‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিং। এক্স থেকে
‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিং। এক্স থেকে

১০ কোটি টাকার হুমকি রণবীরকে, রোহিতের বাড়িতে গুলি—টার্গেটে কি বলিউড

মুম্বাই চলচ্চিত্রপাড়ায় আবার অস্বস্তির হাওয়া। আন্ডারওয়ার্ল্ড-যোগের আশঙ্কায় বলিউডজুড়ে বাড়ছে নিরাপত্তার উদ্বেগ। ‘ধুরন্ধর’ ছবির তারকা রণবীর সিংকে হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়ার অভিযোগ, তার আগেই রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনা—একটির পর একটি ঘটনায় শঙ্কিত তারকারা, তৎপর মুম্বাই পুলিশ।

রণবীরকে ১০ কোটি রুপি চেয়ে হুমকি
গতকাল মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠিয়ে রণবীর সিংয়ের কাছে ১০ কোটি রুপি দাবি করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। ভয়েস নোটে সরাসরি হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
হুমকির পরপরই রণবীর ও তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোনের মুম্বাইয়ের আবাসনে নিরাপত্তা জোরদার করা হয়। আবাসনের বাইরে ছয়জন সশস্ত্র পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। গোটা ভবন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

পিটিআই সূত্রে জানা গেছে, মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এ ঘটনায় মামলা নথিভুক্ত করেছে। ভয়েস নোটের উৎস শনাক্ত করতে ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ চলছে। ব্যবহৃত নম্বর, আইপি ট্র্যাকিং, ভার্চ্যুয়াল নম্বর বা বিদেশি সার্ভারের আশঙ্কাও খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, এই হুমকির পেছনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ থাকতে পারে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সংগঠনের নাম ঘোষণা করা হয়নি।

রোহিত শেঠির বাড়িতে গুলি
এর আগে গত ৩১ জানুয়ারি দিবাগত রাত প্রায় ১২টা ৪৫ মিনিটে মুম্বাইয়ের জুহু এলাকায় রোহিত শেঠির বাসভবনের বাইরে গুলি চালানো হয়। পুলিশের দাবি, অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। একটি গুলি ভবনের জিমের কাচে গিয়ে লাগে। সৌভাগ্যবশত কেউ হতাহত হননি।
পরে ‘লরেন্স গ্যাং’ নামে পরিচিত একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে। শুভম লোঙ্কর আরজু বিষ্ণোই নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, ‘এটি শুধু ট্রেলার। যদি শুধরে না যান, তবে পরের গুলি ঘরের ভেতরে, শোবার ঘরে, তাঁর বুকে লাগবে।’
এই পোস্টের পর তদন্তে নামে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। পুলিশের দাবি, হামলার আগে কয়েক সপ্তাহ ধরে ওই এলাকায় সন্দেহজনক গতিবিধি ছিল।


বলিউড তারকাদের বাড়িতে ‘রেকি’
তদন্তে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। রোহিত শেঠির বাড়িতে গুলি চালানোর আগেই বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা একাধিক বলিউড তারকার বাড়িতে ‘রেকি’ করেছিল বলে সন্দেহ করছে পুলিশ।
কয়েকজন সন্দেহভাজনের মুঠোফোনের লোকেশন বিভিন্ন তারকার আবাসনের আশপাশে পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে ক্রাইম ব্রাঞ্চ সম্ভাব্য টার্গেট তালিকা যাচাই করছে। সূত্র বলছে, নজরদারির দায়িত্ব গ্যাংয়ের বিভিন্ন সদস্যের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল।

সালমান খানও নিশানায়
সালমান খান দীর্ঘদিন ধরেই বিষ্ণোই গ্যাংয়ের হুমকির মুখে রয়েছেন। অতীতে একাধিকবার তাঁকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে তাঁর এক ঘনিষ্ঠ আত্মীয়ের কাছেও কোটি কোটি টাকা চেয়ে হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি।
পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘কোনো হুমকিকেই আমরা হালকাভাবে নিচ্ছি না। সব তথ্য যাচাই করে দেখা হচ্ছে।’

‘ডন ৩’ বিতর্কের পর নতুন সংকট
এদিকে ‘ডন ৩’ ছবিকে ঘিরে নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও তাঁর প্রযোজনা সংস্থার সঙ্গে রণবীরের মতবিরোধের খবর সামনে আসে। ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের পর রণবীর ওই প্রকল্প থেকে সরে দাঁড়ান বলে জানা যায়। এরপর প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে তাঁর টানাপোড়েন তৈরি হয়। এমনকি ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে বলেও বলিউডে গুঞ্জন রয়েছে।
তবে এ বিরোধ ও সাম্প্রতিক হুমকির মধ্যে সরাসরি কোনো যোগসূত্র আছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত নন তদন্তকারীরা।

‘ধুরন্ধর ২’-এর প্রস্তুতিতে রণবীর
সব বিতর্কের মধ্যেও রণবীর এখন ব্যস্ত তাঁর বহুল প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর ২’-এর প্রস্তুতিতে। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ শিরোনামের এই অ্যাকশন থ্রিলারে তিনি আবারও ‘হামজা আলী মাজারি’ চরিত্রে ফিরছেন। ছবিতে আরও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল ও সারা অর্জুন। আদিত্য ধর পরিচালিত ছবিটি আগামী ১৯ মার্চ ঈদ উপলক্ষে মুক্তির কথা রয়েছে।

বলিউডে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
একদিকে চাঁদাবাজির অভিযোগ, অন্যদিকে গুলিবর্ষণ ও সরাসরি প্রাণনাশের হুমকি—সব মিলিয়ে বলিউডে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অতীতে আন্ডারওয়ার্ল্ডের প্রভাবের ইতিহাস থাকা এই শিল্পে আবারও কি সেই ছায়া ঘন হচ্ছে?
বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে কি সত্যিই বলিউডের শীর্ষ তারকারা? এর উত্তর খুঁজতেই এখন সর্বোচ্চ সতর্কতায় তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশ।