শ্রদ্ধাঞ্জলি

অসমান্তরাল রেজা ভাই: যাঁর স্বপ্ন ছিল আকাশছোঁয়া

রেজা আলী
ছবি: প্রথম আলো

রেজা ভাই। অন্য রকম মানুষটাকে নিয়ে লেখার স্পর্ধা আমার হবে, তা কোনো দিন ভাবিনি। আর তাই তাপসদার কাছ থেকে ‘অসমান্তরাল রেজা ভাই’ কথাটি হেডলাইন হিসেবে ধার করলাম। মানুষটি যেমন ছিলেন সহানুভূতিশীল ও সদয়, তেমনই বেপরোয়া। আর কোনো এক অজ্ঞাত কারণে স্বপ্রকাশে সব সময় অন্তরালে থাকতে পছন্দ করতেন। দু-চারটা বিজ্ঞাপন বানিয়ে এখন আমরা অনেকেই বুক চাপড়াতে থাকি, নিজেকে বলতে চাই এই শিল্পের পুরোধা, অথচ মানুষটা দশকের পর দশক ব্র্যান্ড বানিয়েছেন, কিন্তু নিজের প্রচারণায় ছিলেন বিমুখ।

এতটাই অন্তরালে থাকতে পছন্দ করতেন যে তাঁর চরিত্রের এই বিশেষত্ব কাছের মানুষেরাই বুঝতে পারতেন। ১৯৯৬-এর মাঝামাঝি সময়ে এই প্রিয়জনের সান্নিধ্যে এসে আমার বিজ্ঞাপনে হাতেখড়ির সৌভাগ্য হলেও তার প্রভাব হয়তো আমার বাকি জীবনে থেকে যাবে। আজ তিনি নেই, কিন্তু রেখে গেছেন বিটপীর ছায়াতলে বেড়ে ওঠা কিছু বিজ্ঞাপনসেবী।

তাঁরা সবাই জড়ো হয়েছিলেন গত ১০ এপ্রিল তাঁর ৮৩তম জন্মদিনে। আর কিছুদিন থাকলে আরও কিছু বেসামাল কথা বলে যেতে পারতেন বেপরোয়া স্বভাবের মানুষটি। শুভেচ্ছা জানাই রানা সুস্তাফী ভাইকে, জন্মদিনের অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করার জন্য।

১৯৬৮ সালে স্বপ্রণোদিত হয়ে রেজা ভাই বিটপী বিজ্ঞাপনী সংস্থাটির কার্যক্রম শুরু করেন। দূরদর্শিতা আর সাহসিকতাকে পুঁজি করে নিজের দেশের লোকবল নিয়ে তিনি যে উদ্যোগটি শুরু করেন, তা একটি উদীয়মান দেশ ও জাতি এবং নতুন শিল্পের বিকাশে অত্যাবশ্যক ছিল। তিনি বিশ্বাস করতেন, ব্র্যান্ড বিল্ডিংকে পুঁজি করে, গ্রাহক সচেতনতাকে বাড়িয়ে এবং সামাজিক বৈষম্য কমিয়ে একটি স্মার্ট কমিউনিটি গঠন করা সম্ভব। তিনি বলতেন, ‘সৃজনশীলতা হলো নিজের অভিব্যক্তি। বড় কিছু সৃষ্টি করতে চাইলে তাতে নিজেকে জুড়ে দিতে হয়, তা আবেগ, ভালোবাসা, বিশ্বাস—যা-ই হোক না কেন।

নিজের অভিব্যক্তিরই প্রকাশ পাবে অ্যাডভারটাইজিং। আপনি হয়তো নানা শ্রেণির গ্রাহকের সঙ্গে আলাপচারিতা বা নানা রকম কাজে নিয়োজিত থাকতে পারেন, কিন্তু দিন শেষে তা হবে আপনার বিশ্বাস ও কাজের বহিঃপ্রকাশ।’ এসব কথা তিনি আমাকে যখন বলছিলেন, তখন আমরা ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে জিএসকে আর রেকিটের কর্মকর্তাদের সঙ্গে এক মিটিংয়ে যাচ্ছিলাম চট্টগ্রামে। রেজা ভাইয়ের সঙ্গে কোনো ট্রিপে যাওয়ার অভিজ্ঞতা ছিল একই সঙ্গে অনেক আনন্দের আর ভূরিভোজের। খাওয়াদাওয়ার ব্যাপারে তিনি একটু বেশিই উৎসাহী ছিলেন।

