বিশ্বকাপের শুরুতেই টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হন ভারতের অভিষেক শর্মা
বিশ্বকাপের শুরুতেই টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হন ভারতের অভিষেক শর্মা

ফাইনালে অভিষেককে বাদ দেওয়ার পরামর্শ কাইফের

অভিষেক শর্মাকে এখন দল থেকে বাদ দেওয়ার দাবিও উঠছে!

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে অভিষেক ছিলেন ভারতের মূল ব্যাটসম্যান। আইসিসির এই সংস্করণে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এখনো তিনিই শীর্ষ ব্যাটসম্যান। কিন্তু ফাইনালে এই অভিষেককেই একাদশ থেকে বাইরে রাখার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ।

কাইফ কেন এই পরামর্শ দিয়েছেন, সেটা কেউ কেউ আন্দাজ করে নিতে পারেন। অভিষেকের অফ ফর্মের কারণেই দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে মাত্র ৮৯ রান করেছেন এই ওপেনার। এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষেই করেছেন ৫৫। বাকি ৬ ম্যাচে তাঁর রান—০, ০, ০, ১৫, ১০, ৯। বাদ দেওয়ার দাবি ওঠাই স্বাভাবিক।

নিজের ইউটিউব চ্যানেলে কাইফ অভিষেককে বাদ দেওয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ব্রেন্ডন কিংকে উদাহরণ হিসেবে টেনেছেন।

রিংকু সিং হতে পারেন অভিষেকের বিকল্প

কাইফের ভাষায়, ‘ভারত অভিষেক শর্মাকে বিশ্রাম দিতে পারে। ও এখন পর্যন্ত অনেক ম্যাচ খেলে ফেলেছে। পরিবর্তনে ক্ষতি নেই। সংক্ষিপ্ত সংস্করণে আপনি চাইলেই পরিবর্তন আনতে পারেন। ব্রেন্ডন কিং অফ ফর্মে থাকায় ভারতের বিপক্ষে রোস্টন চেজ ওপেন করেছিলেন। তারা কিংকে ৫–৬টি ম্যাচে সুযোগ দিয়েছিল, কিন্তু বড় ম্যাচের আগে তাঁকে বিরতি দিয়েছে। সঞ্জুকে (স্যামসন) দলে এনে যে পরিবর্তন আনা হয়েছিল, তা দলের পক্ষে কাজ করেছে।’

অভিষেক একাদশের বাইরে থাকলে ঢুকবেন কে? ভারতের ওপেনিং জুটি নিয়ে চিন্তা নেই অবশ্য। অভিষেক বাদ পড়লে তিনে খেলা ইশান কিষান ওপেন করতে পারবেন। কাইফ মনে করেন, ভালো বিকল্প হতে পারেন অনেকেই।

কাইফের ব্যাখ্যা, ‘ভারতের পরীক্ষিত খেলোয়াড় রয়েছে। রিংকু সিং সবখানেই রান করে—তা টেস্ট হোক, রঞ্জি ট্রফি হোক বা আইপিএল। কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজও সব কন্ডিশনেই উইকেট পান। অভিষেক শর্মার জায়গায় কে খেলতে পারে তা দেখতে যখন আপনি ডাগআউটের দিকে তাকাবেন, তখন দেখবেন সেখানে রিংকু সিং বসে আছে। তাই ওকে দলে আনুন। একজন খেলোয়াড় যখন রান করছে না, তখন ভালো ফর্মে থাকা অন্য একজনকে বাইরে বসিয়ে রাখার কোনো মানে হয় না।’

অভিষেকের মতো ছন্দে নেই স্পিনার বরুণ চক্রবর্তী। মজার তথ্য হলো, তিনিও অভিষেকের মতো আইসিসি র‍্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার। তবে সর্বশেষ সেমিফাইনালেও ৪ ওভারে দেন ৬৪ রান। কাইফ অবশ্য মনে করছেন, বরুণ ফাইনালে দলে থাকবেন। তাঁর যুক্তি, ‘আমার মনে হয় তারা বরুণকে বাদ দেবে না। তারা তাকে নিয়ে কাজ করবে এবং পরের ম্যাচে সে হয়তো তার লাইন লেংথ ঠিক করে ফেলবে।’

বরুণ চক্রবর্তী এখন ছন্দহীন

স্যামসনের সঙ্গে তুলনায় অভিষেককে নিয়ে কাইফ বলেছেন, ‘আইসিসি টুর্নামেন্টে অভিষেক এখনো বেশ নতুন, এটাই স্যামসন ও অভিষেকের পার্থক্য। আইসিসি টুর্নামেন্ট বাদ দিলে অভিষেকের রেকর্ড চমৎকার। কিন্তু আইসিসি ইভেন্ট আর অন্য খেলার মধ্যে পার্থক্য আছে। সঞ্জু টি-টোয়েন্টিতে ৮০০০-এর বেশি রান করেছে। রান করা হোক বা ছক্কা মারার ক্ষমতা—আইপিএলের সেরা ১০ জনের তালিকায় ওর নাম থাকে। ও প্রতিষ্ঠিত খেলোয়াড়। অন্যদিকে অভিষেক তরুণ এবং নিজের খেলা নিয়ে আরও কাজ করতে হবে। ও এখনো পুরোপুরি তৈরি নয়।’