ফারাক্কা ব্যারেজ
ফারাক্কা ব্যারেজ

প্রতিক্রিয়া

প্রস্তাবিত ‘গঙ্গা ব্যারাজ’ পাংশার ভাটির জনগণের জন্য দ্বিতীয় ফারাক্কা হয়ে দেখা দেবে

প্রস্তাবিত গঙ্গা ব্যারেজের মতো বিরাট জনগুরুত্বসম্পন্ন প্রকল্প বাস্তবায়িত হওয়ার আগে যত আলোচনা হয় ততই ভালো। এই আলোকে গত ২৮ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানিসম্পদ কৌশল বিভাগের একজন অধ্যাপকের লেখা ‘পদ্মা ব্যারাজ কেন প্রয়োজন, মূল চ্যালেঞ্জ কোথায়’ নিবন্ধকে স্বাগত জানাই।

তবে এই নিবন্ধে তিনি এমন কিছু কথা বলেছেন, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। সে জন্য কিছু উত্তর দেওয়া প্রয়োজন।

অতীতে সম্পাদিত সমীক্ষাগুলোর মূল কাজ ছিল ব্যারাজের স্থান নির্বাচন

প্রথমেই তিনি বলেন যে ‘দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে’ এই প্রকল্প নিয়ে নানা সমীক্ষা সম্পাদিত হয়েছে। নিবন্ধের শেষে তিনি এই কথাটির পুনরাবৃত্তি করে লেখেন যে এসব সমীক্ষা এ প্রকল্পের ‘গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রকৌশল ভিত্তি তৈরি করেছে’।

অর্থাৎ তিনি ধারণা দেন যে এসব সমীক্ষার মাধ্যমে এই প্রকল্পের যথার্থতা প্রমাণিত হয়েছে। সুতরাং এখন এর বাস্তবায়নে অগ্রসর হওয়া দরকার।

অথচ যে ‘সম্ভাব্যতা প্রতিবেদনে’র (ফিজিবিলিটি রিপোর্টের) ওপর ভিত্তি করে সরকার এই প্রকল্প নিয়ে অগ্রসর হচ্ছে, সেই প্রতিবেদনেই জানানো হয় যে ইতিপূর্বে যেসব বিদেশি কোম্পানিকে এই ব্যারাজের বিষয়ে নিয়োজিত করা হয়েছিল তাদের মূল কাজ ছিল ব্যারাজের স্থান নির্বাচন; অর্থাৎ ‘কোথায়’ ব্যারাজটি নির্মিত হওয়া শ্রেয় হবে—সেই প্রশ্নের উত্তর খোঁজা।

এই ব্যারাজ নির্মাণ দরকার কি না অথবা এর ভালো-মন্দ কী, সেটা যাচাই করা তাদের কাজ ছিল না। সুতরাং ছয় দশক ধরে সম্পাদিত বহু সমীক্ষা দ্বারা এই ব্যারাজের যথার্থতা প্রমাণিত হয়ে গেছে—এ ধরনের দাবি সঠিক নয়।

কেন ইতিপূর্বে সম্পাদিত সমীক্ষাগুলো ব্যারাজের যথার্থতা পরীক্ষায় সচেষ্ট হয়নি, সেটা উপলব্ধি করতে পারলেই অনেক প্রশ্নের মীমাংসা হয়ে যায়। পানিসম্পদ বিষয়ক প্রকৌশলীদের কাজ হলো বাঁধ, ব্যারাজ, বেড়িবাঁধ, স্লুইসগেট ইত্যাদি নির্মাণ। এটাই তাঁরা শিখেছেন, শেখান, এবং এটাই তাঁদের জীবিকা। ফলে এসব কাঠামো নির্মাণ ভালো কাজ, এটা তাঁদের কাছে স্বতঃসিদ্ধ বলে মনে হয়।

