
দ্রুতগতির এই সোশ্যাল মিডিয়ার জগতে যেকোনো অদ্ভুত দাবিই সহজে আলোচনায় চলে আসতে পারে। গত কয়েক দিনে বিশ্বজুড়ে এমনই একটি ভাইরাল খবর ‘গুচি ব্র্যান্ড ৫০ হাজার টাকার বেবি ডায়াপার বাজারে আনতে যাচ্ছে।’ এই খবর ছড়িয়ে পড়ায় যেমন অনেকে অবিশ্বাস করছেন, অনেক মানুষ বিশ্বাসও করছেন। কেউ কেউ বিষয়টি নিয়ে মজা করছেন, কেউ আবার ক্ষোভ ঝাড়ছেন। বিশ্বাস–অবিশ্বাসের এই আলোচনার মধ্যেই প্রশ্ন উঠেছে—লাক্সারি ফ্যাশন ঠিক কত দূর পর্যন্ত যেতে পারে? আসলেই কি তারা ডায়াপার বাজারে আনতে যাচ্ছে?
ভাইরাল খবরে বলা হচ্ছে, ইতালিয়ান এই লাক্সারি ব্র্যান্ড তাদের হাই-ফ্যাশন পণ্যের তালিকায় নতুনভাবে যুক্ত করতে চলেছে শিশুদের ডায়াপার। প্রিমিয়াম কাশ্মীরি কাপড় ও বিলাসবহুল ব্যাগের জন্য বিশেষভাবে পরিচিত গুচি, এবার তারা বেবি কেয়ার পণ্য বিক্রির দিকে যাচ্ছে। তবে ডায়াপার বিক্রিতে যাওয়া নিয়ে বেশি অবাক হচ্ছেন নেটিজেনরা। কারণ, গুচির সেই ডায়াপারের এক প্যাকেটের দাম নাকি হবে ৪৯০ ডলার (বাংলাদেশি ৫০ হাজার টাকার বেশি)!
প্রত্যাশিতভাবে খবরটি ছড়িয়ে পড়ার পরই ইন্টারনেটে তার প্রতিক্রিয়া দেখা গেল। ডায়াপারের ছবিসহ অনেকগুলো মিম সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। এত দামি পণ্যের ব্যবহারযোগ্যতা ও যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অসংখ্য মানুষ। এতে ‘Gucci diapers’ শব্দ দুটি দ্রুত ট্রেন্ডিং হতে শুরু করে, যা আরও বহুগুণ বেড়ে যায় ইনফ্লুয়েন্সারদের বদৌলতে।
ছবি আর তথ্য দেখার পরও অনেকের মনে প্রশ্ন, গুচি কি সত্যিই শিশুদের জন্য এত দামি ডায়াপার বাজারে আনতে যাচ্ছে?
এই প্রশ্নের এককথায় উত্তর হচ্ছে, না। এখন পর্যন্ত এই পণ্য বাজারে আনার বিষয়ে গুচি কোথাও কোনো ঘোষণা দেয়নি। একাধিক ফ্যাক্ট চেকের মাধ্যমে জানা যাচ্ছে, এই দাবির কোনো ভিত্তিই নেই।
গুজবটি ছড়িয়েছিল সম্ভবত একটি মজা করে দেওয়া সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। একজন কনটেন্ট ক্রিয়েটর তাঁর পেজে এনগেজমেন্ট বাড়াতে গুচি ডায়াপারের একটি এআই ছবিসহ পোস্ট তৈরি করেন। পোস্টটি দ্রুত সময়ে বারবার শেয়ার হতে হতে এমন পর্যায়ে পৌঁছায় যে শুরুতে হাস্যকর হিসেবে শেয়ার পেলেও সেটা বাড়তে থাকায় অনেকে খবরটিকে সত্য হিসেবে ভাবতে শুরু করে।
যদিও এই ডায়াপার–সংক্রান্ত দাবিটি মিথ্যা, তবু অনেকের খবরটিকে বিশ্বাসযোগ্য মনে হওয়ার পেছনে আরেকটি কারণও আছে। কারণ, গুচির লাক্সারি বেবি সেগমেন্ট আছে। যেখানে তারা অতি উঁচু দর ও মানের শিশুদের পোশাক, জুতা ছাড়াও ডিজাইনার ডায়াপার ব্যাগ বিক্রি করে। যাঁরা ব্র্যান্ডটি ভালোবাসেন বা নিয়মিত ক্রেতা, তাঁদেরও অনেকে বিশ্বাস করে ফেলেছেন যে—গুচ্চি প্রিমিয়াম ডায়াপার বাজারে আনতে চলেছে।
সূত্র: স্কোপ উইকলি, আলবাওয়াবা ও লেটেস্ট লাইফস্টাইল