রমজান ২০২৬: রোজা কোথায় দীর্ঘ, কোথায় সংক্ষিপ্ত

পৃথিবীর ঘূর্ণন আর অক্ষের হেলে থাকার কারণে প্রতিবছরের মতো এবারও বিশ্বজুড়ে রোজা রাখার সময়সীমায় বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে।

২০২৬ সালের পবিত্র রমজান মাসে উত্তর গোলার্ধের দেশগুলোতে দীর্ঘ সময় না খেয়ে থাকতে হবে রোজাদারদের, অন্যদিকে দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে রোজার সময় হবে তুলনামূলক অনেক কম।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, এবারের রমজানে বিশ্বের দীর্ঘতম রোজা হবে ফিনল্যান্ডের হেলসিংকি শহরে। সেখানে মুসুল্লিদের দিনে প্রায় সাড়ে ১৭ ঘণ্টা রোজা রাখতে হবে।

অন্যদিকে, সবচেয়ে কম সময় রোজা রাখতে হবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে; যেখানে সময়সীমা মাত্র সাড়ে ১১ ঘণ্টা।

কেন এই সময়ের পার্থক্য

ভৌগোলিক অবস্থান ও সূর্যের অবস্থানের কারণে এই তারতম্য ঘটে। বিষুবরেখার কাছাকাছি দেশগুলোতে রোজার সময় সাধারণত ১৪ ঘণ্টার আশেপাশে থাকে।

কিন্তু উত্তর ও দক্ষিণ মেরুর দিকের দেশগুলোতে ঋতুভেদে এই সময় ২০ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ হতে পারে। গ্রিনল্যান্ড বা আলাস্কার মতো জায়গায় যেখানে সূর্য ডুবতে চায় না, সেখানে আলেমগণ সৌদি আরবের মক্কার সময় অনুসরণ করে রোজা রাখার পরামর্শ দেন।

সবচেয়ে দীর্ঘ সময় যেখানে রোজা (২০২৬)

এবারের তালিকায় দীর্ঘতম রোজার দেশগুলোর বেশিরভাগই ইউরোপ ও উত্তর আমেরিকা মহাদেশের।

  • হেলসিংকি, ফিনল্যান্ড: ১৭.৫ ঘণ্টা

  • নুক, গ্রিনল্যান্ড: ১৭ ঘণ্টা

  • গ্লাসগো, স্কটল্যান্ড: ১৬.৫ ঘণ্টা

  • অটোয়া, কানাডা: ১৬.৫ ঘণ্টা

  • জুরিখ, সুইজারল্যান্ড: ১৬.৫ ঘণ্টা

  • লন্ডন, যুক্তরাজ্য: ১৬ ঘণ্টা

সবচেয়ে কম সময় যেখানে রোজা (২০২৬)

দক্ষিণ গোলার্ধে এখন আবহাওয়া অনুকূলে থাকায় সেসব দেশে রোজার সময় বেশ কম।

  • ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড: ১১.৫ ঘণ্টা

  • পুয়ের্তো মন্ট, চিলি: ১১.৫ ঘণ্টা

  • বুয়েনস আইরেস, আর্জেন্টিনা: ১২ ঘণ্টা

  • কেপটাউন, দক্ষিণ আফ্রিকা: ১২.৫ ঘণ্টা

  • জাকার্তা, ইন্দোনেশিয়া: ১২.৫ ঘণ্টা

মধ্যপ্রাচ্য ও এশিয়ার চিত্র

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো দেশগুলোতে রোজার গড় সময় হবে প্রায় ১৪ ঘণ্টা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানের করাচিতে ১২ ঘণ্টা এবং ভারতের নয়াদিল্লিতে প্রায় সাড়ে ১২ ঘণ্টা রোজা রাখতে হবে মুসুল্লিদের।

ঢাকার চিত্র

ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, বাংলাদেশে এবার রোজার সময় হবে মধ্যম সারির। ১৯ ফেব্রুয়ারি (চাঁদ দেখা সাপেক্ষে) প্রথম রোজায় ঢাকায় সাহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে।

অর্থাৎ প্রথম রোজার দৈর্ঘ্য হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট। রমজানের শেষ দিকে দিনের দৈর্ঘ্য বেড়ে তা প্রায় ১৩ ঘণ্টা ২৪ মিনিটে দাঁড়াবে।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই পবিত্র মাসে বিশ্বের কোটি কোটি মুসলিম তাদের ভৌগোলিক অবস্থান অনুযায়ী এই ভিন্ন ভিন্ন সময়সূচি মেনে সিয়াম সাধনা করবেন।

ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস রমজানে মুসলিমরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। দীর্ঘ সময়ের রোজা মুসুল্লিদের ধৈর্য ও আত্মসংযমের পরীক্ষা নিলেও আধ্যাত্মিক আবহ বিশ্বজুড়ে এক অনন্য সংহতি তৈরি করে।

সূত্র: দি ইসলামিক ইনফর্মেশন ডট কম