রসালাপ

টেসলা গাড়ি আমাকে দেখে মনে মনে হয়তো বলে, ‘পরের জন্মে মাল্টা হব!’ — মি. মাল্টা

মাল্টা দেখতে অত্যন্ত নিরীহ। হাতে নিলে মনে হয়—এ তো নিছক একটা ফল! কিন্তু আমদানির পর তার জীবন আর এত সরল থাকে না। ৮৭ টাকার আমদানি মূল্য পেরিয়ে শুল্ক, কর, বন্দর, পরিবহন, পাইকারি ও খুচরা—সব ধাপ অতিক্রম করে সেই মাল্টাই বাজারে ৪৮০–৫২০ টাকা! তার বর্তমান শুল্ক-করহার ১২১.৭৮%—যা টেসলা বা মার্সিডিজের চেয়েও বেশি! এত দিনে মাল্টা নিজেই বুঝে গেছে, ফল হিসেবে জন্মালেও এখন সে রীতিমতো শুল্কযুক্ত বিলাসপণ্য। এসব নিয়েই মাল্টার সাথে কথা বলেছেন মাহমুদুল হাসান।

কেমন আছেন? ফলজন্ম নিশ্চয়ই সার্থক বলে মনে হচ্ছে?

খুব ভালো আছি। তবে আমাকে শুধু ফল ভাবলে ভুল করবেন, আমি এখন কাগজপত্রসহ একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক প্যাকেজ!

তা তো বটেই! আপনার বর্তমান শুল্ক-করহার ১২১ দশমিক ৭৮ শতাংশ। এত বেশি কেন?

জানি না। তবে একটা কথা বুঝেছি—আমার শরীরে যত ভিটামিন সি, তার চেয়ে শুল্কের শতাংশই বেশি!

শুনেছি টেসলা আমদানিতে শুল্ক-কর ৮৯–৯২ শতাংশ, মার্সিডিজে ৯৬ দশমিক ১০ শতাংশ। আপনি তো তাদেরও পেছনে ফেলেছেন!

হ্যাঁ। টেসলা গাড়ি আমাকে দেখে মনে মনে হয়তো বলে, ‘পরের জন্মে মাল্টা হব!’ 

আপনি কি নিজেকে এখন বিলাসপণ্য মনে করেন?

অবশ্যই। আগে আমাকে ফলের দোকানে ঝুড়িতে রাখা হতো। এখন দাম শুনে ক্রেতা আমাকে এমনভাবে ধরে, যেন ভুল করে আদার ব্যাপারী হয়ে জাহাজ কিনতে এসেছে!

আপনার শুল্কের ইতিহাসও বেশ চমকপ্রদ। ২০০৬–০৭ অর্থবছরে ছিল ৫৯ দশমিক ২৫ শতাংশ। পরে বেড়ে ৮৯, ১০৬, এখন ১২১ দশমিক ৭৮ শতাংশ।

আমারও ক্যারিয়ার আছে ভাই। সবার বেতন বাড়ে, আমার শুল্ক বাড়ে!

কিন্তু আমদানিকারক তো আপনাকে ৮৭ টাকায় কিনছেন। তারপর এত খরচ?

এটাই তো আমার দুঃখ। আমি সীমান্ত পার হওয়ার সময় ছিলাম ৮৭ টাকার মাল্টা। বাজারে ঢোকার সময় দেখি, আমার সঙ্গে আরও কয়েকজন ঢুকে গেছে—শুল্ক, কর, বন্দর, পরিবহন, পাইকার, খুচরা!

তারা কি আপনার আত্মীয়?

আত্মীয় না হলেও আমার দামের অংশীদার! তাদের নিয়ে বাজে কথা বলবেন না।

সবশেষে আপনার দাম দাঁড়ায় ৪৮০–৫২০ টাকা। ক্রেতারা কী বলে?

কেউ বলে, ‘বাবা রে!’ কেউ বলে, ‘মাল্টা ফল টক! অনেকেই আবার আমাকে হাতে নিয়ে দাম শুনে ঝুড়িতে রেখে দেয়—ভিটামিন সি তখন চোখ দিয়ে বের হয়!

শেষ প্রশ্ন। এভাবে দাম বাড়তেই থাকলে আপনার ভবিষ্যৎ কী?

ভবিষ্যৎ খুব উজ্জ্বল।


কীভাবে?

একদিন ফলের দোকান থেকে আমাকে সরিয়ে জুয়েলারির শোকেসে রাখা হবে। শুধু বড়লোকেরাই আমাকে কিনতে আসবে। তারা আমাকে দেখেই বলবে, ‘মাল্টাকে গাড়িতে তোল!’

তত দিনে তো আপনার দাম আরও বাড়বে, তাই না?

অবশ্যই। তখন আর কেজি দরে দাম বলা যাবে না। ভরি দরে বলতে হবে— ‘ভাই, আজকের মাল্টার রেট কত?’