ঘরবাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের পর আতঙ্কে নড়াইলের বেন্দারচর গ্রামের বাসিন্দারা।
ঘরবাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের পর আতঙ্কে নড়াইলের বেন্দারচর গ্রামের বাসিন্দারা।

বিশ্লেষণ

নড়াইলে সহিংসতা, প্রোপাগান্ডার রাজনীতি ও সংখ্যালঘুর বিপদ

টানা কয়েক দিন ধরে গোপালগঞ্জে সহিংসতা নিয়ে দেশজুড়ে আলোচনা এক রাতেই ঘুরে গেল নড়াইলের সহিংসতার দিকে।

গোপালগঞ্জে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহিংসতা দমনে বল প্রয়োগ না করার সিদ্ধান্ত নেয় সরকার, সেই সঙ্গে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে মাঠে থাকার আওয়াজ দেয়। বল প্রয়োগ না করার সিদ্ধান্তে সরকার সফল। নাগরিক সমাজের অনেকের কাছ থেকেও সরকার সে কারণে প্রশংসা পাচ্ছিল।

কিন্তু রাজনৈতিক কর্মসূচির কারণে সেই প্রশংসার রেশ বেশিক্ষণ থাকল না। রাজনৈতিক কর্মসূচি মানে সাংগঠনিক রাজনৈতিক তৎপরতা, সেটার বদলে প্রতিশোধপরায়ণ বা প্রতিহিংসামূলক প্রতিক্রিয়া প্রধান হয়ে ওঠে তখন পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেওয়াটাই স্বাভাবিক। নড়াইলের ঘটনায় আদতে সেটিই ঘটেছে।

তবে সেই সহিংসতার চেয়েও তা নিয়ে প্রোপাগান্ডার রাজনীতি এখানে ভিন্ন এক বাস্তবতা তৈরি করে। হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে কেন্দ্র করে সেই প্রোপাগান্ডা চালানোয় তৈরি হয় নতুন ঝুঁকিও।

নড়াইলে কী ঘটেছে

গোপালগঞ্জের সহিংসতা থেকে নড়াইলের সহিংসতার ঘটনায় একটা পার্থক্য আছে। গোপালগঞ্জে সহিংসতায় যুক্ত ছিল আওয়ামী লীগ আর নড়াইলে সহিংসতার জন্য অভিযুক্ত বিএনপি।

আবার এ দুই সহিংসতার কারণও ভিন্ন। নড়াইলের সহিংসতার পেছনে পাওয়া যাচ্ছে আওয়ামী লীগ কর্তৃক বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিক্রিয়া। আর গোপালগঞ্জে সহিংসতার কারণ হিসেবে পাওয়া যাচ্ছে, আওয়ামী লীগের ভাষ্য অনুসারে ডিসেম্বরে শেখ হাসিনা ফিরবে, তার ফেরার পথ প্রস্তুত করার কর্মসূচি। যদিও নাগরিক সমাজে এই প্রশ্ন তৈরি হয়েছে, শেখ হাসিনাকে ফেরাতে কেন আওয়ামী লীগ সহিংস কর্মসূচি বেছে নিল? যাহোক, সেটি অন্য আলাপ।

বিবিসি বাংলা এবং প্রথম আলো, ডেইলি স্টার, সমকালসহ দেশের মূলধারার সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের সহিংস কর্মসূচির প্রতিবাদে দেশের অন্যান্য জায়গার মতো নড়াইলেও বিএনপি নেতা-কর্মীরা শোডাউন করেন। সেই শোডাউন যায় কালিয়া পৌরসভার আওয়ামী লীগ–অধ্যুষিত গ্রাম বেন্দারচরেও। সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে আওয়ামী লীগের হামলায় নিহত হন বিএনপির দুই নেতা। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার ঢাকা থেকে ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেখ ফরিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা সেখানে যান। তাঁরা চলে যাওয়ার পর বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত ওই গ্রামে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।

আওয়ামী লীগের হামলায় নিহত নড়াইলের দুই বিএনপি নেতা সোহেল রানা ও শাহিনুর ইসলাম

উল্লেখিত সংবাদমাধ্যমগুলো সরেজমিনে জানাচ্ছে, সে হামলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৬০–৭০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে রয়েছে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িও। বেন্দারচর গ্রামটিতে মূলত মুসলিম সম্প্রদায়ের বসবাস, সেখানে কোনো হিন্দু পরিবার বসবাসও করে না।। সে গ্রাম থেকে প্রায় চার কিলোমিটার দূরে বড় কালিয়া গ্রামের হিন্দু-অধ্যুষিত এলাকা ঘোষপাড়া। হামলাকারীরা কেবল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কৃষ্ণপদ ঘোষের বাড়িটিকেই লক্ষ্যবস্তু করেছিল। পাড়াটির অন্য কোনো বাড়িতে হামলা হয়নি। প্রতিবেদনগুলোতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরাই বিষয়টি নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের অফিশিয়াল পেজে নড়াইলের এ ঘটনার নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, সেখানেও সংখ্যালঘুর ওপর হামলার বিষয়টি কোনোভাবেই দাবি করা হয়নি। কিন্তু আওয়ামী লীগ–সমর্থিত বিভিন্ন প্ল্যাটফর্ম, পেজ ও অ্যাকটিভিস্টরা একের পর এক অপপ্রচার চালান যে নড়াইলের সহিংসতায় সংখ্যালঘুরা হামলার শিকার হয়েছেন।

অনেকে তো এক কাঠি সরেস! সেখানে সংখ্যালঘু নিধন, সংখ্যালঘু গণহত্যা ঘটেছে বলে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়িয়ে দেন। এমনকি দুই হিন্দু কিশোরীকে অপহরণের ভুয়া দাবিও করা হয়। আগুনের পাশে বসে আহাজারি করছেন সংখ্যালঘু নারী—এআই দিয়ে বানানো এমন ছবিতে সোশ্যাল মিডিয়া সয়লাব হয়ে যায়।

এসব অপপ্রচার ও উত্তেজনা চরম আকার ধারণ করে ভারতীয় কিছু মিডিয়ায় (যেমন এবিপি আনন্দ, রিপাবলিকান বাংলা, নিউজএইটিন বাংলা, এই সময়)। সেসব মিডিয়াসহ বিজেপি নেতা ও অ্যাকটিভিস্টদের প্রচারণা দেখলে মনে হতে পারে, গত কয়েক দশকেও বাংলাদেশে এমন সংখ্যালঘু নিধন হয়নি, যা নড়াইলে ঘটেছে!

দুই বিএনপি নেতা হত্যার জেরে নড়াইলের কালিয়ার বেন্দারচর গ্রামের শাহজাহান বিশ্বাসের পুড়িয়ে দেওয়া ঘর। রোববার দুপুরে তোলা

সংবাদমাধ্যম কেন দ্রুত রেসপন্স করতে পারল না

সোশ্যাল মিডিয়া ও ভারতীয় কিছু মিডিয়ার এমন ভূমিকায় তৈরি হওয়া প্যানিক বা গণ–আতঙ্কে নাগরিক অধিকার ও সংখ্যালঘু সুরক্ষা নিয়ে সচেতন বিবেকবান মানুষও বিভ্রান্তিতে পড়ে যান।

এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই মূলধারার সংবাদমাধ্যমের প্রতিবেদনের অপেক্ষায় থাকেন। নড়াইলের ঘটনায় অনেকের প্রশ্ন, মূলধারার সংবাদমাধ্যমগুলো কেন দ্রুত রেসপন্স করতে পারল না? তারা দ্রুত খবর প্রকাশ করলে কি গুজব বা প্রোপাগান্ডা এতটা ছড়াতে পারত?

