কাতার বিশ্বকাপে লুই ফন গাল বনাম লিওনেল মেসির যে ‘লড়াই’ শুরু হয়েছিল, তা যেন আর থামছেই না। এমনিতে মেসি বেশি কথা বলার মানুষ নন। কিন্তু বিশ্বকাপের পর বিভিন্ন সময় ফন গালকে খোঁচা দিতে ছাড়েননি আর্জেন্টিনার সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অনেকে। সের্হিও আগুয়েরো তো অবসর ভেঙে জেরার্দ পিকের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘কিংস লিগ’–এ খেলতে নেমে গোল করার পর মেসির মতো উদ্যাপন করেও খোঁচা দিয়েছিলেন ফন গালকে!
এ লড়াইয়ে এবার নাম লেখালেন হুয়ান রোমান রিকেলমে। ফন গালকে নিয়ে ‘তিক্ত অতীত’ আছে আর্জেন্টিনার সাবেক এই প্লেমেকারেরও। বিশ্বকাপে নেদারল্যান্ডসের সঙ্গে কোয়ার্টার ফাইনালে ডাচ কোচ ফন গালের সামনে গিয়ে মেসির উদ্যাপন রিকেলমের সেই তিক্ত অতীতকে সামনে নিয়ে এসেছে। সে কথায় পরে আসা যাবে। আপাতত জানা যাক, ফন গালকে কীভাবে খোঁচা দিয়েছেন রিকেলমে।
বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে মেসিকে নিয়ে ২০১৪ বিশ্বকাপের ‘স্মৃতিচারণা’ করেছিলেন ফন গাল। সেবার ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা–নেদারল্যান্ডস। ১২০ মিনিট গোলশূন্য থাকা সেই ম্যাচে টাইব্রেকারে হেরে যায় ডাচরা।
পুরোনো সেই ম্যাচের প্রসঙ্গ টেনে ফন গাল বলেছিলেন, মেসি সেই ম্যাচে বলই স্পর্শ করতে পারেননি এবং এবার সেই হারের প্রতিশোধ নেবে তাঁর দল। ফন গালের এমন কথা মেসি আর তাঁর সতীর্থদের যে খুব তাতিয়ে দিয়েছিল, সেটা বোঝা গেছে ম্যাচে এবং নেদারল্যান্ডসকে হারানোর পর আর্জেন্টাইনদের উদ্যাপনে।
সেরা খেলোয়াড় যখন রেগে যান, তাকে হারানোর কোনো সুযোগই আপনার থাকবে না। এটা অসম্ভব। এ কারণেই আমি বলব, ফন গালের ওই কথা আর্জেন্টিনার জন্য খুব ভালো হয়েছিল।হুয়ান রোমান রিকেলমে, আর্জেন্টিনার সাবেক প্লেমেকার
যে মেসি শান্ত থাকতে পছন্দ করেন, সেই তিনিও কিনা পেনাল্টি থেকে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করার পর চলে গিয়েছিলেন ডাচ কোচ ফন গালের সামনে। সেখানে গিয়ে তিনি দুই হাত দুই কানের পেছনে নিয়ে উদ্যাপন করেছিলেন। অমন উদ্যাপন দিয়ে মেসি কী বোঝাতে চেয়েছেন, সেটা তিনি বলেননি বা জানা যায়নি। কিন্তু এটির সঙ্গে ফুটবল বিশ্বের অনেকেই মিল খুঁজে পেয়েছেন বার্সেলোনায় রিকেলমের একটি উদ্যাপনের!
রিকেলমে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় ক্লাবটির কোচ ছিলেন ফন গাল। রিকেলমেকে দলে নেওয়াটা পছন্দ হয়নি তাঁর। রিকলমেকে তাঁর পছন্দের জায়গা মাঝমাঠে না খেলিয়ে উইংয়ে খেলান তিনি। সেটাও নিয়মিত নয়। গোল করার পর দুই কানের পেছনে হাত রেখে উদ্যাপনে বার্সার কর্তাব্যক্তিদের একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন রিকেলমে। সঙ্গে অবশ্যই ফন গালকেও।
মেসি–ফন গাল লড়াই নিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসির সঙ্গে কথা বলার সময় নিজের সেই বিষয়ে কিছু বলেননি রিকেলমে। তবে মেসিকে ওইভাবে তাঁতিয়ে দেওয়ার বিষয় নিয়ে ফন গালকে যেন একটু পরামর্শই দিলেন আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার, ‘আমার যদ্দূর মনে পড়ে, ফন গাল মেসিকে নিয়ে ম্যাচের আগে কিছু বলেছিলেন। এ ধরনের বিষয় ফুটবলে না করাই ভালো। ওকে আপনি রাগিয়ে দিতে পারেন না। এর চেয়ে বরং ভালো তাঁর সঙ্গে আলিঙ্গন করা, চুমু দেওয়া। এগুলো করলে হয়তো তিনি আপনাকে হারাতে চাইবেন না।’
রিকেলমে এরপর যোগ করেন, ‘সেরা খেলোয়াড় যখন রেগে যায়, তাকে হারানোর কোনো সুযোগই আপনার থাকবে না। এটা অসম্ভব। এ কারণেই আমি বলব, ফন গালের ওই কথা আর্জেন্টিনার জন্য খুব ভালো হয়েছিল। এ ছাড়া মেসির একটি সুবিধা আছে। সে রেগে গেলে অন্য খেলোয়াড়দের মতো লাল কার্ড দেখে না।’
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচটি ১২০ মিনিটে ২–২ গোলে সমতায় ছিল। টাইব্রেকারে গড়ানো ম্যাচে ৪–৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪–২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দে ভেসেছে আর্জেন্টাইনরা।