সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে মানিকগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে
ছবি: প্রথম আলো

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। একই সঙ্গে শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।

বেলা সাড়ে ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য দেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও মাছরাঙা টেলিভিশনের মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি স্টারের প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাবেক সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি মতিউর রহমান, প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও নয়া দিগন্তের সাংবাদিক শাহানুর ইসলাম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি বি এম খোরশেদ, ডিবিসি নিউজের প্রতিনিধি আশরাফুল আলম, হরিরামপুর উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রমুখ।

যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি বি এম খোরশেদ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে বারবার মামলা করে গণমাধ্যমকর্মীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, একই পত্রিকার নিজস্ব প্রতিবেদক (সাভার) শামসুজ্জামান ও যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহাবুব আলমসহ অনেক সাংবাদিকের নামে এই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। শামসুজ্জামানকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তিনি গণমাধ্যম ও সাংবাদিকদের বাক্‌স্বাধীনতা নিশ্চিতে দ্রুত সময়ের মধ্যে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবি জানান।

ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আশরাফুল আলম বলেন, ‘আইনমন্ত্রী কয়েক দিন আগে বলেছিলেন, মামলা না হওয়া পর্যন্ত সাংবাদিকদের গ্রেপ্তার করা যাবে না। অথচ আমরা দেখছি, মামলা হওয়ার আগেই সাংবাদিকদের গ্রেপ্তার করা হচ্ছে। বিষয়টি নিয়ে সরকারকে আমরা বলতে চাই, সাংবাদিকদের কণ্ঠ রোধ করবেন না।’

ডেইলি স্টারের সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, ‘সারা দেশে এই আইনের মাধ্যমে সাংবাদিকদের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হচ্ছে। এই কালো আইন বাতিল না হওয়া পর্যন্ত আমরা সাংবাদিকেরা মাঠে থাকব। মানিকগঞ্জের কৃতী সন্তান সাংবাদিক শামসুজ্জামানসহ এ আইনে কারাবন্দী সব সাংবাদিকের দ্রুত মুক্তি দিতে হবে।’

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার বলেন, কোনো অভিযোগের তদন্ত ছাড়াই একজন সাংবাদিককে গভীর রাতে বাসা থেকে ধরে নিয়ে যাওয়া দুঃখজনক। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত কাজ বন্ধ করা যাবে না। গণমাধ্যম ও সাংবাদিকেরা দেশ ও জাতির কল্যাণে কাজ করেন। এই আইন বাতিল করে সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান তিনি।