ইতিহাসের এই দিনে: ৯ ঘণ্টা ধরে রংধনু

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৩০ নভেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

তাইওয়ানের আকাশে দেখা যাওয়া সবচেয়ে দীর্ঘস্থায়ী সেই রংধনু
ছবি: চাইনিজ কালচার ইউনিভার্সিটি

সময়টা ২০১৭ সালের ৩০ নভেম্বর। তাইওয়ানের চাইনিজ কালচার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অভূতপূর্ব একটি ঘটনার সাক্ষী হন। ওই দিন ক্যাম্পাস থেকে একটি রংধনু দেখা যায়। অবাক করা বিষয়, ওই রংধনু টানা প্রায় ৯ ঘণ্টা (৮ ঘণ্টা ৫৮ মিনিট) স্থায়ী হয়েছিল। প্রমাণ রাখতে পুরো সময় রংধনুর ১০ হাজারের বেশি ছবি তোলা হয়। ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সময় ধরে স্থায়ী হওয়া রংধনু এটি।

প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ

১৮৭২ সালের ৩০ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোয় বসেছিল একটি ফুটবল ম্যাচ। এতে মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড ও ইংল্যান্ড। ফুটবলের ইতিহাসে এটা আনুষ্ঠানিকভাবে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচটি ড্র হয়েছিল।

সমলিঙ্গের বিয়ে স্বীকৃতি দেয় দক্ষিণ আফ্রিকা

আফ্রিকা মহাদেশের প্রথম দেশ হিসেবে সমলিঙ্গের বিয়েতে আইনি স্বীকৃতি দেয় দক্ষিণ আফ্রিকা। ২০০৬ সালের ৩০ নভেম্বর দেশটিতে এ–সংক্রান্ত একটি আইন (সিভিল ইউনিয়ন অ্যাক্ট ২০০৬) কার্যকর করা হয়।

উইনস্টন চার্চিলের জন্মদিন

উইনস্টন চার্চিল

গত শতকের আলোচিত-সমালোচিত ব্রিটিশ রাজনীতিক উইনস্টন চার্চিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। সাহিত্যিক হিসেবে পেয়েছেন নোবেল পুরস্কার। আজ খ্যাতিমান এই ব্যক্তির জন্মদিন। ১৮৭৪ সালের ৩০ নভেম্বর চার্চিলের জন্ম।
ক্যাপশন: