
সাম্প্রতিক ঘটনাগুলো ইউরোপের রাজনীতির একটি নতুন চিত্র সামনে এনেছে। প্যারিস থেকে মিলান, মাদ্রিদ—বিভিন্ন শহরে বামপন্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও এসব বিক্ষোভ সহিংস রূপও নিয়েছে।
অন্যদিকে, ডানপন্থীরা সামনে থাকা গুরুত্বপূর্ণ নির্বাচনগুলো নিয়ে ব্যস্ত। মূলধারার অনেক রাজনৈতিক দলকে ক্রমেই পিছু হটতে দেখা যাচ্ছে। স্পেন, ফ্রান্স, পোল্যান্ড ও ইতালির নির্বাচনে কী হবে, তা এখনই বলা কঠিন। তবে এসব নির্বাচনের পর ইউরোপের রাজনীতিতে উগ্র ডানপন্থী ও জনতুষ্টিবাদী চিন্তার প্রভাব যে বাড়বে, তা নিয়ে সন্দেহ নেই। গত কয়েক মাসে ফ্রান্স, পোল্যান্ড, জার্মানি ও ইতালির নতুন ডানপন্থী রাজনীতিক ও কৌশলবিদদের সঙ্গে কথা বলে আমার এমন ধারণা হয়েছে।
ইউরোপের উগ্র ডানপন্থী দলগুলোর মধ্যে বেশ কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে। রাশিয়া, ইসরায়েল, অর্থনীতি, কল্যাণরাষ্ট্র এবং নিজেদের মধ্যকার সম্পর্ক নিয়ে তাদের অবস্থান এক নয়। ফ্রান্সের ন্যাশনাল র্যালির নেতা মেরিন ল্য পেন ও জর্দান বারদেলা জার্মানির আরও কট্টর অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড বা এএফডির সঙ্গে ঘনিষ্ঠতা এড়িয়ে চলতে চান। তাঁদের আশঙ্কা, এতে নিজেদের দলের ভাবমূর্তি আবার উগ্রপন্থী হিসেবে পরিচিত হতে পারে। অন্যদিকে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের জ্যেষ্ঠ ব্যক্তিরা প্রকাশ্যেই উদ্বেগ প্রকাশ করেন, ল্য পেন ফ্রান্সের প্রেসিডেন্ট হলে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর কী পরিণতি হতে পারে।
তবে এসব মতপার্থক্যের চেয়ে যেসব বিষয়ে দলগুলোর মিল রয়েছে, সেগুলো ইউরোপের ভবিষ্যৎ বুঝতে বেশি গুরুত্বপূর্ণ। তারা সবাই বিশ্বায়নের বিরোধিতা করে এবং শ্রমজীবী ভোটারদের কাছে টানতে চায়। তাদের মতে, বিশ্বায়নের কারণে এই শ্রেণির মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সমাধান হিসেবে তারা বলছে, নিজেদের দেশ, সীমান্ত ও অর্থনীতির নিয়ন্ত্রণ আবার নিজেদের হাতে ফিরিয়ে নিতে হবে।
এই অভিন্ন রাজনৈতিক কর্মসূচির মধ্যে তিনটি বড় পরিকল্পনা স্পষ্ট হয়ে উঠেছে। প্রথমটি হলো উগ্র ডানপন্থী ও মূলধারার ডানপন্থীদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে ফেলা। মেলোনির দল ব্রাদার্স অব ইতালির একজন জ্যেষ্ঠ নেতা আমাকে বলেছেন, ইউরোপীয় পার্লামেন্টে উগ্র ডানপন্থীদের দূরে রাখার যে অলিখিত রাজনৈতিক ব্যবস্থা রয়েছে, তা আসলে ‘ফ্যাসিবাদী প্রতিষ্ঠান’। কারণ, এর মাধ্যমে নির্বাচিত দলগুলোকেও ক্ষমতার বাইরে রাখা হয়। মেলোনি ইতালিতে নিজের দলের বিরুদ্ধে থাকা এই বাধা ভাঙতে পেরেছেন। এবার ইউরোপীয় পর্যায়েও একই কাজ করতে চান তাঁরা।
এই পরিকল্পনায় ইউরোপীয় কনজারভেটিভস অ্যান্ড রিফর্মিস্টস বা ইসিআর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। মেলোনির দল এই জোটের সদস্য। জোটটি উগ্র ডানপন্থী দল, এমনকি জার্মানির এএফডির সঙ্গে মধ্য-ডানপন্থী ইউরোপীয় পিপলস পার্টির সেতুবন্ধ হতে পারে। এর উদ্দেশ্য ইউরোপে ডানপন্থী চিন্তার প্রভাব আরও বিস্তৃত করা।
অনেকে মনে করেন, উগ্র ডানপন্থীদের ক্ষমতায় আনলে তারা পরে মধ্যপন্থী হয়ে যাবে। ইতালিতে মেলোনির ক্ষেত্রে এমনটা ঘটেছে বলে যে ধারণা প্রচলিত, সেটিকে বলা হয় ‘মেলোনাইজেশন’। কিন্তু এটি একটি ভ্রমও হতে পারে। মধ্যপন্থীরা মনে করেন, উগ্র ডানপন্থীদের রাজনৈতিক ব্যবস্থার ভেতরে জায়গা দিলে তাদের কট্টর অবস্থান কমবে। বাদ দিয়ে রাখলে বরং তারা আরও উগ্র হবে। কিন্তু ইউরোপে এখন উল্টো ঘটনা ঘটছে। উগ্র ডানপন্থীরা মধ্যপন্থীদের প্রভাবিত করছে এবং তাদের নিজেদের অবস্থানের দিকে টেনে নিচ্ছে।
নতুন ডানপন্থীদের দ্বিতীয় পরিকল্পনা হলো নির্বাসননির্ভর রাষ্ট্র গড়ে তোলা। গত এক দশকে মূলধারার দলগুলো আশ্রয়নীতি কঠোর করেছে এবং সীমান্তে নজরদারি বাড়িয়েছে। তাদের ধারণা, নতুন অভিবাসীর আগমন সীমিত করাই ভোটারদের প্রধান দাবি। কিন্তু জার্মানির এএফডির নেতা বেনেডিক্ট কাইজারের মতে, শুধু সীমান্ত নিয়ন্ত্রণ করলেই সমস্যার সমাধান হবে না। তাঁর দাবি, ইউরোপে ইতিমধ্যে বসবাসরত লাখ লাখ অ-ইউরোপীয় মানুষের উপস্থিতি এবং তাঁদের কারণে ইউরোপের সংস্কৃতি ও শহরের চেহারা বদলে যাওয়াই মানুষের প্রধান উদ্বেগ।
তাঁদের পরিকল্পনা শুধু নতুন অভিবাসী বা শরণার্থীদের ফেরত পাঠানোর মধ্যে সীমাবদ্ধ নয়। দেশে অবৈধভাবে বসবাসকারী সবাইকে, অপরাধে দণ্ডিত অভিবাসীদের, ধর্মীয় মৌলবাদীদের এবং যাঁদের আশ্রয় পাওয়ার কারণ আর কার্যকর নেই—যেমন সিরীয় শরণার্থীদের—ফেরত পাঠাতে চায় তারা।
যুক্তরাজ্যের রিফর্ম ইউকেও একই ধরনের অবস্থান নিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিইর আদলে অভিযান চালিয়ে কয়েক লাখ মানুষকে দেশ থেকে বের করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অভিবাসনবিরোধী বিতর্কে উগ্র ডানপন্থীরা ইতিমধ্যে অনেকটাই জয়ী হয়েছে। তাদের জনপ্রিয়তাও বাড়ছে। এখন প্রশ্ন, অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর এই ধারণা কবে মূলধারার রাজনীতির আলোচনায় পুরোপুরি জায়গা করে নেবে।
তৃতীয় পরিকল্পনা হলো, ল্য পেনের ভাষায়, ইউরোপের রাজনৈতিক অচলাবস্থা ভাঙা। তাঁর অভিযোগ, প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলো ভোটারদের বড় উদ্বেগের বিষয়গুলোতে কিছুই করার নেই—এমন মনোভাব নিয়ে বসে আছে। তিনি ক্ষমতায় গেলে কাজ করে দেখাবেন বলে প্রতিশ্রুতি দেন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও তিনি এমন অবস্থান নিতে চান। এর অর্থ, ইউক্রেনকে সহায়তা, পরিবেশবান্ধব অর্থনীতিতে রূপান্তর এবং ব্যক্তিস্বাধীনতা রক্ষার মতো নীতিও নতুন করে আলোচনায় আসতে পারে।