এসব প্রশ্নের উত্তরে জানা দরকার, সংখ্যালঘুদের ওপর সহিংসতা নিয়ে মধ্যরাত থেকে সংঘবদ্ধ অপপ্রচারের ফলে স্বাভাবিক প্রতিবেদন করতে মূলধারার সংবাদমাধ্যমগুলো কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছিল।

স্থানীয় প্রতিনিধিরা সাধারণত জেলা শহরে কর্মরত থাকেন। এখন ঘটনাস্থল হচ্ছে নড়াইল থেকে ২৫ কিলোমিটার দূরে কালিয়া উপজেলা। ফলে মধ্যরাত পর্যন্ত চলা ঘটনায় পরদিন সকালে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে প্রতিবেদন করা, সেই প্রতিবেদন ঢাকায় পাঠানো, এরপর সতর্কতার সঙ্গে আরও যাচাই-বাছাই করে মূল ঘটনা তুলে আনার মধ্যে একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল মূলধারা সংবাদমাধ্যমগুলোকে।

এখন যারা গুজব তৈরি করে বা প্রোপাগান্ডা চালায়, তাদের ঘটনাস্থলেও যেতে হয় না, প্রকৃত ঘটনার ছবি বা ভিডিওও ধারণ করতে হয় না। সংবাদমাধ্যমের মতো দায়বদ্ধতাও তাদের নেই। নিজেদের স্বার্থ হাসিল করতে ইচ্ছাকৃতভাবে তারা অসত্য তথ্য বা বয়ান তৈরি ও প্রচার করেন দ্রুততার সঙ্গে। নড়াইলের ঘটনাও সেটিই ঘটেছে। মূলধারার সংবাদমাধ্যমগুলো এই চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করবে, তা নিয়ে আলোচনার দাবি রাখে।

আগুনে পুড়িয়ে দেওয়া বেন্দারচর গ্রামের রুস্তম মোল্যার ক্ষতিগ্রস্ত ঘর। আজ রোববার দুপুরে তোলা

প্রোপাগান্ডার রাজনৈতিক ও সামাজিক মনস্তত্ত্ব

আমরা দেখলাম, টানা কয়েকদিন ধরে চলা গোপালগঞ্জের সহিংসতাকে কীভাবে ছাপিয়ে গেল নড়াইলের সহিংসতা। নড়াইলে আওয়ামী লীগের সাবেক এমপিসহ সেখানকার নেতা-কর্মীদের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা কীভাবে হয়ে গেল সংখ্যালঘুদের ওপর হামলা বা সাম্প্রদায়িক সহিংসতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ভুয়া তথ্য, ঘটনার অতিরঞ্জন ও প্রোপাগান্ডার কারণে ঘটনার চরিত্র কীভাবে অবিশ্বাস্যভাবে বদলে দেওয়া যায়, তার বড় একটা কেস স্টাডি হতে পারে নড়াইলের এই সহিংসতা। পোস্ট-ট্রুথ পলিটিকসের কিছু পরিভাষা দিয়ে নড়াইলের সহিংসতা দারুণভাবে ব্যাখ্যা করা যায়।

ন্যারেটিভ হাইজ্যাকিং বা আক্ষরিক ভাষায় বয়ান ছিনতাই: কোনো একটি মূল ঘটনা ঘটার পর সেটির প্রকৃত কারণ ও প্রেক্ষাপট আড়াল করে পরিকল্পিতভাবে ভিন্ন একটি মনগড়া গল্প বা বয়ানকে মূল আলোচনায় বসিয়ে দেওয়ার কৌশল এটি। মূল ঘটনার বদলে নতুন আরোপিত বয়ানটিকেই সত্য বলে প্রতিষ্ঠা করতে চায় বয়ান উৎপাদনকারীরা। নড়াইলের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো প্রোপাগান্ডা ও ফেক নিউজের প্যাটার্ন বা ধরন দেখলে স্পষ্ট হয় যে প্রকৃত ঘটনা আড়াল করে ভিন্ন একটা বয়ান তৈরি করার জোরালো প্রচেষ্টা ছিল।

