অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টিতে গতকাল ধূমকেতুর হয়ে ৩ উইকেট নেন রিশাদ হোসেন
অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টিতে গতকাল ধূমকেতুর হয়ে ৩ উইকেট নেন রিশাদ হোসেন

দেড় মাস অস্ট্রেলিয়ায় থেকে কী শিখলেন রিশাদ

রিশাদ হোসেনের ফেসবুক পেজে সর্বশেষ পোস্টটা গত ২৪ জানুয়ারির। অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং ও স্টিভেন স্মিথের সঙ্গে ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘মৌসুমের শেষ, পুরো যাত্রায় স্মৃতির ভান্ডার সমৃদ্ধ হয়েছে।’ দেড় মাসের যাত্রায় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে যে অনেক কিছু শিখেছেন, সেটিই বোঝাতে চেয়েছেন রিশাদ।

সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিগ ব্যাশে খেলতে গিয়ে হোবার্ট হারিকেনসের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন রিশাদ। কাল অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টিতে দুরন্ত একাদশের বিপক্ষে ধূমকেতুর হয়ে ৩ উইকেট নেওয়ার পর সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি।

সেখানে প্রায় পুরোটা সময়ই তাঁকে কথা বলতে হয়েছে বিগ ব্যাশ নিয়ে। নিজের অভিজ্ঞতা জানিয়ে রিশাদ বলেছেন, ‘ওরা অনেক বিনয়ী। যত বড় ক্রিকেটার হোক না কেন, ওরা অনেক সরল। যে কারও সঙ্গে আরামসে মানিয়ে নেয়। আমার কাছে এটা ভালো লেগেছে যে বড়–ছোট কোনো কিছু দেখে না। আমি চেষ্টা করব এ রকম থাকতে।’

অস্ট্রেলিয়ার ক্রিকেটের মানসিকতা আর ভালো পরিবেশে অভ্যস্ত হওয়া ভবিষ্যতেও কাজে আসবে বলে মনে করেন রিশাদ। সেখানে অনেক বড় বড় ক্রিকেটারের সঙ্গে দেখা ও কথা হয়েছে তাঁর। এর মধ্যে স্মিথ ও পন্টিংয়ের সঙ্গে তো ছবিই আপলোড করেছেন তিনি।

সেই ছবির গল্পটাও কাল বলেছেন এই লেগ স্পিনার, ‘আসলে ছবি আমিও তুলতে চাইনি। আমি বোলিং করছিলাম, ওনারা ডেকে বললেন এদিকে এসো। তাঁরা অনেক অনেক বন্ধুভাবাপন্ন, অনেক অনেক কিছু ওদের কাছে শেখার আছে। চেষ্টা করেছি কথা বলার, শেখার।’

রিশাদ যখন বিগ ব্যাশে ব্যস্ত, তখন বাংলাদেশ ক্রিকেটে ঘটে গেছে অনেক কিছু। টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত হয়েছে, বিপিএলকে একদিন ‘বয়কট’ করেছিলেন ক্রিকেটাররা। তবে সবকিছু দূরে রেখে রিশাদ তখন ‘ফোকাস’ রেখেছিলেন বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে পারফরম্যান্সের দিকে।

রিশাদ ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন এখন। বিগ ব্যাশে দারুণ পারফর্ম করছেন, কাল অদম্য টি-টুয়েন্টির প্রথম ম্যাচেও ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। এমন একটা সময়ে বিশ্বকাপ না খেলায় হতাশা আছে কি না—জানতে চাওয়া হয়েছিল রিশাদের কাছে।

সাংবাদিকদের কাছেই রিশাদ তখন জানতে চান ‘আপনাদের করছে না?’, উত্তরটা ‘হ্যাঁ’ আসার পর রিশাদ বলেছেন, ‘আমারও সেম।’

অ্যাকশনে রিশাদ। কাল অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টিতে

সাকিব আল হাসান বিগ ব্যাশে খেলেছিলেন ২০১৫ সালে। ১০ বছর পর এবার খেললেন রিশাদ। মাঝের সময়ে আর কেউ সুযোগ পাননি। তবে রিশাদের কাছে নাকি বিগ ব্যাশ–সংশ্লিষ্টদের জিজ্ঞাসা ছিল বাংলাদেশি ক্রিকেটারদের নিয়েও।

সেটি জানিয়ে রিশাদ বললেন, ‘ওরা জিজ্ঞেস করছিল বাংলাদেশের তো অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, ওরা বাইরে খেলে না কেন। আমি বলেছি, সুযোগ এলে অবশ্যই খেলবে।’