ব্রেক্সিটের অভিজ্ঞতার পর ইউরোপের অধিকাংশ উগ্র ডানপন্থী দল এখন আর ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছে না। বরং ইউনিয়নটিকে নিজেদের মতো করে বদলে দিতে চায়। ইতালির এক রাজনীতিক আমাকে নব্য ফ্যাসিবাদী ইতালীয় সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতা জর্জিও আলমিরান্তের একটি বক্তব্য উদ্ধৃত করে বলেছেন, ‘ইউরোপ ডানপন্থী হবে, নতুবা ইউরোপ বলে কিছু থাকবে না।’
ইউরোপের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিতে পারলে উগ্র ডানপন্থীরাও নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে। কারণ, তখন তাদেরও দেখাতে হবে, ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও সি চিন পিংয়ের মতো বিশ্বনেতাদের প্রভাবের অধীন হওয়া থেকে ইউরোপকে কীভাবে রক্ষা করবে।
লো পেন ফ্রান্সের ইউরোপীয় ইউনিয়নের বাজেটে নিট অবদান কমাতে গণভোট এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে সরানোর প্রস্তাব দিয়েছেন। এএফডির নেতা বেনেডিক্ট কাইজারও মনে করেন, দলটি ইউরো মুদ্রা থেকে বেরিয়ে যাওয়ার বদলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের শর্ত নতুন করে আলোচনার পথে হাঁটবে। দলটির ফাঁস হওয়া একটি ইশতেহারে ইউনিয়নের ক্ষমতা কয়েকটি মৌলিক বিষয়ে সীমিত করার প্রস্তাব রয়েছে। অভিবাসন, পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা ও সদস্যদেশগুলোর মধ্যে আর্থিক সহায়তার ক্ষেত্রে জার্মানিকে ব্যাপক ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে। ল্য পেনেরও এমন ইউরোপীয় ইউনিয়ন পছন্দ হতে পারে। তিনি সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ইউনিয়নের ক্ষমতা কমিয়ে আনা হলে যুক্তরাজ্য আবার এতে যোগ দিতে উৎসাহিত হতে পারে।
নির্বাচনের ফল যা-ই হোক, অনেক দিক থেকেই উগ্র ডানপন্থীরা ইতিমধ্যে রাজনৈতিক লড়াইয়ে এগিয়ে গেছে। দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণ করবে—এমন তিনটি বিষয়ে তাদের অবস্থান কাছাকাছি। ফলে নিজেদের বর্তমান রাজনৈতিক অবস্থান ধরে রাখতে মূলধারার দলগুলোকেও হয়তো একই ধরনের নীতি গ্রহণ করতে হবে।
মধ্যপন্থী দলগুলোকে প্রমাণ করতে হবে, সাধারণ ও অসহায় নাগরিকদের নিজেদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণের সুযোগ দেওয়ার মতো রাজনৈতিক পরিকল্পনা তাদেরও আছে। ইউরোপের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিতে পারলে উগ্র ডানপন্থীরাও নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে। কারণ, তখন তাদেরও দেখাতে হবে, ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও সি চিন পিংয়ের মতো বিশ্বনেতাদের প্রভাবের অধীন হওয়া থেকে ইউরোপকে কীভাবে রক্ষা করবে।
মার্ক লিওনার্ড ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের পরিচালক
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, ইংরেজি থেকে অনূদিত