সোনাল দিনুশা
সোনাল দিনুশা

দিনুশার ব্যাটে শ্রীলঙ্কার ফলো অন বাঁচানোর লড়াই

গল টেস্টের মতো কলম্বো টেস্টেও একাই লড়াই করছেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১০০ ও ৮৪ রানের ইনিংস খেলা দিনুশা এই টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত আছেন ৮৫ রানে।

বাঁহাতি এই ব্যাটসম্যান লড়াই করছেন দলকে ফলো অন থেকে বাঁচানোর জন্য। ৮ উইকেটে ২৬৫ রান করে তৃতীয় দিন শেষ করা শ্রীলঙ্কাকে ফলো অন এড়াতে আরও করতে হবে ৩৯ রান।

ভারত কলম্বো টেস্টে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে।

শ্রীলঙ্কা দিনের শুরুটা করেছিল ২ উইকেটে ৮ রান নিয়ে। তৃতীয় দিনে হওয়া ৮০.৪ ওভারে শ্রীলঙ্কা ৬ উইকেট হারিয়ে তুলেছে ২৫৭ রান। এখনো তারা পিছিয়ে ২৩৮ রানে।

দিনুশা ছাড়া এই ইনিংসে শ্রীলঙ্কার হয়ে ফিফটি করেছেন পাসিন্দু সুরিয়াবান্দারা। ৮০ রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হয়েছেন তিনি। পাসিন্দু যখন আউট হন, তখন শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ১৭১, স্কোরবোর্ডে আর ২ রান যোগ করতেই আউট হন নিরোশান ডিকভেলাও।

তখন মনে হচ্ছিল, শ্রীলঙ্কার ফলো অনে পড়া সময়ের ব্যাপার। তা হয়নি দিনুশার কারণে। তিনি অষ্টম উইকেটে কেশারা নুয়ান্তার সঙ্গে ৫৭ রানের জুটির পর নবম উইকেটে লাহিরু কুমারাকে নিয়ে গড়েছেন ৩৫ রানের জুটি। দিনের শেষ দিকে বৃষ্টি শুরু হলে তৃতীয় দিনের খেলা আগেভাগেই শেষ হয়েছে।

দিনের শেষ দিকে বৃষ্টি শুরু হলে তৃতীয় দিনের খেলা আগেভাগেই শেষ হয়েছে

৮৫ রানে ব্যাটিং করা দিনুশা কাল কি নিজের দ্বিতীয় সেঞ্চুরি পাবেন? সেঞ্চুরি পান বা না পান, ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের টেস্ট ক্যারিয়ারের শুরুটা হয়েছে দুর্দান্ত।

বাংলাদেশের বিপক্ষে গত বছরের জুনে অভিষেক হয়েছে তাঁর। সেই টেস্টে এক ইনিংস ব্যাটিং করে আউট হন ১১ রানে। দিনুশার ছোট্ট টেস্ট ক্যারিয়ারে ব্যর্থতা বলতে এটুকুই। এরপর বাঁহাতি এই ব্যাটসম্যান খেলেছেন ৭ ইনিংস, তাতে সেঞ্চুরি একটি, ৮০–এর বেশি রানের ইনিংস আরও তিনটি। সবচেয়ে কম রানের ইনিংসটিও ২৮।