২০২৬ সালের সবচেয়ে ঝুঁকিপূর্ণ চাকরি কোনগুলো, একনজরে দেখে নিন

আজকের পৃথিবীতে চাকরির চাপ সামলানো একটা বড় চ্যালেঞ্জ। প্রযুক্তির উন্নতি, প্রতিযোগিতা, সময়ের সীমাবদ্ধতা—সব মিলিয়ে অনেক পেশাই এখন আগের চেয়ে অনেক বেশি চাপের হয়ে উঠেছে। কিছু চাকরি আছে, যেখানে ভুল করার সুযোগ প্রায় নেই। আবার কিছু কাজ আছে, যেখানে প্রতিদিনই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। রুশ বহুজাতিক ডিজিটাল গবেষণা প্ল্যাটফর্ম ওয়েলটরির সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ২০২৬ সালের সবচেয়ে বেশি মানসিক চাপ, দায়িত্ব এবং ঝুঁকির চাকরিগুলো দেখে নেওয়া যাক একনজরে।

এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের একমুহূর্তের ভুলও বিপজ্জনক হতে পারে
প্লেন

১. এয়ার ট্রাফিক কন্ট্রোলার

আকাশে উড়ন্ত প্লেনের নিরাপত্তা নিশ্চিত করা, একমুহূর্তের ভুলও বিপজ্জনক হতে পারে।

২. জরুরি সেবাকর্মী (ফায়ার সার্ভিস, ডুবুরি, প্যারামেডিক)

দুর্ঘটনা, পানিতে ডোবা, আগুন বা জরুরি পরিস্থিতিতে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়তে হয়, দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। প্যারামেডিক হলেন এমন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী, যাঁরা জরুরি পরিস্থিতিতে হাসপাতালে নেওয়ার আগেই হার্ট অ্যাটাক, স্ট্রোক বা দুর্ঘটনায় আক্রান্ত রোগীকে প্রাথমিক চিকিৎসা দেন।

৩. চিকিৎসক ও নার্স

রোগীর জীবন বাঁচানো, ২৪ ঘণ্টাই জরুরি সেবার সঙ্গে যুক্ত থাকা, দীর্ঘ সময় কাজ, মানসিক চাপ—সব মিলিয়ে অত্যন্ত চ্যালেঞ্জিং।

৪. পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী

অপরাধ দমন, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি, প্রতিনিয়ত রাজনৈতিক চাপ ও হুমকির মধ্যে থাকা, বিদ্রোহীদের প্রথম টার্গেট ইত্যাদি নানা কারণে প্রতিদিনই এই পেশায় থাকে অনিশ্চয়তা। তাই অত্যন্ত চ্যালেঞ্জিং।

৫. করপোরেট ম্যানেজার

বড় সিদ্ধান্ত নেওয়া, টিম পরিচালনা, টার্গেট পূরণ, প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করা, সবার সুবিধা–অসুবিধার দিকে লক্ষ্য রাখা, সব ধরনের মানুষকে সামলে কাজটা বের করে আনা, দলের ভেতর মনোমালিন্য ইতিবাচকভাবে সমাধান করা, সবার মনোবল বজায় রাখা, উচ্চ কর্মকর্তাকে জবাবদিহি—সব চাপের বড় অংশটাই এসে পড়ে ম্যানেজারের ওপর।

কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের প্রতিদিন অনেক গ্রাহকের সমস্যা ঠান্ডা মাথায় মোকাবিলা করা

৬. কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ

প্রতিদিন অনেক গ্রাহকের সমস্যা, অভিযোগ, প্রতিনিয়ত ঠান্ডা মাথায় গ্রাহকের কর্কশ মেজাজের মোকাবিলা করা—মানসিকভাবে অত্যন্ত ক্লান্তিকর।

৭. সাংবাদিক ও প্রতিবেদক

দ্রুত খবর সংগ্রহ, সময়ের চাপ, প্রতিকূল রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি সামাল দিয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করতে হয়। সামান্য ভুলে বড় মাশুল দিতে হয়। ছোট্ট অসতর্কতায় ক্যারিয়ায় শেষ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। সব সময় অত্যন্ত সতর্কতা মেনে চলতে হয়।

৮. লজিস্টিকস ও সাপ্লাই চেইন ম্যানেজার

সময়মতো পণ্য পৌঁছানো—একটু দেরি মানেই বড় ক্ষতি।

৯. হসপিটালিটি (হোটেল/রেস্তোরাঁকর্মী)

গ্রাহকের সন্তুষ্টি, ব্যস্ত সময়, অনিয়মিত শিডিউল—চাপ সব সময় থাকে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা অত্যন্ত চ্যালেঞ্জিং

১০. শিক্ষকতা (বিশেষ করে ছোট শিশুদের পড়ানো)

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা অত্যন্ত চ্যালেঞ্জিং। অত্যন্ত ধৈর্য নিয়ে এই পেশায় থাকতে হয়। শুধু পড়ানো নয়, শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশের দায়িত্বও নিতে হয়।

১১. আইটি ও সফটওয়্যার ডেভেলপার

ডেডলাইন, নতুন প্রযুক্তি শেখা, রাত জেগে কাজ—চোখ ও মস্তিষ্কে চাপ পড়ে অনেক বেশি।

১২. আর্থিক বিনিয়োগ–সম্পর্কিত পেশা

বড় অঙ্কের টাকা নিয়ে কাজ—ভুল সিদ্ধান্ত মানেই বড় ক্ষতি।

কেন এসব চাকরি এত চাপের?

এসব পেশার কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। যেমন—

  • সময়ের চাপ বা ডেডলাইন অথবা দিন-রাত ২৪ ঘণ্টাই সার্ভিস দেওয়া।

  • বড় দায়িত্ব। রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ।

  • জীবনের ঝুঁকি বা অনিশ্চয়তা।

  • পরিবারকে যথেষ্ট সময় বা কোয়ালিটি টাইম দিতে না পারা। সামাজিক জীবনযাপন করতে না পারা।

  • মানুষের জীবন বা অর্থের সঙ্গে সম্পর্ক।

  • দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে।

সব চাকরিরই নিজস্ব চ্যালেঞ্জ আছে

শেষ কথা

সব চাকরিরই নিজস্ব চ্যালেঞ্জ আছে। তবে ওপরের পেশাগুলোয় চাপটাই কাজের অংশ হয়ে যায়। এটাও সত্য যে সঠিক মানসিকতা, দক্ষতা এবং কাজ-জীবনের ভারসাম্য (ওয়ার্ক-লাইভ ব্যালান্স) থাকলে মানসিক স্বাস্থ্য বা পারিবারিক ও সামাজিক জীবনের ক্ষতি না করে এই পেশাগত চাপও সামাল দেওয়া সম্ভব।

সূত্র: ফোর্বস