বুঝি আর না-বুঝি, অ্যাডভারটাইজিং নিয়ে আমার ভালো লাগাটা সব সময় একটু বেশিই ছিল। কারণ, মনে হতো একটি জনগোষ্ঠীর কাছে সহজেই পৌঁছার এবং প্রভাব ফেলার এর চেয়ে ভালো কিছু নেই। বাবা আমার ইংরেজি পারদর্শিতা নিয়ে যতটা না ক্রিটিক্যাল ছিলেন, রেজা ভাই ছিলেন তার চেয়েও বেশি খুঁতখুঁতে। আর তাই ‘মিডিয়া সিনারিও অব বাংলাদেশ’ নিয়ে লেখা আমার প্রথম অ্যাসাইনমেন্ট নির্মমভাবে ক্ষতবিক্ষত হয়েছিল তাঁর কলমের আঁচড়ে।

বিটপীতে আমার বয়স তখন এক মাস। মনে হলো, বাংলাদেশের মিডিয়াকে বদলে দেওয়ার রেজা ভাই যোগ্য লোক খুঁজে পেয়েছেন। এ ক্ষেত্রে বিটপীর আলাউদ্দিন ভাইয়ের অবদানও ভোলার নয়। পরে ভয়ে মিডিয়া ছেড়ে আমি ক্লায়েন্ট সম্পর্ক রক্ষায় মনোনিবেশ করি।

বাংলাদেশে সিমেন্স এস৬ হ্যান্ডসেট লঞ্চের আগে কোনো এক শুক্রবার আমাদের উদ্দেশে লিও বার্নেট ইনসাইট মাইনিং টুল বিষয়ে রেজা ভাইয়ের বিষয়ভিত্তিক আলোচনা আজও আমার সুখস্মৃতি হয়ে আছে। তিনি আমাকে একজন কাস্টমারের দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখতে বলতেন, আমার স্মৃতি, বেড়ে ওঠা, অভিজ্ঞতা, পছন্দ-অপছন্দ, আবেগ-অনুভূতি, যা আমাকে একজন সংবেদনশীল মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে। আমি দেখেছি, তিনি তাঁর চারপাশের মানুষের স্বতন্ত্র গুণকে সৃজনশীলতায় ফুটিয়ে তুলতে অনুপ্রাণিত করতেন। তাঁর প্রভাবেই আমার চিন্তাধারার আমূল পরিবর্তন লক্ষ করি।

তবে তিনি বিষয়টি ক্লাসরুমে কারও সঙ্গে কখনোই শেয়ার করতে চাননি। আর অন্যের সীমানায় না যাওয়াটা যে বুদ্ধিমানের কাজ, এটা তাঁর কাছ থেকেই শিখেছি। তিনি বলতেন, ‘স্কুল চালাবেন শিক্ষক আর আমরা অ্যাডভারটাইজিংয়ের হাল ধরব।’ তাঁকে কখনোই ক্লায়েন্ট মিটিং শেষে তৃপ্ত হয়ে হাসিমুখে ফিরতে দেখিনি। ক্লায়েন্ট ব্রিফে তাঁর কাছে অনেক প্রশ্ন থাকত।

ওরস্যালাইন, সিঙ্গার, বাটা, অলিম্পিক ব্যাটারি, মায়া, মোবিল বাংলাদেশ, সিমেন্স, রাজার মতো ব্র্যান্ডগুলোকে বাংলাদেশে কিংবদন্তি ব্র্যান্ড হিসেবে গড়ে তোলায় তাঁর অবদান অবিস্মরণীয়। তিনি মনেপ্রাণে বিশ্বাস করতেন, অ্যাডভারটাইজিং একটি প্রক্রিয়া; কিন্তু সৃজনশীলতা নয়।