টমাস থিওরেম: সমাজবিজ্ঞানী ডব্লিউ আই টমাসের এই তত্ত্ব অনুযায়ী, ‘মানুষ যখন কোনো পরিস্থিতিকে (তা গুজব বা মিথ্যা হলেও) সত্য বলে সংজ্ঞায়িত করে, তখন রাজনৈতিক ও সামাজিক ফলাফলের বিচারে সেটিই বাস্তব হয়ে দাঁড়ায়।’

আমরা দেখলাম, দেশি-বিদেশি ফ্যাক্ট চেকাররা সরব হওয়ার আগে নড়াইলে সংখ্যালঘুদের ওপর হামলার মিথ্যা বয়ান কীভাবে প্রতিষ্ঠা পেয়ে যায়। ফ্যাক্ট চেকাররা তথ্যপ্রমাণ হাজির করে দেখিয়েছেন, কোনো হিন্দুপাড়া আক্রান্ত হয়নি, কোনটা এআই দিয়ে বানানো, কোন ভিডিও পুরোনো, কোন আগুন নড়াইলের, কোন আগুন ঢাকার বস্তির—এরপরও অনেক মানুষ তা মানতে নারাজ, তা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হোক।

মোটিভেটেড রিজনিং ও ইলুসারি ট্রুথ ইফেক্ট: রাজনৈতিক মনোবিজ্ঞানের এই ধারণা অনুযায়ী, কোনো গুজব বারবার শুনলে মস্তিষ্ক সেটিকে সত্য বলে ধরে নেয়। আর সেই গুজব যদি মানুষের নিজস্ব রাজনৈতিক পক্ষপাতকে সমর্থন করে, তবে তারা তথ্য-প্রমাণ উপেক্ষা করে ওই গুজবকেই সত্য হিসেবে প্রতিষ্ঠা করতে সক্রিয় হয়ে ওঠে।

নড়াইলের ঘটনা নিয়ে অনেক প্রোপাগান্ডা এ কারণেই ছড়িয়েছে। ফলে অনেকের ক্ষেত্রে মনে হয়েছে, সেখানে সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক সহিংসতা না হলেও সেটিই যেন তারা জোরালোভাবে প্রত্যাশা করে, সেটিই যেন সত্যি হতে হবে, মিথ্যা হলে বরং বিষয়টি হতাশাজনক হবে!

তখন জানপ্রাণ দিয়ে সাম্প্রদায়িক সহিংসতার ভুয়া অভিযোগকে প্রতিষ্ঠা করতে আরও বেশি অপতথ্যের আশ্রয়ও নেওয়া হয়। যেমন দেশের পুরোনো বিভিন্ন অগ্নিদুর্ঘটনার ছবি ও ভিডিওকেও সংখ্যালঘুর ওপর সহিংসতা বলে ছড়ানো হয়েছে। ভারতে সংখ্যালঘু মুসলিমকে পিটিয়ে মারার ভিডিওও প্রচার করা হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুর ওপর নির্যাতন বলে।

ভারতে সংখ্যালঘু মুসলিমকে পিটিয়ে মারার ভিডিওও প্রচার করা হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুর ওপর নির্যাতন বলে

পলিটিক্যাল গ্যাসলাইটিং: এটি একই সঙ্গে এমন এক মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক কৌশল, যেখানে প্রোপাগান্ডার মাধ্যমে সাধারণ মানুষকে তাদের নিজের দেখা বা জানা সত্যকে নিয়েই সন্দিহান করে তোলা হয় এবং পরিকল্পিত মিথ্যাকে একমাত্র সত্য হিসেবে মেনে নিতে বাধ্য করা হয়। দেরিতে হলেও আমরা জানলাম, নড়াইলে কোনো সাম্প্রদায়িক হামলা হয়নি। সংখ্যালঘুদের ঘরবাড়ি আক্রান্ত হয়নি। দেশি–বিদেশি মূলধারার সংবাদমাধ্যমেও তা প্রতিষ্ঠা পেল। এরপরও অনেক মানুষ এখনো এ ঘটনা নিয়ে সন্দিহান।

এমনকি ভারতের কিছু মিডিয়া (ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য ইকোনমিক টাইমস, দ্য টেলিগ্রাফ) সঠিক খবর প্রচার করলেও সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে অনেক পাঠকের তোপের মুখে পড়তে হয়েছে তাদের। এসব সঠিক খবরকেই তারা মিথ্যা বলছে!

