স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নাম লিখিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে তেলেগু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মনসানমহা’। সবচেয়ে বেশিসংখ্যক পুরস্কার জিতে এ কৃতিত্ব অর্জন করেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। গিনেসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘মনসানামহা’ এখন পর্যন্ত সারা বিশ্বে সর্বোচ্চ ৫১৩টি পুরস্কার জিতেছে। শিল্পা গাজ্জালার প্রযোজনায় দীপক রেড্ডির পরিচালনায় নির্মিত হয় ১৬ মিনিটের এই রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘মনসানমহা’।

চলচ্চিত্রটির প্রধান চরিত্র যুবকটি তিন ভিন্ন নারীর সঙ্গে তার সম্পর্কের কথা বর্ণনা করে। তার জীবনের মেয়েরা তিনটি ভিন্ন ঋতু বর্ষা, শীত, বসন্তের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এতে বিরাজ অশ্বিন, দৃষ্টি চন্দ্র, ভালি রাঘবেন্দ্র, পৃথ্বী শর্মা, সত্য ভার্মা, দীপক বর্মাসহ আরও অনেকে অভিনয় করেছেন। তেলেগু ভাষার চলচ্চিত্রটি তামিল, মালয়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায়ও ডাবিং করা হয়।

মাত্র পাঁচ দিনে চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন করা হয়। আর এর বাজেট ছিল মাত্র সাড়ে চার লাখ টাকা। পরিচালক দীপক টুইটারে গিনেস সার্টিফিকেটসহ একটি ছবি শেয়ার করেছেন। সেখানে পুষ্পা পরিচালক সুকুমার, আদিভি সেশসহ অনেক তারকা এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং এর কলাকুশলীদের প্রশংসা করেছেন।

২০২০ সালের মার্চ মাসে বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারতে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এই বিধিনিষেধের মধ্যেই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল ‘মনসানমহা’। মুক্তির পর ভক্ত এবং চলচ্চিত্র দর্শকদের কাছ থেকে প্রচুর প্রশংসা পেয়েছে। এরপর বন্ধুর পরামর্শে পরিচালক দীপক প্রথমে কয়েকটি ফিল্ম ফেস্টিভ্যালের জন্য আবেদন করেন। এই ফেস্টিভ্যালগুলোয় ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার পর আরও অন্যান্য ফিল্ম ফেস্টিভ্যালে আবেদন করে এবং বিপুলসংখ্যক পুরস্কার জেতে।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক এ চলচ্চিত্র নিয়ে তাঁর পরিকল্পনার কথা বলেন। তিনি বলেন, এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মনসানমহা’কে ফিচার ফিল্মে পরিণত করার পরিকল্পনা করছেন। তবে এটি আরও বড় পরিসরে তৈরি করা হবে বলে জানান তিনি।
তেলেগু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসব, বেঙ্গালুরু আন্তর্জাতিক শর্টফিল্ম ফেস্টিভ্যাল, সান ফ্রান্সিসকো ফ্রোজেন ফিল্ম ফেস্টিভ্যালসহ অনেক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ২০২০ সালে মুক্তি পাওয়া এ চলচ্চিত্র এখন পর্যন্ত ৫১৩টি পুরস্কার জিতেছে।