
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাঁদের জন্য আয়োজিত বার্ষিক নৈশভোজে গুলির ঘটনায় আটক সন্দেহভাজন হামলাকারীর রেখেযাওয়া বার্তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা। একজন সম্মানিত শিক্ষক থেকে কীভাবে একজন সম্ভাব্য ঘাতকে পরিণত হলেন এই ব্যক্তি, সে প্রশ্নের উত্তর খুঁজছেন তাঁরা।
সন্দেহভাজন হামলাকারীর নাম কোল টমাস অ্যালেন। বয়স ৩১। ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরের এই বাসিন্দা খণ্ডকালীন শিক্ষকতার পাশাপাশি ভিডিও গেম তৈরির কাজও করতেন।
হামলার আগে পরিবারের সদস্যদের কাছে একটি বার্তা পাঠিয়েছিলেন অ্যালেন। সে বার্তায় তিনি লিখেছিলেন, ‘আমি যাঁদের বিশ্বাস ভেঙেছি, তাঁদের সবার কাছে ক্ষমা চেয়ে শুরু করছি।’
বার্তায় প্রশাসনের কর্মকর্তাদের নিশানা করার ইচ্ছার কথা এবং রাজনৈতিক ক্ষোভের কথাও লেখা ছিল। সবশেষে অ্যালেন লিখেছেন, ‘আমি ক্ষমা পাওয়ার আশা করি না।’
অ্যালেনের বোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছেন, লস অ্যাঞ্জেলেসে বামপন্থী আন্দোলনে যুক্ত হওয়ার পর থেকে তাঁর ভাই উগ্র কথাবার্তা বলার প্রবণতা দেখাতে শুরু করেন। একই সময়ে তিনি আগ্নেয়াস্ত্র কেনেন এবং নিয়মিত শুটিং রেঞ্জে অনুশীলন করতে থাকেন।
লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে চড়ে শিকাগো হয়ে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান অ্যালেন। সেখানে বার্ষিক ডিনারের আয়োজক হিলটন হোটেলে ওঠেন তিনি। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তদন্ত কর্মকর্তারা বলেন, অ্যালেনের কাছে ছিল একটি ডট থার্টি এইট ক্যালিবার সেমি-অটোমেটিক পিস্তল এবং একটি বারো গেজের শটগান। হামলার আগে পরিবারকে পাঠানো বার্তায় তিনি নিজেকে ‘ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন’ বলে পরিচয় দেন এবং ট্রাম্পবিরোধী মনোভাব প্রকাশ করেন। এরপর অ্যালেন স্থানীয় সময় গত শনিবার রাতে নৈশভোজের বাইরে নিরাপত্তাবেষ্টনী ভেদ করার চেষ্টা করেন।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ সিএনএনকে বলেন, সন্দেহভাজন হামলাকারী কয়েকটি গুলি ছোড়েন এবং এক সিক্রেট সার্ভিস সদস্যকে গুলি করেন। বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় ওই সিক্রেট সার্ভিস সদস্য রক্ষা পান। সঙ্গে সঙ্গে অ্যালেনকে আটক করা হয়। ট্রাম্পসহ অন্য নেতারা পাশের হলরুমে নিরাপদে আশ্রয় নেন।
যেভাবে বেড়ে উঠেছেন অ্যালেন
লিংকডইন প্রোফাইল অনুযায়ী, অ্যালেন ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে পড়েছেন। সেখানে তিনি খ্রিষ্টান ফেলোশিপ সংগঠন ও নার্ফ ক্লাবে যুক্ত ছিলেন। ২০১৬ সালে ফেসবুকে পোস্ট করা ছবিতেও তাঁকে খ্রিষ্টান ফেলোশিপের অনুষ্ঠানে দেখা যায়।
শিক্ষার্থী থাকাকালে ২০১৭ সালে হুইলচেয়ারের জন্য একটি জরুরি ব্রেকের প্রোটোটাইপ তৈরি করে স্থানীয় সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিলেন অ্যালেন। একই বছর তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সমাবর্তন ঘোষণায় তাঁর দুটি ছবি ছিল।
স্নাতক শেষে অ্যালেন সি-টু এডুকেশন নামের একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। ২০২৪ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি তাঁকে ‘মাসের সেরা শিক্ষক’ হিসেবে স্বীকৃতি দেয়।