বলা যেতে পারে, এই বিশ্বাসটি যেন তাঁদের ডিএনএর ভেতর ঢুকে যায়। ফলে আমাদের পাউবোর প্রকৌশলীরা নিজেরা যেমন ব্যারাজ নির্মাণের যথার্থতা নিয়ে প্রশ্ন অনুভব করেন না, তেমনি তাঁদের দ্বারা নিয়োজিত বিদেশি কোম্পানিগুলোর কাছেও তাঁরা এই প্রশ্ন উত্থাপন করেন না। তাঁরা কেবল জানতে চান ‘কোথায়’ নির্মাণ করলে ভালো হবে।

প্রস্তাবিত ব্যারাজ গঙ্গার বর্ষাকালীন প্রবাহের সামান্যই সংরক্ষণ করতে পারবে

উপর্যুক্ত নিবন্ধের লেখক দ্বিতীয় যে বিভ্রান্তির সৃষ্টি করেন সেটা হলো প্রস্তাবিত ব্যারাজের উদ্দেশ্য নিয়ে। তিনি স্বীকার করেন যে ‘ব্যারাজ পানি তৈরি করতে পারে না; নদীতে আসা পানিই কেবল সংরক্ষণ ও পুনর্বণ্টন করতে পারে’। এই কথাটি কেবল আংশিকভাবে ঠিক, কারণ ব্যারাজ মূলত পানির পুনর্বণ্টন করতে পারে, সংরক্ষণ নয়।

যদি সংরক্ষণই মূল উদ্দেশ্য হয়, তাহলে ব্যারাজ নয় বরং ড্যাম (কপাটহীন বাঁধ) নির্মাণ করতে হয়। এই ড্যামের উজানে বিরাট হ্রদের সৃষ্টি করতে হয়, যেখানে নদীর পানি বিরাট পরিমাণে সংরক্ষণ করা যায়, এবং শুষ্ক মৌসুমে তা ব্যবহার করা যায়। আমাদের দেশের কাপ্তাই ড্যামের মাধ্যমে সৃষ্ট কাপ্তাই হ্রদ তার একটি উদাহরণ। তবে এটা সম্ভব হয় মূলত পাহাড়ি এলাকায়। সমতল এলাকায় এ ধরনের বিশাল হ্রদ সৃষ্টি করা যায় না।

বাংলাদেশে গঙ্গা ব্যারাজের প্রবক্তারা ধারণা দিচ্ছেন যে এই ব্যারাজ দিয়ে গঙ্গার বর্ষাকালীন প্রবাহ সংরক্ষণ করা হবে এবং তা দিয়ে শুষ্ক মৌসুমে গঙ্গার শাখানদীগুলোতে প্রবাহ বৃদ্ধি করা যাবে। এই বিভ্রান্তি উন্মোচিত করে আমি ইতিপূর্বে লিখেছি (দ্রষ্টব্য ‘বাংলাদেশে ব্যারাজ কি মরীচিকায় পরিণত হতে যাচ্ছে,’ প্রথম আলো, ২৩ জুলাই)।

সুতরাং এখানে বিস্তারিত পুনরাবৃত্তি করতে চাই না। সংক্ষেপে বলা দরকার যে প্রস্তাবিত ব্যারাজের সম্ভাব্যতা প্রতিবেদন জানায় যে এই ব্যারাজ দ্বারা সৃষ্ট সংরক্ষণ ক্ষমতার পরিমাণ হবে ২৮৯ কোটি ঘনমিটার।

