রসক্লেইমার

ভদ্র ছেলেরা কখনো হাফপ্যান্ট পরে বাইরে যায়?

কিম জং–উন আর আমার আব্বার স্বভাব প্রায় একই রকম। একবার শুনলাম, অন্য দুই দেশের যুদ্ধের মধ্যে মাথা গরম করে কিম সাহেব আরেক দিকে অকারণে কয়েকটা মিসাইল মেরে বসে আছে। আমার আব্বাও এ রকমই ‘পাগলা’। একবারের এক ঘটনা। বাসায় মেহমান। মামা-চাচারা রাজনীতি নিয়ে মোটামুটি যুদ্ধ করছে। চিল্লাচিল্লি, হইচই। আব্বা দেখি মেজাজ খারাপ করে নিরপেক্ষ একটা ভাব ধরে বসে আছেন।

চিল্লাচিল্লিতে অস্থির হয়ে ভাবলাম, ‘ধুর, যাইগা।’

রেডি হয়ে বের হতে গিয়ে আব্বার সামনে পড়লাম।  আব্বা ‘ওই, ভদ্র ছেলেরা কখনো হাফপ্যান্ট পরে বাইরে যায়’—এই বলেই ঠাস করে একটা চড় বসিয়ে দিলেন!

এমন না যে তিনি আমাকে এই প্রথম হাফপ্যান্ট পরতে দেখেছেন। বুঝলাম, রাজনীতির তর্কে সুবিধা করতে পারেননি বলেই তাঁর পুঞ্জীভূত রাগটা হাফপ্যান্টের উসিলায় আমার ওপর ঢেলে দিলেন।

আব্বার কথা বললাম, আম্মার কথাও বলি। সে হাফপ্যান্টকে দেখে রীতিমতো সন্দেহের চোখে। আগে আমি কাজ করতাম একটা ক্রিয়েটিভ এজেন্সিতে। প্রথাগত ড্রেসকোড ছিল না সেখানে। তো একবার এক ভদ্রমহিলা আম্মার কাছে জানতে চাইল, ‘আপনার বড় ছেলে কী করে?’

আম্মা তাকে আক্ষেপ করে বলেছে, ‘বলে তো চাকরি করে একটা। কিন্তু আমার বিশ্বাস হয় না। এমনিতে সকালে দেখি হাফপ্যান্ট পরে ব্যাগ নিয়ে বের হয়, রাতে বাসায় ফেরে। কই যে যায়, জানি না ভাবি…’

একজন মানুষ যখন সব দিক দিয়ে মোটামুটি ওকে, যখন তাকে কোনো দিক দিয়েই ধরা যায় না, তখনই একমাত্র তার পোশাক নিয়ে ‘অ্যাটাক’ করা হয়। ব্যাপারটাকে রীতিমতো একটা ঐতিহ্যের কাছাকাছি পর্যায়ে আমরা নিয়ে গেছি।

সম্প্রতি মেট্রোরেলে একজন অ্যাথলেটকে হাফপ্যান্ট পরার জন্য হেনস্তা করেছে পুলিশ। আশ্চর্যের ব্যাপার, সেই পুলিশের দলে নারী সদস্যও ছিলেন! পোশাকের জন্য এই দেশে প্রকাশ্যেই নারীদের কত রকম বাজে অবস্থার মধ্য দিয়ে যেতে হয়, তা কে না জানে। শুধু পোশাকের কথাই–বা বলছি কেন, এই দেশে হেনস্তা করার উপায় আছে এক হাজার একটা। এই তো সেদিন জাস্ট বিয়ে না করার জন্য তিন নারীকে নেপালে যেতে দেয়নি পুলিশ।  ইমিগ্রেশনে আটকে দিয়েছে। ব্যাপারটা এতটাই দৃষ্টিকটু ও গুরুতর যে সেই তিন নারীকে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে। 

একদিক থেকে মন্দও লাগছে না। আমরা বাঙালিরা সব সময়ই নিজেদের একটু আলাদা ভাবতে পছন্দ করি। সারা বিশ্ব সামনে এগিয়ে যাচ্ছে যাক, আমরা পেছনে যাব। যেতে যেতে ফিরে যাব সেই আদিম যুগে। পোশাকের ঝামেলাই থাকবে না। ছালবাকল পরে থাকব। এমনিতেই যা গরম, এ ছাড়া ভালো উপায় আর আছেটাই–বা কী!

—বি.স.