মূল ভুক্তভোগীর কথা কে মনে রাখে

নড়াইলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঘরবাড়ি হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের শিকার হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। সাবেক সংসদ সদস্যসহ যেসব নেতার ঘরে আগুন দেওয়া হয়েছে, তাঁরা চব্বিশের ৫ আগস্টের পরই ঘরবাড়িছাড়া। সাবেক সংসদ সদস্যসহ কেউ কেউ জেলে, কেউ আত্মগোপনে, কেউ পালিয়ে বেড়াচ্ছেন। কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ ঘোষও আত্মগোপনে।

আক্রান্ত ব্যক্তিদের একজন বেন্দারচর গ্রামের বাসিন্দা জাকারিয়া হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, ‘এমনিতে আওয়ামী লীগের লোকজন পলাতক। টুকটাক কিছু সমর্থক পরিবার ছিল। বাকিরা সাধারণ এলাকাবাসী। সবার বাড়িঘরে লুটপাট ও আগুন দেওয়া হয়েছে। আমার বাড়িটাও পোড়াইয়া দিছে। একেক বাড়িতে কয়েকটা করে ঘর। পানি খাওয়ার মতো পরিস্থিতি নেই।’ একই গ্রামের জেসমিন বেগম বলেন, ‘আমার এক গাভী, একটা ষাঁড় আরেকটা বাছুর ছিল। সবগুলো নিয়া গেছে। বাসার স্বর্ণের চেন, কানের দুল ছিল তাও নিয়ে গেছে। সব কিছু নিয়ে তারপর আগুন ধরায়ে দিয়ে গেছে।’

প্রোপাগান্ডা ছড়ানো এবং দীর্ঘ সময় ধরে সেটিই প্রভাব বিস্তার করে রাখায় সহিংসতার ঘটনা দেশি-বিদেশি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় মূল ভুক্তভোগীদের প্রতি মনোযোগ অনেকটা গুরুত্বহীন হয়ে গেছে। যাবতীয় আলাপ, আলোচনা-সমালোচনা, তর্কবিতর্ক—সবকিছুই সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে প্রোপাগান্ডাকে ঘিরে।

ফলে এ ঘটনায় ভুক্তভোগীদের ক্ষয়ক্ষতি, তাদের বিপর্যয় পরিস্থিতি, অসহায়ত্ব এবং তাদের পুনর্বাসন ও সহায়তার বিষয়টি অনেকটা আড়ালে চলে গেছে। সেই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই সহিংসতা এবং যে হত্যাকাণ্ডের জেরে এ ঘটনা—এর বিচারের আলাপের বিষয়টি একেবারেই নাই হয়ে গিয়েছে।

সংখ্যালঘুর ঝুঁকি বা বিপদ

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে সংখ্যালঘু ইস্যু এবং একে ঘিরে ঘরে-বাইরে নানা প্রচার-অপপ্রচার এখানে বারবার আলোচনা তৈরি করেছে। ডানপন্থার উত্থানের ফলে ধর্ম অবমাননাকে কেন্দ্র করে এ দুই বছরে অনেকগুলো ঘটনা ঘটেছে। যেখানে ভুক্তভোগী হয়েছে হিন্দু ও মুসলিম নির্বিশেষে। ময়মনসিংহের দীপু চন্দ্র দাস থেকে সাতক্ষীরার ওয়াহিদুজ্জামান শামীম—কাউকে পুড়িয়ে মারা হয়েছে, কাউকে পিটিয়ে।