পক্ষান্তরে, বাংলাদেশে গঙ্গার বর্ষাকালীন প্রবাহের মোট পরিমাণ হলো ১৮,৯০৫ কোটি ঘনমিটার। অর্থাৎ প্রস্তাবিত ব্যারাজ দ্বারা গঙ্গার বর্ষাকালীন প্রবাহের মাত্র ১ দশমিক ৫৩ শতাংশ সংরক্ষণ করা যাবে। বাকি ৯৮ দশমিক ৪৭ শতাংশ গোয়ালন্দ অভিমুখে চলে যাবে। কাজেই প্রস্তাবিত ব্যারাজ বিরাট পরিমাণের বর্ষাকালের পানি সংরক্ষণ করে শীতকালে ব্যবহার করার সুযোগ করে দেবে সেটা একটা ভ্রান্ত ধারণা।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর বরাট এলাকা। এখানে একসময় প্রবহমান ছিল পদ্মা নদী। এখন শুকিয়ে গেছে পদ্মার এ অংশটি। চৌচির জমিতে পড়ে আছে নৌকা। রাজবাড়ী।

প্রস্তাবিত ব্যারাজ পাংশার ভাটির দিক থেকে অর্ধেকের বেশি পানি প্রত্যাহার করবে

এই সূত্রেই লেখক তৃতীয় বিভ্রান্তিতে উপনীত হন। তিনি ধারণা দেন যে প্রস্তাবিত ব্যারাজের কারণে পাংশার ভাটিতে পানির প্রবাহ তেমন কমবে না। কারণটা তিনি স্পষ্ট করেন না। তবে ধারণা করা যায়, তিনিও ভাবছেন যে ব্যারাজ দ্বারা বর্ষাকালের প্রচুর পানি সঞ্চিত করা যাবে; যার ফলে ভাটির দিকে প্রবাহ তেমন কমানোর প্রয়োজন হবে না।

তাঁর এই দাবি কতটা সঠিক? প্রকল্পের সম্ভাব্যতা প্রতিবেদনে প্রদত্ত পরিসংখ্যান দেখায় যে ব্যারাজ দ্বারা শুষ্ক মৌসুমে (জানুয়ারি থেকে মে মাসে) গঙ্গার পাঁচটি শাখা (বড়াল, ইছামতী, হিসনা, গড়াই, চন্দনা) এবং দুটি পাম্প হাউসে (গোদাগাড়ী ও ভেড়ামারা) সরবরাহকৃত পানির মোট পরিমাণ হবে ৯০৫ কোটি ঘনমিটার।

কিন্তু আমরা জানি যে ব্যারাজের সংরক্ষণ ক্ষমতা ২৮৯ কোটি ঘনমিটার। সুতরাং উজানের উপর্যুক্ত সাতটি অভিমুখে সরবরাহকৃত পানির গড়ে ৩৪ শতাংশ ব্যারাজ দ্বারা সংরক্ষিত পানি থেকে আসতে পারবে এবং বাকি ৬৬ শতাংশ আসতে হবে গঙ্গার চলতি প্রবাহ থেকে।

সম্ভাব্যতা প্রতিবেদন আরও জানায়, মার্চ এবং এপ্রিল মাসে উজানের উপর্যুক্ত সাতটি অভিমুখে ব্যারাজ দ্বারা পরিকল্পিত গড় প্রবাহের পরিমাণ যথাক্রমে ৭৪৩ এবং ৭৯৯ কিউমেক। এর ৬৬ শতাংশ হলো যথাক্রমে ৪৯০ এবং ৫২৭ কিউমেক। অর্থাৎ মার্চ এবং এপ্রিল মাসে গঙ্গার চলতি প্রবাহ থেকে এই পরিমাণ পানি পাংশাতে ব্যারাজ দ্বারা অপসারিত হবে।

এদিকে ১৯৯৭-২০১০ সময়কালে মার্চ এবং এপ্রিলে হার্ডিঞ্জ সেতুর নিচে গঙ্গার প্রবাহের পরিমাণ ছিল যথাক্রমে ৯৪৫ এবং ৯৩৪ কিউমেক। সুতরাং অপসারণের পর যে পরিমাণ পানি এই দুই মাসে পাংশার ভাটির দিকে যেতে পারবে তার পরিমাণ হলো যথাক্রমে ৪৫৫ এবং ৪০২ কিউমেক, যা ব্যারাজ–পূর্ববর্তী প্রবাহের যথাক্রমে ৪৮ ও ৪৩ শতাংশ। এরপর কী করে বলা সম্ভব যে ব্যারাজের কারণে পাংশার ভাটিতে পানির প্রবাহ তেমন কমবে না?

