শারমিন লাকী যেভাবে তারুণ্য ধরে রেখেছেন

অনেক দিন আড়ালে থাকার পর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের কনটেন্টে আবার দেখা যাচ্ছে সিদ্দিকা কবীর’স রেসিপির উপস্থাপক শারমিন লাকীকে। বিভিন্ন রিলে বা ইউটিউবারদের কনটেন্টে শারমীন লাকীকে দেখে বোঝা গেল, বেশ দারুণভাবেই নিজেকে ফিট রেখেছেন। এই মিষ্টি কণ্ঠের অধিকারী কীভাবে ধরে রেখেছেন তাঁর ফিটনেস, তা–ই জানালেন পাঠকদের।

মিষ্টি হাসি ও প্রাণবন্ত অভিব্যক্তি শারমীন লাকীকে পর্দায় আলাদা করে তুলেছিল
শারমিন লাকী যেভাবে তারুণ্য ধরে রেখেছেন

শারমিন লাকীর সৌন্দর্যের বিশেষ দিক—অতিরঞ্জিত গ্ল্যামারের বদলে স্বাভাবিকতা ও আত্মবিশ্বাস। মিষ্টি হাসি ও প্রাণবন্ত অভিব্যক্তি তাঁকে পর্দায় আলাদা করে তুলেছিল। এখনো তেমনিই আছেন। কীভাবে সম্ভব হলো, জানতে চেয়েছিলাম তাঁর কাছে। জবাবে লাকী বলেন, স্বাভাবিক ও প্রাকৃতিকভাবেই বয়সের সঙ্গে সঙ্গে চেহারায় পরিবর্তন আসবে।

বছরের অর্ধেক সময় শারমিন লাকী এখন পর্তুগালে থাকেন

আমি প্রকৃতিবিরুদ্ধ মানুষ নই। চেহারা ও গঠনের এমন পরিবর্তনকে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছি আর স্বাভাবিক গতিতে যেতে দিয়েছি। তাই বোটক্স, ফিলার বা অন্য কোনো মাধ্যমে তারুণ্য ধরে রাখার চেষ্টা করিনি।

বাকী সময় থাকেন বাংলাদেশে

শারমিন লাকী জানালেন, বছরের অর্ধেক সময় এখন পর্তুগালে থাকেন, বাকি সময় বাংলাদেশে। এর মধ্যেই নিজের যত্ন নেওয়ার চেষ্টা করেন। তারুণ্য ধরে রাখার টিপসগুলো পাঠকদের সঙ্গে ভাগ করে নিলেন।

প্রতিদিন নিয়ম করে হাঁটার চেষ্টা করেন শারমিন লাকী

শরীর ঠিক রাখতে

প্রতিদিন নিয়ম করে হাঁটার চেষ্টা করেন শারমিন লাকী। হাঁটা অনিয়মিত হলে অপরাধবোধে ভোগেন। খেলাধুলা করতে পছন্দ করেন। শারমিন লাকী বললেন, একটা সময় খুব ব্যাডমিন্টন খেলতাম, এখন সেটা অনিয়মিত হয়ে পড়েছে।

তাই সেই সময়টা হাঁটার চেষ্টা করি। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, চিকিৎসকের পরামর্শে কিছু যোগব্যায়াম করি। কিন্তু শুরু থেকে কখনোই আমার জিমে যাওয়া হয়ে ওঠেনি।

ভাত-পাগল মানুষ শারমিন লাকী দুপুরে ভাত খেতে ভালোবাসেন

রোজকার খাবার

হাঁটাহাঁটি করার পর সকালে খালি পেটে গুঁড়া হলুদের সঙ্গে অল্প গোলমরিচের গুঁড়া কুসুম গরম পানিতে মিশিয়ে খেয়ে থাকেন। মাঝেমধ্যে এতে লেবুর রস, কখনো আবার চিয়া সিড যুক্ত করেন। আর সেই সঙ্গে হাতের কাছে পাওয়া যায় এমন মৌসুমি যেকোনো ফল খান।

সকালের নাশতায় থাকে চা-টোস্ট বা একটুকরা পাউরুটি। শারমিন লাকী ভাত-পাগল মানুষ তাই দুপুরে ভাত খান। সঙ্গে থাকে শাকসবজি, মাছ। তবে বহু বছর ধরে মাংস খান না। রাতে খাবারের তালিকায় ভাত, কখনো রুটি-ভাজিও থাকে।

সকালের নাশতায় থাকে চা-টোস্ট বা একটুকরা পাউরুটি

মজার ব্যাপার হলো, শরীরের জন্য ক্ষতিকর জেনেও তেলেভাজা খাবার পছন্দ করেন। পুরি, চটপটি, ফুচকা, ঘিয়ে ভাজা মচমচে পরোটার সঙ্গে টংদোকানের চা দেখলে লোভ সংবরণ করতে পারেন না।

তবে প্রতিদিন নয়, মাঝেমধ্যে বিকেলে এসব খাবার খান। আর উল্টাপাল্টা খাবার বেশি খেলে নিজেকে ঠিক রাখতে পরবর্তী দিনগুলো তাজা শাকসবজি আর ফলমূল খাওয়ার চেষ্টা করেন।

ঝরঝরে ত্বকের জন্য

টক দই, ডিমের সাদা অংশ, হলুদ মিশিয়ে প্যাক বানিয়ে মাঝেমধ্যে মুখে লাগান

‘হাতের কাছে থাকা ভেষজ আমার সারা জীবনের প্রিয় ত্বকচর্চার উপাদান। সহজ ও সস্তায় পাওয়া যায় রান্নাঘরের এমন উপাদানকেই মূলত কাজে লাগাই। ফেলে দেওয়া ভাতের মাড় মুখে দিই, এটা ত্বককে দারুণ ময়েশ্চার করে,’ বলছিলেন শারমিন লাকী।

টক দই, ডিমের সাদা অংশ, হলুদ মিশিয়ে প্যাক বানিয়ে মাঝেমধ্যে মুখে লাগান। আর সেই সঙ্গে বছরে মাত্র দুই বা একবার ‘হার্বস’ পারলারে গিয়ে হারবাল ফেশিয়াল করেন।

চুলের যত্নে

চুলে নিয়মিত নারকেল তেল দেন

চুলের যত্নে খুব বেশি সময় ব্যয় করেন না। নিয়মিত নারকেল তেল দেন। আর মাসে দুইবার হারবাল প্যাক লাগিয়ে থাকেন। টক দই, ডিমের সাদা অংশ, ভাতের মাড়—এসবও হাতের কাছে পেয়ে গেলে চুলে প্যাক হিসেবে ব্যবহার করে থাকেন শারমিন লাকী।