জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্করাম
জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্করাম

৮ বারের চেষ্টায় সফল হলো দক্ষিণ আফ্রিকা

টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যাটিংটা ভালোই হলো দক্ষিণ আফ্রিকার। গতকাল রাতে পার্লে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেটে ১৭৩ রান ১৭.৫ ওভারেই টপকে ৯ উইকেটের দারুণ জয় তুলে নেয় এইডেন মার্করামের দল। বিশ্বকাপের বাইরে এ নিয়ে অষ্টমবারের চেষ্টায় টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম জয় পেল দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়া অধিনায়ক মার্করাম একদম সঠিক সময়ে ফর্মে ফিরেছেন। ১৮ মাস ধরে এই সংস্করণে রানখরায় ভোগার পর বড় রানের দেখা পেলেন এসএটি২০-তে সেঞ্চুরি পাওয়া মার্করাম। ৪৭ বলে অপরাজিত ৮৬ রানের পথে ৯টি চার এবং ৩টি ছক্কা মারার পাশাপাশি মাত্র ৮টি বল ‘ডট’ দেন এই ওপেনার। ২৭ রানে আকিল হোসেনের কাছে ‘জীবন’ পাওয়া মার্করামের আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এটাই সর্বোচ্চ রানের ইনিংস।

লুহান-ডি-প্রিটোরিয়াস ও মার্করামের ওপেনিং জুটিতে ৭.৫ ওভারে উঠেছে ৮৩ রান। ২৮ বলে ৪৪ করে আউট হন লুহান। দ্বিতীয় উইকেটে ৬০ বলে অবিচ্ছিন্ন ৯৩ রানের জুটিতে প্রোটিয়াদের জয় এনে দেন মার্করাম ও রায়ান রিকেলটন। ৩২ বলে ৪০ রানে অপরাজিত ছিলেন রিকেলটন।

টি–টুয়েন্টি বিশ্বকাপের আগে মার্করামের ফর্মে ফেরা দক্ষিণ আফ্রিকার জন্য স্বস্তির

টসে জিতে আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেউ ফিফটি পাননি। ৩২ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন শিমরন হেটমায়ার। ২৫ বলে অপরাজিত ২৯ করেন রোভম্যান পাওয়েল। ২৫ রানে ৩ উইকেট নেওয়া প্রোটিয়া স্পিনার জর্জ লিন্ডে ম্যাচসেরা। তিন ম্যাচের এ সিরিজে আগামীকাল সেঞ্চুরিয়নে দ্বিতীয় ম্যাচ।

উইকেটসংখ্যা বিচারে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটাই সবচেয়ে বড় ব্যবধানের জয় দক্ষিণ আফ্রিকার। জয়ের পর প্রোটিয়া অধিনায়ক মার্করাম বলেন, ‘সব বিভাগেই সবাই ভালো করেছে। পিচও ছিল খুব ভালো। রিকেলটন ভালো ফর্মে আছে। ভালো কয়েকজন ক্রিকেটার এই দলে নেই। সব মিলিয়ে দলের গভীরতা দারুণ।’

পাওয়েল ও হেটমায়ার ওয়েস্ট ইন্ডিজের হয়ে রানের দেখা পান

দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টুয়েন্টিতে আগে ব্যাট করে কখনোই তেমন সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এ পর্যন্ত ছয় ম্যাচে আগে ব্যাট করে জিতেছে একবার, হার বাকি পাঁচ ম্যাচে। পরে ব্যাট করে চার জয় ও এক হার। যদিও হারের কারণ হিসেবে বড় জুটি গড়তে না পারার কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ, ‘আমরা ভেবেছিলাম ১৭০–এর আশপাশে স্কোরটা জেতার মতো। তবে আমাদের লক্ষ্য ছিল ১৯০ কিংবা ১৯৫। বড় জুটি গড়তে না পারায় ক্ষতিটা হয়েছে। আমরা ভালো শুরু পেলেও কেউ বড় ইনিংস খেলতে পারিনি।’