শিক্ষকতার পাশাপাশি ভিডিও গেম ডেভেলপার হিসেবেও কাজ করতেন অ্যালেন। স্টিম প্ল্যাটফর্মে দেড় ডলারে বিক্রির জন্য ‘বোহরডম’ নামে একটি ইন্ডি গেম প্রকাশ করেন তিনি। গেমটির বিবরণে লেখা ছিল, এটি ‘একটি দক্ষতাভিত্তিক, অহিংস অ্যাসিমেট্রিক্যাল ফাইটিং গেম’।
লিংকডইনে অ্যালেন লিখেছিলেন, ‘ফার্স্ট ল’ নামে একটি দ্বিতীয় গেম তৈরির কাজ চলছে।
রাজনৈতিক সক্রিয়তা ও অস্ত্র কেনা
অ্যালেনের বোন বলেছেন, সাম্প্রতিক বছরগুলোয় অ্যালেন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন। যোগ দেন ‘দ্য ওয়াইড অ্যাওয়েকস’ নামের বামপন্থী সংগঠনে। ফেডারেল নির্বাচন কমিশনের নথি অনুযায়ী, ০২৪ সালের অক্টোবরে কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারে ২৫ ডলার দান করেছিলেন তিনি।
অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দপ্তরের তদন্তকারীরা বলেছেন, ২০২৩ সালের ৬ অক্টোবর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি দোকান থেকে হামলায় ব্যবহৃত পিস্তলটি কেনেন অ্যালেন। ২০২৫ সালের ১৭ আগস্ট টরেন্সের একটি দোকান থেকে শটগানটি কেনেন। দুটো ক্রয়ই বৈধভাবে হয়েছিল এবং দুই ক্ষেত্রেই এফবিআইয়ের মাধ্যমে তাঁর ব্যাকগ্রাউন্ড যাচাই করা হয়েছিল।
লস অ্যাঞ্জেলেস থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছে অ্যালেন হিলটন হোটেলে উঠেছিলেন। গত শনিবার সন্ধ্যায় পরিবারকে পাঠানো বার্তায় তিনি স্পষ্ট করে লিখেছিলেন, তিনি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের নিশানা করতে চান। বার্তায় তিনি মা–বাবা, সহকর্মী ও ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষভাবে নিশানা করার ইচ্ছা নেই বলে জানান।
বার্তায় অ্যালেন যুক্তি দেন, তাঁর এ পদক্ষেপ খ্রিষ্টীয় মূল্যবোধের পরিপন্থী নয়। তিনি লেখেন, অন্যের ওপর অত্যাচার চলতে দেখেও চুপ করে থাকাটাই বরং অধর্ম; সেটা অত্যাচারীর সহযোগী হওয়ার নামান্তর। বার্তার শেষ দিকে তিনি লেখেন, এই প্রশাসনের কর্মকাণ্ডের কথা মাথায় এলেই তাঁর ভেতরে আগুন জ্বলে ওঠে।
বার্তা পেয়ে অ্যালেনের ভাই কানেকটিকাটের নিউ লন্ডন পুলিশ বিভাগকে বিষয়টি জানান। পরিবারের অন্য সদস্যরাও পুলিশে যোগাযোগ করেন।
সন্দেহভাজন হামলাকারী বাইরের নিরাপত্তাবলয় ভেদ করে হলরুমের ভেতরে ঢোকার চেষ্টা করেন। গুলিবিদ্ধ সিক্রেট সার্ভিস সদস্যকে হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যালেনের গতিবিধি ও সম্ভাব্য উদ্দেশ্য খুঁজে বের করার কাজ শুরু করে। সিক্রেট সার্ভিস সদস্য ও মেরিল্যান্ডের মন্টগোমারি কাউন্টি পুলিশ সদস্যরা রকভিলে তাঁর বোনের সাক্ষাৎকার নেন। টরেন্সে অ্যালেনের বাড়ির বাইরে জড়ো হন এফবিআই সদস্যরা। পুলিশ টেপ দিয়ে রাস্তার একটি অংশ ঘিরে ফেলে। বাড়িটিতে জ্বালানো হয় স্পটলাইট। ঘটনাস্থলে ভিড় করেন সাংবাদিকেরা, আকাশে চক্কর দিতে থাকে হেলিকপ্টার।
পাশের বাড়ির এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে সিএনএনকে বলেন, অ্যালেন ওই বাড়িতে থাকতেন কি না, তা তিনি নিশ্চিত নন। তবে কয়েক দিন আগেও তাঁকে দেখেছেন। অ্যালেনের বাবা বন্ধুসুলভ মানুষ। তাঁর সঙ্গে প্রায়ই কথা হতো।
ডিসি জেলার মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের দুটি এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর আক্রমণের একটি—মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেন, সন্দেহভাজন হামলাকারী তদন্তকারীদের কোনো সহযোগিতা করছেন না।