প্রস্তাবিত ব্যারাজ পাংশার ভাটির জনগণের জন্য দ্বিতীয় ফারাক্কা হয়ে দেখা দেবে

বস্তুত পাংশার ভাটির জনগণের জন্য প্রস্তাবিত ব্যারাজ আরেকটি ফারাক্কা ব্যারাজ হয়ে দেখা দেবে। আমরা জানি, ১৯৯৬ সালে স্বাক্ষরিত বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তির অধীন শুষ্ক মৌসুমে, যখন ফারাক্কাতে গঙ্গার প্রবাহ ১,৯৮২ কিউমেক (৭০ হাজার কিউসেক)-এর চেয়ে কম, তখন এই পানি দুই দেশের মধ্যে আধাআধি ভাগ হয়।

প্রস্তাবিত ব্যারাজ অনুযায়ী পাংশাতে যেটা হবে তা ফারাক্কার চেয়েও খারাপ, কারণ পাংশার ভাটির জনগণ পাবেন পদ্মার প্রবাহের অর্ধেকেরও কম। প্রকল্পের প্রবক্তারা এই রূঢ় সত্যটি এড়িয়ে যেতে চান। সে জন্য দেখা যায় যে প্রকল্প প্রতিবেদনের ‘কার্যনির্বাহী সারাংশে’ উজানে ব্যারাজের সুফলের বিস্তৃত বিবরণ থাকলেও ভাটিতে এই ব্যারাজের কী প্রভাব হবে, তা নিয়ে তেমন কোনো আলোচনাই নেই।

এ নিয়ে প্রশ্ন করা হলে এই ব্যারাজ প্রকল্প প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা হয় অনভিপ্রেত মন্তব্য করেন কিংবা দাবি করেন যে ‘কার্যনির্বাহী সারাংশে’ না থাকলেও প্রতিবেদনের পরিশিষ্টে এই আলোচনা আছে।

তাঁদের এই দাবি দ্বারা আশ্বস্ত হওয়া কঠিন, কারণ, প্রথমত, পরিশিষ্টে যদি আলোচনা করা হয়েই থাকে তাহলে ‘কার্যনির্বাহী সারাংশে’ তার প্রতিফলন থাকবে না কেন? দ্বিতীয়ত, জনগণের পক্ষে থেকে উপর্যুপরি দাবি জানানো সত্ত্বেও এসব পরিশিষ্ট প্রকাশ করা হচ্ছে না কেন?

ট্রলারে করে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন তাঁরা। আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী, ডিক্রির চর, ফরিদপুর সদর, ফরিদপুর, ২৬ অক্টোবর।

ফারাক্কা ও তিস্তা (ডালিয়া) ব্যারাজের অভিজ্ঞতা কী বলে?

প্রকল্পের সম্ভাব্যতা প্রতিবেদনের প্রতিধ্বনি করে উপর্যুক্ত নিবন্ধের লেখক দাবি করেন যে প্রস্তাবিত ব্যারাজের কারণে উজানে পলিপতনের কোনো সমস্যা হবে না। এর পক্ষে যুক্তি দুটি।

প্রথমত, বর্ষাকালে, যখন নদীবাহিত পলিবালির বেশির ভাগের আগমন ঘটে, তখন ব্যারাজের কপাট খোলা থাকবে, যার ফলে পলিবালি ভাটির দিকে চলে যাবে। দ্বিতীয়ত, ব্যারাজে অনেকগুলো আন্ডারস্লুইস থাকবে, যা দিয়ে ভারী পলিবালি নির্গমিত হবে।

