জনপ্রিয় হয়ে উঠছে ছোট চুলের ধারা। এখন অনেকেই বেছে নিচ্ছেন নানা ধরনের ছোট চুলের স্টাইল।

মেরিল-প্রথম আলো পুরস্কারের এবারের আসরে ছোট চুলে নজর কাড়েন জিনাত শানু স্বাগতা। মজা করে নিজের এই চুলকে ‘মাম্মি হেয়ার কাট’ বলেছিলেন এই সংগীত ও অভিনয়শিল্পী। মেয়ের দেখাশোনার সুবিধার্থে চুল ছোট করেছেন স্বাগতা।
এ অনুষ্ঠানে ছোট চুলে নজর কেড়েছিলেন আরও কয়েকজন তারকা। যেমন অভিনয় ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদের চুল। দীর্ঘদিনের পরিচিত লুকের বাইরে ছোট চুলের কাটে তাঁকে আরও প্রাণবন্ত রূপে দেখাচ্ছিল। কাঁধ পর্যন্ত হালকা লেয়ারে কাটা চুল তাঁর পুরো ব্যক্তিত্বে এনে দিয়েছিল নতুন মাত্রা। শুধু তারকারাই নন, অনেকেই এখন বেছে নিচ্ছেন নানা ধরনের ছোট চুলের স্টাইল। ঘরে–বাইরে যাঁদের ব্যস্ততায় কাটে, তাঁদের জন্য লম্বা চুল সামলানোটা একটু কঠিন। তাই জনপ্রিয় হয়ে উঠছে ছোট চুলের ধারা।
ছোট চুলে নানা ধরনের স্টাইল করা যায়। বব কাট, পিক্সি কাট, লেয়ার কাট কিংবা ফ্রিঞ্জ স্টাইল—প্রতিটি কাটই আলাদা সৌন্দর্য প্রকাশ করে। সামান্য হেয়ার সিরাম, ক্লিপ বা হেয়ার ব্যান্ড ব্যবহার করেই ছোট চুলকে আকর্ষণীয়ভাবে সাজানো সম্ভব। অফিস, কলেজ, পার্টি বা বিশেষ অনুষ্ঠানে ছোট চুলের ভিন্ন ভিন্ন সাজ সহজেই মানিয়ে যায়।
মডেল জান্নাতুল পিয়াও সম্প্রতি লম্বা চুলে দিয়েছেন বিক্সি কাট (ববকাট এবং পিক্সি কাটের মিশ্রণ)। পিয়া বলেন, ‘আমি লম্বা চুল ভালোবাসি। তবে মনে হলো এই মুহূর্তে একটু বিরতি নেওয়া যাক। এতে চেহারায় যে একঘেয়েমি আসে, তা কিছুটা হলেও দূর হয়।’
একসময় পিয়ার চুল ছিল বেশ লম্বা। সেই লম্বা চুলের যত্ন নেওয়া ছিল সময়সাপেক্ষ একটি কাজ। নিয়মিত শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ব্যবহার, এরপর ব্লো ড্রাই—সব মিলিয়ে চুলের পরিচর্যায় অনেকটা সময় ব্যয় করতে হতো।
একপর্যায়ে এই দীর্ঘ রুটিনে কিছুটা একঘেয়েমি চলে আসে তাঁর। তখনই তিনি ভাবলেন, চুলের স্টাইলে একটু পরিবর্তন আনা যাক। আর সেই ভাবনা থেকেই বেছে নিলেন ছোট চুলের নতুন লুক।
পিয়ার মতে, ছোট চুল মানেই স্টাইলিংয়ের সুযোগ কমে যাওয়া নয়। বরং অনেক ক্ষেত্রেই একজন মানুষকে আরও প্রাণবন্ত, স্মার্ট এবং আত্মবিশ্বাসী করে তোলে ছোট চুল। কখনো স্লিক ও পরিপাটি, কখনো নরম ঢেউখেলানো, আবার কখনো একেবারে স্বাভাবিক ও সহজ।
ছোট চুলকেও নানাভাবে স্টাইলিং করা যায়।
বর্তমানে ছোট চুলের এই নতুন অধ্যায় বেশ উপভোগ করছেন পিয়া। এই লুক তাঁকে দিয়েছে স্বস্তি, স্বাচ্ছন্দ্য এবং নতুন আত্মবিশ্বাস।