ডিম সেদ্ধ করে যে সময়ের মধ্যে না খেলে শরীরের ক্ষতি হতে পারে

আগে সেদ্ধ করে রাখা বা ফ্রিজে রাখা সেদ্ধ ডিমের সব পুষ্টি উপাদান ঠিক থাকে? কিংবা এভাবে ডিম খাওয়া কি নিরাপদ?

সেদ্ধ ডিম সঠিকভাবে ফ্রিজে সংরক্ষণ করলে এক সপ্তাহ পর্যন্ত নিরাপদে খাওয়ার উপযোগী থাকে
ছবি:  পেকজেলস ডট কম

অনেকেই ডিম সেদ্ধ করে খেতে ভালোবাসেন। দেখা যায়, দুপুরের ডায়েট চার্টে ডিম সেদ্ধ থাকায় সকাল সকালই আপনি তা সেদ্ধ করে রাখছেন। কিংবা কোনো এক বেলায় সালাদে দিচ্ছেন আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম। আগে সেদ্ধ করে রাখা বা ফ্রিজে রাখা সেদ্ধ ডিমের সব পুষ্টি উপাদান ঠিক থাকে? কিংবা এভাবে ডিম খাওয়া কি নিরাপদ? এ প্রসঙ্গেই ঢাকার গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা আকতারের সঙ্গে কথা হলো।

সেদ্ধ ডিম টুকরা বা কুচি করে সংরক্ষণ করবেন না

আমাদের দেশের গরম আবহাওয়ার কথা বিবেচনা করে সাধারণভাবে বলা যায়, সেদ্ধ ডিম দুই ঘণ্টার মধ্যেই খেয়ে নিতে হবে। দুই ঘণ্টা পার হয়ে গেলেই তাতে জীবাণু জন্মাতে পারে। এসব জীবাণুর উপস্থিতিতে ডিমের দৃশ্যমান কোনো পরিবর্তন না-ও হতে পারে। তেমন কোনো গন্ধ না-ও হতে পারে। কিন্তু জীবাণু জন্মালে অসুস্থতার ঝুঁকি ঠিকই থাকবে।

এই দুটি ঘণ্টাতেও তা নিরাপদ রাখার শর্ত হলো খোসাসমেত রেখে দেওয়া। খাওয়ার ঠিক আগে খোসা ছাড়িয়ে নিতে হবে। আর এ সময় ডিমের গায়ে যাতে পানি না লাগে , সেই ব্যাপারটাও দেখতে হবে। এই সময়টায় যে পাত্রে ডিম রাখা হবে, সেই পাত্র যেন ভেজা না থাকে। পাত্রে রাখার সময় ডিমটাও শুকিয়ে নিতে হবে।

সেদ্ধ ডিম সংরক্ষণ করতে চাইলে খোসা না ছাড়ানোই ভালো

সেদ্ধ ডিম যেভাবে সংরক্ষণ করবেন

ডিম পুরোপুরি সেদ্ধ করা হলে এর ভেতরটা শক্ত হয়ে যায়। এভাবে সেদ্ধ করা ডিম সঠিকভাবে সংরক্ষণ করা হলে এক সপ্তাহ পর্যন্ত নিরাপদে খাওয়ার উপযোগী থাকে। তাতে এর পুষ্টি উপাদানগুলোও অক্ষুণ্ন থাকে। স্বাদও থাকে অটুট।
সেদ্ধ ডিম সংরক্ষণের জন্য অবশ্যই এয়ারটাইট (বায়ুরোধী) পাত্র ব্যবহার করুন। সেদ্ধ ডিম খোসাসমেত সংরক্ষণ করাই সবচেয়ে ভালো। সেদ্ধ করা ডিম যদি সংরক্ষণ করতে চান, তাহলে সেদ্ধ করার দু ঘণ্টার মধ্যেই ফ্রিজে তুলে রাখতে হবে। তবে গরম অবস্থায় ফ্রিজে তোলা যাবে না। প্লাস্টিকের এয়ারটাইট পাত্রে রাখতে চাইলেও আগে ডিম ঠান্ডা করে নিতে হবে। প্লাস্টিকের পাত্রে যেকোনো গরম খাবার রাখা হলে মাইক্রোপ্লাস্টিক নিঃসরণ হতে পারে।

কখন খাওয়া যাবে না

সেদ্ধ ডিম ফ্রিজে রাখা হলে খাওয়ার সময় গ্যাস–জাতীয় মৃদু একটা গন্ধ পেতে পারেন। ভয় পাবেন না। এটি সেদ্ধ ডিম নষ্ট হয়ে যাওয়ার গন্ধ নয়। কিন্তু ডিম থেকে যদি তীব্র দুর্গন্ধ আসে, ডিম বা ডিমের খোসা যদি পিচ্ছিল হয়ে যায় কিংবা ডিমের খোসা যদি চকের মতো সাদা হয়ে যায়, তাহলে সেই ডিম খাওয়া যাবে না। ওই ডিম খেলে অসুস্থতায় ভোগার ঝুঁকি সৃষ্টি হবে।

ডিম সেদ্ধ করার দুই ঘণ্টার মধ্যেই খেয়ে নিতে হবে

খেয়াল রাখুন

  • সেদ্ধ ডিম ফ্রিজের দরজার কাছাকাছি অংশে না রেখে ফ্রিজের ভেতরের দিকটায় রাখুন। ফ্রিজ বারবার খোলা হলে দরজায় বা দরজার কাছাকাছি জায়গায় তাপমাত্রা বেড়ে সেদ্ধ ডিম সহজে নষ্ট হয়ে যেতে পারে। তাই সতর্কতা হিসেবে এই ব্যবস্থা।

  • ফ্রিজের তাপমাত্রা অবশ্যই চার ডিগ্রি সেলসিয়াসের কম রাখুন। না হলে সেদ্ধ ডিম নষ্ট হয়ে যাবে সহজেই। তবে সেদ্ধ ডিম ডিপফ্রিজে রাখতে নেই। তাতে এটি বিস্বাদ হয়ে যায়।

  • সেদ্ধ ডিম সংরক্ষণ করতে চাইলে খোসা না ছাড়ানোই ভালো। তবে নিতান্তই যদি খোসা ছাড়িয়ে নিয়ে সংরক্ষণ করতে চান, তাহলেও সংরক্ষণের নিয়ম মোটামুটি একই। পার্থক্য একটাই। যে এয়ারটাইট পাত্রে ডিম সংরক্ষণ করবেন, তার বাইরের দিকে একটা ভেজা কাপড় বা ভেজা কিচেন টাওয়েল জড়িয়ে নিতে হবে। না হলে ডিম শক্ত হয়ে যাবে।

  • সেদ্ধ ডিম টুকরা করে বা কুচি করে সংরক্ষণ করা উচিত নয়। টুকরা বা কুচি করা ডিম সব নিয়ম মেনে সংরক্ষণ করা হলেও স্বাদ অক্ষুণ্ন থাকে না।

  • যদি এমনভাবে ডিম সেদ্ধ করা হয় যাতে এর ভেতরটা নরম থাকে, তাহলে অবশ্য এসব নিয়ম মেনেও দুই দিনের বেশি সংরক্ষণ করা যায় না। দুই দিন পেরোলে তা নষ্ট হয়ে যায়।