ওয়ানডে ক্রিকেটে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন বাবর আজম। সিরিজের প্রথম তিন ওয়ানডের পর নিউজিল্যান্ডের বিপক্ষে গত পরশু তাঁর দল চতুর্থ ম্যাচটিও জিতেছে। করাচিতে সেই ম্যাচে সেঞ্চুরি করার পথে বাবর হাশিম আমলাকে পেছনে ফেলে গড়েছেন ওয়ানডেতে ইনিংসের হিসাবে দ্রুততম ৫০০০ রানের রেকর্ড।
বাবর নিজে তো ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেনই, পাকিস্তানকেও তুলেছেন ওয়ানডেতে দলীয় র্যাঙ্কিংয়ের শীর্ষে। এমন পারফরম্যান্সের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বোর্ডপ্রধান রমিজ রাজা বলেছেন, বাবর ব্র্যাডম্যানের চেয়ে কম কিছু নন!
অথচ কিছুদিন আগেও বাবরের সমালোচনা করে অনেককেই বলতে শোনা গেছে, তিনি স্বার্থপর এক ক্রিকেটার। যতটা না দলের জন্য, এর চেয়ে তিনি বেশি খেলেন নিজের জন্য! সীমিত ওভারের ক্রিকেটে বাবরের স্ট্রাইক রেট নিয়েও আছে সমালোচনা। এ সমালোচনার জবাবে এর আগে বাবরের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমল।
আজমল গত জানুয়ারিতেই বলেছিলেন, বাবরের মতো স্বার্থপর ক্রিকেটার পাকিস্তান দলে আরও দেখতে চান তিনি। আজমল তাঁর অবস্থান থেকে একটুও নড়েননি। নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডের পর তিনি আরও একবার বাবরের প্রশংসা করতে গিয়ে বলেছেন, তাঁর মতো স্বার্থপর ক্রিকেটার পাকিস্তান দলে আরও চান!
দলে এমন স্বার্থপর ক্রিকেটার থাকলে রেকর্ড ঘরে তোলা যায় বলেই মনে করেন আজমল। পাকিস্তানের সাবেক স্পিনার বলেছেন, ‘বাবর দ্রুততম ৫০০০ রান করেছে। সেই ম্যাচে সে (ওয়ানডে) ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি করেছে। বিরাট কোহলিকে ছাড়িয়ে সে গড়টা শীর্ষে (৫৯.৮৫) নিয়ে গেছে। সে খুবই দুর্দান্ত খেলেছে। তার প্রশংসায় কোনো শব্দই যথেষ্ট নয়।’
আজমল এরপর যোগ করেন, ‘মানুষ মাঝেমধ্যেই বলে যে সে স্বার্থপর খেলোয়াড়। দলে যদি তার মতো আরও তিন বা চারজন স্বার্থপর খেলোয়াড় থাকে, আমি সেটা খুশি মনেই মেনে নেব।’