প্রথম যুক্তির যথার্থতা যাচাইয়ের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক হলো ফারাক্কা ব্যারাজের অভিজ্ঞতা। বর্ষাকালে এই ব্যারাজের কপাটগুলোও খুলে দেওয়া হয়। কিন্তু তা ব্যারাজের উজানে পলিপতন বন্ধ করতে পারেনি। বরং পলিপতনের কারণে বিহারের রাজধানী পাটনা পর্যন্ত গঙ্গার তলদেশ উঁচু হয়ে বন্যা এবং পাড়ভাঙনের প্রকট সমস্যার সৃষ্টি করেছে, যার ফলে ভারতে ফারাক্কা ব্যারাজ অপসারণের দাবি দিন দিন জোরদার হচ্ছে।

আন্ডারস্লুইসগুলোর বিষয়ে বলা দরকার যে প্রথমত, ২ দমমিক ১ কিলোমিটার দৈর্ঘ্যের ব্যারাজের মাত্র এক-অষ্টমাংশে আন্ডারস্লুইস রাখার প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশের নদী খাতের প্রোফাইল সতত পরিবর্তনশীল। নদীর মূল খাত যে আন্ডারস্লুইসগুলোর বরাবর থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। তৃতীয়ত, যে পাউবো সারা বাংলাদেশে মাটির ওপরের স্লুইসগেট পরিচালনায় নিদারুণভাবে ব্যর্থ, সেই সংস্থা আন্ডারস্লুইস পরিচালনায় সফল হবে—এমন আশা নিতান্তই দুরাশা।

ডালিয়াতে নির্মিত তিস্তা ব্যারাজের অভিজ্ঞতাও করুণ। প্রথমত, এটা দেখায় যে ভারতের সঙ্গে নদীপ্রবাহের নিশ্চয়তা ছাড়া ব্যারাজ নির্মাণ নির্বুদ্ধিতার পরিচায়ক। দ্বিতীয়ত, এই ব্যারাজ ডালিয়া থেকে চিলমারী পর্যন্ত ১০২ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশে তিস্তার মূল অংশের জন্য বিপর্যয় ডেকে এনেছে।

এই এলাকার জনগণ এখন বন্যায় ভাসে, খরায় পোড়ে এবং পাড়ভাঙনের শিকার হয়ে উদ্বাস্তুতে পরিণত হচ্ছেন। ব্যারাজই যদি সব সমস্যার সমাধান হয় তাহলে এখন তিস্তার জন্য মহাপরিকল্পনার প্রয়োজন হচ্ছে কেন? পদ্মা ব্যারাজ নির্মাণের আগে কি এসব প্রশ্নের উত্তর জানা দরকার না?

প্রস্তাবিত ব্যারাজ অনুযায়ী পাংশাতে যেটা হবে তা ফারাক্কার চেয়েও খারাপ, কারণ পাংশার ভাটির জনগণ পাবেন পদ্মার প্রবাহের অর্ধেকেরও কম। প্রকল্পের প্রবক্তারা এই রূঢ় সত্যটি এড়িয়ে যেতে চান। সে জন্য দেখা যায় যে প্রকল্প প্রতিবেদনের ‘কার্যনির্বাহী সারাংশে’ উজানে ব্যারাজের সুফলের বিস্তৃত বিবরণ থাকলেও ভাটিতে এই ব্যারাজের কী প্রভাব হবে, তা নিয়ে তেমন কোনো আলোচনাই নেই।

বিদেশের অভিজ্ঞতার প্রাসঙ্গিকতা

স্বীয় নিবন্ধের শেষে লেখক লক্ষ করেন যে পাকিস্তান সিন্ধু নদীর ওপর ছয়টি ব্যারাজ নির্মাণ করছে এবং ভারত মূল গঙ্গার ওপর ছয়টি ব্যারাজ এবং গঙ্গা অববাহিকায় মোট ৭৩টি ব্যারাজ নির্মাণ করেছে। কাজেই বাংলাদেশ ব্যারাজ নির্মাণ করবে না কেন?