গত দুই বছরে ধর্ম অবমাননার অভিযোগে সুনামগঞ্জ, রংপুরসহ কয়েকটি জায়গায় হিন্দুপাড়ায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এর আগে বিগত এক দশকে সংখ্যালঘুদের ওপর হামলা ও নিপীড়নের ঘটনা নিয়ে তো বহু আলোচনা হয়েছে। এ দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতা অচেনা কিছু নয়।

এখন নড়াইলে রাজনৈতিক সহিংসতা নিয়ে যখন সাম্প্রদায়িক সহিংসতার গুজব বা অপপ্রচার ছড়ানো হয়, তাতেও ক্ষতিটা হয় সংখ্যালঘু মানুষদেরই।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন

ধর্মীয় সংবেদনশীলতা ছাড়াও সংখ্যালঘু ইস্যু নাগরিক অধিকারের জায়গা থেকেও গুরুত্বপূর্ণ। ফলে সচেতন নাগরিক সমাজ সব সময় সংখ্যালঘুর সুরক্ষার বিষয়ে সোচ্চার থাকেন। তাদের প্রতি যেকোনো সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিতে দ্বিধা করেন না। এমন প্রোপাগান্ডার বড় বিপদ হচ্ছে, সচেতন নাগরিকেরাও এতে দ্বিধায় পড়ে যান। তখন ভবিষ্যতে সংখ্যালঘুর প্রতি সহিংসতা নিয়ে প্রতিবাদ করা নিয়েও তাদের মধ্যে সংশয় তৈরি হতে পারে।

সত্যিকার অর্থে কোনো ঘটনা ঘটলেও মানুষ দ্রুত রেসপন্স বা প্রতিক্রিয়া জানাতে এগিয়ে আসতে চাইবে না। অনেকে আগের মতো প্রোপাগান্ডা মনে করে বিশ্বাস করবে না, অনেকের কাছে তা হবে রাজনীতিতে ‘সংখ্যালঘু কার্ড’ ব্যবহার।

এই বিপদ নড়াইলের হিন্দু সম্প্রদায় ও তাদের কমিউনিটির নেতারা সত্যিকার অর্থে উপলব্ধি করতে পেরেছেন। এ কারণে নড়াইলে কোনো হিন্দুপাড়া হামলার শিকার হয়নি—এমন সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় তাদের অনেকের বক্তব্য প্রকাশ পেয়েছে, এমনকি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনেও বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের এক নেতা মন্তব্য করেছেন, নড়াইলে যে সহিংসতা ঘটেছে তা রাজনৈতিক, সাম্প্রদায়িক নয়।

সংখ্যালঘু ইস্যুকে ‘সংখ্যালঘু কার্ড’ বানানোর ফলে কী হতে পারে, তারই একটি নমুনা এরই মধ্যে প্রকাশ পেয়েছে। নড়াইলে সহিংসতার পর এখন জানা যাচ্ছে, এর আগে গোপালগঞ্জে সহিংসতায় বিএনপি সমর্থন করার কারণে কিছু হিন্দু পরিবার ও তাদের ঘরবাড়িও আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলার শিকার হয়েছে। এ ঘটনা দেরিতে প্রকাশ পেলেও এ নিয়ে নাগরিক সমাজের মধ্যে কোনো আলোচনাই নেই।

সবশেষে বলতেই হচ্ছে, নড়াইলের সহিংসতাকে কেন্দ্র করে ঘরে-বাইরে এই প্রোপাগান্ডা এবং তা নিয়ে নেতিবাচক রাজনীতি ভবিষ্যতে সংখ্যালঘু ইস্যুর আলোচনাতেও হাজির থাকবে।

  • রাফসান গালিব প্রথম আলোর সম্পাদকীয় সহকারী। ই-মেইল: rafsangalib1990@gmail.com

    মতামত লেখকের নিজস্ব