্রাণীর সামনে কোনো প্রতিবিম্ব বসিয়ে কিংবা শরীরে কোনো বস্তু সেঁটে দিয়ে আতঙ্কিত করে ভিডিও তৈরি ও প্রচার করলেও একই শাস্তির বিধান রাখা হয়েছে। এ ধরনের কনটেন্ট তৈরিতে সহযোগিতা করলেও অপরাধ হিসেবে গণ্য হবে।

খসড়া আইনের ৬ ধারার (চ) উপধারায় বলা হয়েছে, কোনো প্রাণীকে অসুস্থ অবস্থায় বা মেরে ফেলার উদ্দেশ্যে লোকালয়ে ছেড়ে দিলে তা আমলযোগ্য ও অজামিনযোগ্য অপরাধ হবে। একইভাবে প্রাণীকে টোপ হিসেবে ব্যবহার, লড়াইয়ে নিয়োজিত করা কিংবা লড়াইয়ে প্ররোচিত করাও (ছ) উপধারায় অপরাধ হিসেবে গণ্য হবে।

একই ধারার (ঞ) উপধারায় বলা হয়েছে, গুলি বা তির ছোড়ার প্রতিযোগিতায় প্রাণীকে লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করা কিংবা বিদ্ধ করার জন্য প্রাণীকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে। ক্ষুধা, তৃষ্ণা বা অন্য কোনো নিষ্ঠুরতার কারণে ব্যথায় ভুগতে থাকা প্রাণীকে চিকিৎসা না করিয়ে বিক্রি করলেও অপরাধীকে এই শাস্তির আওতায় আনার প্রস্তাব করা হয়েছে ৬ ধারার (ট) উপধারায়।

কনটেন্ট তৈরির জন্য শিয়ালের পিছু নিয়েছে ড্রোন

এ ছাড়া প্রস্তাবিত আইনের খসড়ায় ধারা ৭–এর (২) উপধারায় মালিকবিহীন প্রাণী হত্যা, ধারা ১০–এর ১ উপধারায় প্রাণীর শরীর থেকে সংবেদনশীল টিস্যু অপসারণ, অঙ্গ কেটে ফেলা কিংবা শারীরিক কাঠামোয় পরিবর্তন আনার অপরাধও আমলযোগ্য ও অজামিনযোগ্য করার প্রস্তাব রয়েছে। এসব কাজের চেষ্টা করা বা সহযোগিতা করলেও অপরাধ হিসেবে বিবেচিত হবে।

প্রাণিকল্যাণ আইন, ২০১৯ দেশের প্রাণীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। বর্তমান সরকার আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েছে। কিছু অপরাধকে আমলযোগ্য ও অজামিনযোগ্য করা এবং শাস্তির পরিমাণ বাড়ানোর প্রস্তাব আশাব্যঞ্জক।
-রাকিবুল হক এমিল, প্রাণী অধিকারকর্মী

প্রাণীর জন্য ক্ষতিকর জেনেও তাকে ওষুধ, খাবার বা বিষাক্ত খাবার খাওয়ানো কিংবা বিষ প্রয়োগের কারণে প্রাণীটির মৃত্যু, স্থায়ী অঙ্গহানি বা স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হলে তা ১১ ধারার ১ উপধারায় আমলযোগ্য ও অজামিনযোগ্য অপরাধ হবে।

তবে যৌক্তিক প্রয়োজনে ভেটেরিনারি সার্জনের লিখিত পরামর্শ ও নির্দেশিত পদ্ধতি অনুসরণ করে প্রাণীকে অজ্ঞান করা বা ব্যথাহীন মৃত্যু ঘটানোর ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হবে না।

হাতিকে উত্ত্যক্ত করে বের করে আনতে একদম বনের কাছে চলে গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও উৎসুক জনতা। শেরপুরে

বেড়েছে জরিমানা ও কারাদণ্ড

প্রাণিকল্যাণ আইন, ২০১৯-এ কয়েকটি অপরাধের জন্য ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান ছিল। এর মধ্যে রয়েছে প্রাণীকে প্রয়োজনীয় খাবার না দেওয়া বা জোর করে অতিরিক্ত খাবার খাওয়ানো, মালিকবিহীন প্রাণী নিধন এবং শারীরিকভাবে অনুপযুক্ত ঘোষিত প্রাণীকে ভার বহনে ব্যবহার করা।

সংশোধিত খসড়ায় এসব অপরাধের ক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ ছয় মাস অপরিবর্তিত রাখা হলেও জরিমানা বাড়িয়ে দুই লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

প্রাণীর ক্ষতির উদ্দেশ্যে শরীর থেকে সংবেদনশীল টিস্যু অপসারণ, অঙ্গ কেটে ফেলা কিংবা শারীরিক কাঠামোয় পরিবর্তন আনার অপরাধে আগের আইনে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান ছিল। নতুন খসড়ায় কারাদণ্ডের মেয়াদ বাড়িয়ে তিন বছর এবং জরিমানা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বিষাক্ত খাবার বা ওষুধ প্রয়োগের কারণে প্রাণীর মৃত্যু বা অঙ্গহানি ঘটলেও শাস্তি বাড়ানোর প্রস্তাব রয়েছে। আগের আইনে এ অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানার বিধান ছিল। সংশোধিত খসড়ায় তা বাড়িয়ে তিন বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের প্রস্তাব করা হয়েছে।

প্রাণীকে টোপ হিসেবে ব্যবহার, গুলি বা তির ছুড়ে বিদ্ধ করা এবং ক্ষুধা, তৃষ্ণা বা নিষ্ঠুরতার কারণে অসুস্থ প্রাণীকে চিকিৎসা না করিয়ে বিক্রি করার অপরাধেও শাস্তি বাড়ানোর প্রস্তাব রয়েছে। এসব অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে।

শেরপুরে লোকালয়ে হাতির পেছন পেছন ছুটছেন কনটেন্ট ক্রিয়েটর ও উৎসুক জনতা

পথপ্রাণী হত্যা ও অপসারণ নিয়ে উদ্বেগ

প্রাণিকল্যাণ আইনের সংশোধনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রাণী অধিকারকর্মীরা। তবে খসড়ার কয়েকটি বিধানের অপব্যবহারের আশঙ্কাও রয়েছে তাঁদের।

পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাকিবুল হক এমিল প্রথম আলোকে বলেন, প্রাণিকল্যাণ আইন, ২০১৯ দেশের প্রাণীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। বর্তমান সরকার আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েছে। কিছু অপরাধকে আমলযোগ্য ও অজামিনযোগ্য করা এবং শাস্তির পরিমাণ বাড়ানোর প্রস্তাব আশাব্যঞ্জক।

তবে প্রস্তাবিত আইনের ৭ ধারার ১ উপধারায় প্রাণী হত্যা ও অপসারণের সুযোগ রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই বিধানের অপব্যবহারের আশঙ্কা রয়েছে।

রাকিবুল হক বলেন, বিশেষ করে পথকুকুরের ক্ষেত্রে হত্যা ও অপসারণের ঘটনা বেশি ঘটে। আইনটি চূড়ান্ত করার আগে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।