
উপকরণগুলো সহজলভ্য নয়, তবে চাইলে জোগাড় করা যায়—সুস্বাদু এমন একটি বাঙালি খাবারের রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ
উপকরণ: থোড়কুচি (কলাগাছের ভেতরের অংশ) ২ কাপ, চিংড়ি মাছ ২০০ গ্রাম, আলু কিউব ১টি (ঐচ্ছিক), পেঁয়াজকুচি ১টি, আদা-রসুনবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ ২-৩টি, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, তেজপাতা ১টি, গরমমসলা আধা চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি সামান্য ও শর্ষের তেল প্রয়োজনমতো।
প্রণালি: থোড় পাতলা চাক চাক করে কেটে নিন। কাটার সময় সুতার মতো আঁশ বের হবে, দুই আঙুলে জড়িয়ে সেটা তুলে ফেলুন। কাটা থোড় লবণ-হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। ভালোভাবে পানি ঝরিয়ে রাখুন। পরিষ্কার করা চিংড়িতে লবণ-হলুদ মেখে শর্ষের তেলে হালকা ভেজে তুলে রাখুন। কড়াইতে তেল গরম করে তেজপাতা ও পেঁয়াজ ভাজুন। আদা-রসুনবাটা দিয়ে নেড়ে নিন। আলু খেতে চাইলে এ সময় দিয়ে হালকা ভেজে নিন। এবার সেদ্ধ থোড় দিয়ে দিন। হলুদ, মরিচ, জিরাগুঁড়া দিয়ে ভালো করে কষান। ভাজা চিংড়ি দিন। অল্প পানি দিয়ে ঢেকে ১০ মিনিট রান্না করুন। কাঁচা মরিচ, চিনি ও গরমমসলা দিয়ে নামিয়ে নিন।