প্রথমেই বলা দরকার যে সবকিছুর স্থান-কাল-পাত্র রয়েছে। অন্য ভাষায়, সবকিছু সুনির্দিষ্ট পরিস্থিতির আলোকে বিচার করা প্রয়োজন। নতুবা ফলাফল খুবই ভিন্ন হতে পারে। যেমন পোল্ডার নির্মাণ করে নেদারল্যান্ডস উন্নত দেশে পরিণত হয়েছে।

পক্ষান্তরে, ওলন্দাজ প্রকৌশলীদের পরামর্শে বাংলাদেশে পোল্ডার নির্মাণ করে আমরা ডেকে এনেছি জলাবদ্ধতা আর উপকূলের নিমজ্জন। বিদেশের অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই শেখার আছে। কিন্তু তার চেয়েও বেশি শিক্ষণীয় হলো নিজের দেশের তিস্তার অভিজ্ঞতা, কিংবা বাড়ির কাছের ফারাক্কার অভিজ্ঞতা।

বিকল্পের চিন্তা করুন

সবশেষে, সবাইকে আহ্বান জানাব ব্যারাজের পেছনে প্রাণশক্তি নিঃশেষ না করে বিকল্পের প্রতি কিছুটা মনোযোগ দিন। গত ২২ আগস্ট ঢাকার সিরডাপ মিলনায়তনে পরিবেশিত ‘গঙ্গা ব্যারাজ সম্পর্কে ১০টি প্রশ্ন এবং ৬টি প্রস্তাব’ শীর্ষক প্রবন্ধে আমি এবং বিশিষ্ট পানি–বিশেষজ্ঞ ড. মো. খালেকুজ্জামান একটি বিকল্প কর্মসূচি তুলে ধরেছি।

তাতে ব্যারাজ ছাড়াই বর্ষাকালে গঙ্গার পানি বাংলাদেশস্থ শাখাগুলোতে প্রবাহিত করার সুযোগের সদ্ব্যবহার; গঙ্গানির্ভর এলাকায় পূর্বতন খাল-বিল-নদী-নালা ও অন্যান্য জলাধারগুলোর পুনরুজ্জীবন এবং তাতে প্রস্তাবিত ব্যারাজের চেয়ে বহুগুণ পরিমাণে বর্ষাকালের পানি ধরে রাখার সম্ভাবনার বাস্তবায়ন; কৃত্রিম খননের পরিবর্তে নদীর নিজের প্রবাহ দ্বারাই নদীর গভীরতা পুনরুদ্ধার; জোয়ার নদী ব্যবস্থাপনার (টিআরএম) পদ্ধতির সম্প্রসারণের মাধ্যমে জলাবদ্ধতার স্বল্পমেয়াদি সমাধান; এবং পোল্ডারের বাঁধগুলোকে অষ্টমাসি বাঁধে রূপান্তরের মাধ্যমে জলাবদ্ধতা এবং উপকূলের নিমজ্জনের দীর্ঘমেয়াদি সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে।

যদি আগামী ১০ বছর এসব বিকল্প নিয়ে আন্তরিক এবং জোরালো প্রয়াস সত্ত্বেও প্রত্যাশিত ফললাভ না ঘটে, তখন ব্যারাজের প্রস্তাব নিশ্চয়ই পুনর্বিবেচনা করা যাবে। আলোচ্য নিবন্ধের লেখক যেমন বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, ৬০ বছর অতিক্রান্ত হয়েছে! বিকল্প নিয়ে নিরীক্ষার জন্য কিছু সময় দিলে কী এমন ক্ষতি হবে! পক্ষান্তরে, তিস্তা ব্যারাজের মতো আরেকটি ভ্রান্ত ব্যারাজ নির্মাণ শুরু করলে কি আর ফেরার পথ থাকবে?

  • ড. নজরুল ইসলাম এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ও জাতিসংঘের উন্নয়ন গবেষণার সাবেক প্রধান

    মতামত লেখকের নিজস্ব