আত্মশুদ্ধি

শুধু আল্লাহর ভয়: কেন এবং কীভাবে মনে জাগিয়ে তুলবেন

মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর দৃষ্টি এড়ানোর কোনো সুযোগ নেই। এই বিশ্বাস যার অন্তরে থাকে, নির্জন প্রান্তরেও সে অন্যায় করতে পারে না।

কারণ, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ তো দেখছেন। একজন মুমিনের জীবনে এই অনুভূতিই হলো খোদাভীতি বা তাকওয়া।

কেন আল্লাহর ভয় থাকা দরকার

আমাদের প্রাত্যহিক জীবনে আল্লাহর ভয় বা জবাবদিহির অনুভূতি থাকা জরুরি কয়েকটি কারণে:

১. গোপন পাপ থেকে বাঁচতে: মানুষ লোকলজ্জার ভয়ে প্রকাশ্যে অনেক অপরাধ থেকে বিরত থাকলেও গোপনে পাপে জড়িয়ে পড়ে।

আল্লাহর ভয় অন্তরে থাকলে মানুষ নির্জনে এবং অগোচরেও নিজেকে পবিত্র রাখতে পারে।

২. দায়িত্ব পালনে সৎ থাকতে: প্রকৃত সততা হলো মানুষের অগোচরেও নিজের দায়িত্ব ও আমানত যথাযথভাবে রক্ষা করা।

ব্যবসায়ী হিসেবে পণ্যের মান ও পরিমাপে, চাকরিজীবী হিসেবে কর্মঘণ্টা ও দায়িত্ব পালনে, শিক্ষক হিসেবে শিক্ষার্থীর হক আদায়ে এবং অভিভাবক হিসেবে সন্তানের লালন-পালনে—আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতিই মানুষকে খাঁটি ও সৎ বানায়।

৩. উভয় জগতের কল্যাণের জন্য: আল্লাহর ভয় মানুষকে দুনিয়াতে সম্মানিত করে এবং পরকালে আল্লাহর রহমত ও মুক্তির পথ সুগম করে।

‘তোমার মালিককে না জানিয়ে আমাকে একটি বকরি দিয়ে দাও। মালিককে বলবে, নেকড়ে খেয়ে ফেলেছে।’ রাখাল তৎক্ষণাৎ আকাশের দিকে মাথা তুলে বলল, ‘তাহলে আল্লাহ কোথায়?’

কীভাবে আল্লাহর ভয় মনে জাগাবেন

আল্লাহর ভয় অর্জনের চমৎকার একটি বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন একজন রাখাল বালক। সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর (রা.) ও সেই রাখালের ঘটনাটি থেকে আমরা খোদাভীতি অর্জনের উপায়গুলো শিখতে পারি:

১. ‘আল্লাহ সবখানে’: একদিন আবদুল্লাহ ইবনে ওমর (রা.) একদল সঙ্গী নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথে এক রাখালের সঙ্গে দেখা হলে তিনি তার সততা যাচাইয়ের জন্য বলেন, ‘তোমার মালিককে না জানিয়ে আমাকে একটি বকরি দিয়ে দাও। মালিককে বলবে, নেকড়ে খেয়ে ফেলেছে।’

রাখাল তৎক্ষণাৎ আকাশের দিকে মাথা তুলে বলল, ‘তাহলে আল্লাহ কোথায়?’

অর্থাৎ, মালিককে মিথ্যা বলা গেলেও আল্লাহর কাছে তো কিছুই গোপন থাকবে না। আমাদেরও উচিত, যেকোনো কাজ বা অন্যায়ের সুযোগ সামনে এলে নিজেকে প্রশ্ন করা—‘মানুষ না দেখলেও আল্লাহ তো দেখছেন, আল্লাহ কোথায় নেই?’

২. আল্লাহর উপস্থিতির অনুভূতি: রাখালের ওই জবাবের পেছনে ছিল আল্লাহর প্রতি গভীর বিশ্বাস। এই অনুভূতিকেই ইসলামের পরিভাষায় বলা হয় ‘মুরাকাবা’, মানে সর্বদা আল্লাহর পর্যবেক্ষণের কথা স্মরণে রাখা।

পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘সে কি জানে না যে আল্লাহ দেখেন?’ (সুরা আলাক, আয়াত: ১৪)

অন্যত্র বলেন, ‘তোমরা যেখানেই থাকো, তিনি তোমাদের সঙ্গে আছেন। আর তোমরা যা করো, আল্লাহ তা দেখেন।’ (সুরা হাদিদ, আয়াত: ৪)

তিনি মালিকের কাছ থেকে বকরিগুলোসহ ওই রাখালকে কিনে তাকে মুক্ত করে দেন এবং বকরিগুলোও তাকে উপহার হিসেবে দিয়ে দেন।

৩. ‘ইহসান’-এর স্তরে পৌঁছার চেষ্টা: ফেরেশতা জিবরাইলের বিখ্যাত হাদিসে রাসুল (সা.) ইহসানের পরিচয় দিতে গিয়ে বলেছেন, ‘তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে, যেন তুমি তাঁকে দেখছ। আর যদি তুমি তাঁকে দেখতে না পাও, তবে নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৫০)

রাখাল বালকের আচরণে এই শিক্ষারই বাস্তব প্রতিফলন দেখা যায়। তার সামনে সহজে অন্যায় করার সুযোগ ছিল। আশপাশে নজরদারি করার কেউ নেই, চাইলেই বকরি বিক্রি করে অর্থ আত্মসাৎ করতে পারত। কিন্তু তার মনে ইহসান জাগ্রত ছিল বলে বিবেক তাকে বাধা দিয়েছে।

ঘটনার শিক্ষা ও আমাদের করণীয়

রাখালের এই একটি বাক্য আবদুল্লাহ ইবনে ওমরের হৃদয়ে এমন দাগ কেটেছিল যে তিনি শপথ করে বলেন, ‘“আল্লাহ কোথায়?” এই প্রশ্ন করার অধিক হকদার তো আমি নিজেই।’

পরবর্তী সময়ে তিনি মালিকের কাছ থেকে বকরিগুলোসহ ওই রাখালকে কিনে তাকে মুক্ত করে দেন এবং বকরিগুলোও তাকে উপহার হিসেবে দিয়ে দেন। (তাবারানি, আল-মুজামুল কাবির, হাদিস: ১৩০৫৪)

একজন সামান্য রাখালের ছোট্ট জবাব যদি আবদুল্লাহ ইবনে ওমরের মতো মহান সাহাবিকেও আত্মসমালোচনায় উদ্বুদ্ধ করতে পারে, তবে আমাদেরও উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই প্রশ্নটি নিজেদের সামনে রাখা। মানুষ না দেখলেও আল্লাহ তো দেখছেন।

  • নাহিদা সুলতানা : আলেমা ও প্রাবন্ধিক

    nahidasultana753375@gmail.com