রেজা ভাইয়ের স্বাধীনচেতা স্বভাব আর চারপাশের মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক স্থাপনের ব্যাপারটি ছিল অবাক করার মতো। সহকর্মী ও ক্লায়েন্টদের প্রতি তিনি শুধু সহানুভূতিশীলই ছিলেন না, কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে যেকোনো ধরনের সহযোগিতার জন্য সব সময়ই উদ্‌গ্রীব থাকতেন।

রেজা ভাইয়ের সাহচর্য ছিল সংক্রামক। অনেক শুক্র, শনিবার তাঁর সঙ্গে কোনো রকম বিরক্তি ছাড়াই কাজ করেছি। বন্ধের দিনগুলোতে কাজ করার উপরি পাওনা ছিল বাসা থেকে আনা লাঞ্চ। মাখামাখি রকম রসুন দিয়ে রান্না করা কই মাছের স্বাদ আজও মুখে লেগে আছে। খাওয়াদাওয়ার বিষয়ে তিনি ছিলেন চরম উৎসাহী। চট্টগ্রামের কোন গলির কোন খাবারের দোকানের বিশেষত্ব কী, তিনি তা আমার চেয়ে ভালো জানতেন। আমি চট্টগ্রামের কৃতী সন্তান হয়েও এ সম্পর্কে কম জ্ঞান থাকার কারণে তাঁর কাছে ভর্ৎসনারও শিকার হয়েছি।

বিগত বছরে এ দেশে বিজ্ঞাপন শিল্পের বিকাশে অসামান্য অবদানের জন্য রেজা ভাই আমাদের মধ্যে নিঃসন্দেহে একজন পথিকৃৎ হয়ে থাকবেন। প্রয়াত এনায়েত করীম, প্রয়াত মুক্তাদির ভাই, আলী যাকের ভাই, রামেন্দু মজুমদার দা, আসাদুজ্জামান নূর ভাই, গীতি আরা সাফিয়া চৌধুরী, সারা যাকের আপা, ফখরুল কামাল ভাই, সৈয়দ ইকবালের অবদানও আমরা স্মরণ করি পরম শ্রদ্ধাায়।

রেজা ভাইয়ের সঙ্গে সরাসরি কাজ করেছেন বা তাঁর সাহচর্যে এসেছেন, তাঁরা হয়তো আমার ওপরের লেখায় কী বলতে চেয়েছি, তা আঁচ করতে পারবেন। এ উপমহাদেশের কমিউনিকেশন ইন্ডাস্ট্রি আমাদের যে কয়জন কিংবদন্তি উপহার দিয়েছে, যাঁরা কেবল এ শিল্পের বিকাশে অবদানই রাখেননি; বরং আমাদের শিখিয়েছেন কীভাবে নিছক পণ্য ও সেবা বিক্রির ঊর্ধ্বে উঠে আনন্দে বাঁচতে হয়। একান্তই নিজের ভুবনটাকে কীভাবে কাছের মানুষের মধ্যে মেলে ধরা যায়, রেজা আলী ছিলেন এমনই এক কিংবদন্তি। তিনি আমাদের শুধু ব্যবসার বাণিজ্যিক কৌশলই নয়, বিজ্ঞাপনের মাধ্যমে কীভাবে মানুষের হৃদয় ছোঁয়া যায়, তার উপায়ও খুব ভালোভাবেই রপ্ত করতে শিখিয়েছেন। এক অস্থির সময়েও নতুন, সম্ভাবনাময় কিছুও যে শুরু করা যায়, সফল বিজ্ঞাপন ব্যক্তিত্ব রেজা আলী ছিলেন তারই অনন্য দৃষ্টান্ত।

বিগত বছরে এ দেশে বিজ্ঞাপন শিল্পের বিকাশে অসামান্য অবদানের জন্য রেজা ভাই আমাদের মধ্যে নিঃসন্দেহে একজন পথিকৃৎ হয়ে থাকবেন। প্রয়াত এনায়েত করীম, প্রয়াত মুক্তাদির ভাই, আলী যাকের ভাই, রামেন্দু মজুমদার দা, আসাদুজ্জামান নূর ভাই, গীতি আরা সাফিয়া চৌধুরী, সারা যাকের আপা, ফখরুল কামাল ভাই, সৈয়দ ইকবালের অবদানও আমরা স্মরণ করি পরম শ্রদ্ধাায়। সাম্প্রতিক বছরগুলোতে এ শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে, যার অনেকটাই সম্ভব হয়েছে দেশের আর্থিক প্রবৃদ্ধি ও একটি ক্রমবর্ধমান ভোক্তা ব্যয় মানসিকতার কারণে। সাধুবাদ পরবর্তী প্রজন্মের প্রতিও যাঁরা মেধা আর মননশীলতার মিশেলে এ শিল্পকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিচ্ছেন।

বাংলাদেশে অ্যাডভারটাইজিংয়ের শুরুটা ছিল সীমিত পরিসরে, মূলত পত্রিকা ও ম্যাগাজিননির্ভর প্রিন্ট মিডিয়াকেন্দ্রিক। তবে দেশে টেলিভিশন ও রেডিওর সম্প্রচার বাড়তে থাকলে অ্যাডভারটাইজিংয়ের ব্যাপ্তিও এ দুটি মাধ্যমের ওপর ভর করে বাড়তে থাকে। ১৯৯০-এর দিকে দেশে প্রথম প্রাইভেট টিভি চ্যানেলের সম্প্রচারের মধ্য দিয়ে অ্যাডভারটাইজাররা গ্রাহকদের অন্দরে পৌঁছার এক নতুন সুযোগ খুঁজে পান।

২০০০ সালের গোড়ার দিকে বাংলাদেশে ইন্টারনেট জনপ্রিয় হয়ে উঠতে থাকে ও ডিজিটাল অ্যাডভারটাইজিং বিজ্ঞাপনের একটি নতুন মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করতে শুরু করে। ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোও দেশে জনপ্রিয় হয়ে ওঠে, যা নতুন পণ্য ও সেবা নিয়ে গ্রাহকদের কাছে পৌঁছাতে অ্যাডভারটাইজারদের জন্য এক নতুন সম্ভাবনা এনে দেয়।

সৃজনশীল বিজ্ঞাপনী সংস্থা, মিডিয়া চ্যানেল, ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান নিয়ে গড়ে ওঠা আমাদের বিজ্ঞাপন শিল্প আজ অনেক বহুমুখী ও গতিশীল। ক্রমবর্ধমান ভোক্তা বাজার, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা, একটি প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থায় নিজেদের অবস্থান ধরে রাখার মতো বিষয়গুলো এ শিল্পের বিকাশে অবদান রেখে চলেছে।

সার্বিকভাবে বলা যায়, বাংলাদেশের বিজ্ঞাপন শিল্প অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছে এবং পরিবর্তিত বাজার পরিস্থিতি ও ভোক্তা আচরণের সঙ্গে সামঞ্জস্য রক্ষা ও খাপ খাইয়ে নিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বলার অপেক্ষা রাখে না, রেজা ভাই আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত ও আদর্শ রেখে গেছেন। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এই স্বপ্নবিলাসীর কাছে, যাঁর ইতিবাচক দৃষ্টিভঙ্গি অনুপ্রেরণা ছাপিয়ে আমাদের মধ্যে সংক্রমিত হয়েছে অগ্নিস্ফুলিঙ্গের মতো।

  • এ জেড এম সাইফুদ্দিন বিটপীতে প্রয়াত রেজা আলীর সাবেক সহকর্মী। পেপার রাইম অ্যাডভারটাইজিংয়ের এমডি এবং চিফ ক্রিয়েটিভ অফিসার