হিন্দি সিনেমায় বছরের পর বছর ধরে যে ধরনের প্রেম দেখানো হয়েছে, তা নিয়ে এবার খোলাখুলি প্রশ্ন তুললেন অভিনেত্রী জিনাত আমান। তাঁর মতে, বলিউড বহুদিন ধরে প্রেমের নামে মোহ, জবরদস্তি ও অনুসরণকে এমন রোমান্টিক করে দেখিয়েছে, যা সমাজে প্রেম সম্পর্কে একধরনের ভ্রান্ত ধারণা তৈরি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পুরোনো সিনেমার কিছু দৃশ্য শেয়ার করে জিনাত আমান স্বীকার করেছেন, তিনিও সেই সময়ের সিনেমার অংশ ছিলেন এবং অজান্তেই এই ভুল বার্তা ছড়াতে ভূমিকা রেখেছেন। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কখনোই এসব চরিত্রের আচরণ সমর্থন করেন না।
স্মৃতিচারণায় জিনাত আমান
জিনাত তাঁর অভিনীত একটি পুরোনো ছবির দৃশ্য শেয়ার করে লেখেন, কিছুদিন আগে দর্শক তাঁকে এক ছবিতে উত্ত্যক্ত ও অপমানের শিকার হতে দেখেছেন, আর এবার আরেক ছবিতে তাঁকেই পুরুষ চরিত্রকে উত্ত্যক্ত করতে দেখা যাচ্ছে। তিনি বলেন, এক ক্ষেত্রে নারী ভুক্তভোগী, অন্য ক্ষেত্রে নারী আক্রমণকারী—এ ভূমিকা বদলই হয়তো দৃশ্যটিকে কারও কাছে মজার বা সহনীয় করে তোলে। কিন্তু বাস্তবে এ দুই আচরণই তাঁর কাছে সমানভাবে অগ্রহণযোগ্য।
জিনাতের ভাষায়, ‘নারী বা পুরুষ যেই হোক না কেন, কারও প্রতি জবরদস্তি বা অসম্মানজনক আচরণ কখনোই প্রেমের প্রকাশ হতে পারে না।’
আরও সমালোচনা
জিনাত আমান বলেন, ঠাট্টা-মশকরা বা হালকা দুষ্টুমি সম্পর্কের শুরুতে স্বাভাবিক হতে পারে। কিন্তু হিন্দি সিনেমায় বহু সময় এই বিষয়গুলো এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তা মোহ, একতরফা আসক্তি ও অনুসরণে পরিণত হয়েছে। তাঁর মতে, এতে সুস্থ ও পারস্পরিক সম্মানভিত্তিক সম্পর্কের বদলে বিকৃত রোমান্সের ধারণা তৈরি হয়েছে।
জিনাত অকপটে স্বীকার করেন, এ ধরনের সিনেমার মাধ্যমে বলিউড ভারতীয় সমাজে প্রেম সম্পর্কে এক হাস্যকর ও বাস্তবতা-বিচ্ছিন্ন ধারণা ছড়িয়ে দিয়েছে। সেই দায় থেকে নিজেকেও পুরোপুরি আলাদা করতে চান না তিনি।
সম্মতি ও সম্মানের ওপর জোর
জিনাত আমান স্পষ্ট করে বলেন, সম্পর্কের ক্ষেত্রে সম্মতি কোনোভাবেই আলোচনার বিষয় নয়, এটি অপরিহার্য। একই সঙ্গে সম্পর্কের ভেতরে সম্মান দুই দিক থেকেই আসতে হবে। তাঁর কথায়, এসব বিষয় তিনি জীবনের অভিজ্ঞতা থেকে কঠিনভাবে শিখেছেন।
এ বক্তব্যের মাধ্যমে জিনাত আমান মূলত বর্তমান প্রজন্মকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছেন—প্রেম মানে একতরফা টান নয়; প্রেম মানে পারস্পরিক বোঝাপড়া, সম্মান ও স্বাধীনতা।
দর্শকদের সমর্থন
জিনাত আমানের এ বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমর্থন দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন, পুরোনো বলিউড সিনেমার রোমান্স আজকের চোখে অনেক সময় আপত্তিকর ও চরম মনে হয়। আবার কেউ কেউ তাঁর আত্মসমালোচনামূলক ও সৎ দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন।
নতুন কাজ ও ফিরে আসা
বয়স সত্তরের ঘরে পেরিয়েও জিনাত আমান আবার অভিনয়ে ফিরেছেন। সাম্প্রতিক সময়ে একটি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। শিগগিরই বড় পর্দায়ও তাঁকে দেখা যাবে নতুন একটি ছবিতে, যেখানে তাঁর সঙ্গে থাকবেন আরও কয়েকজন খ্যাতনামা অভিনেতা।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে