রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ

চোখে আঘাত পাওয়া শিক্ষার্থীদের বিদেশে চিকিৎসার খরচ দেবে প্রশাসন

চোখে গুরুতর আঘাত পাওয়া মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলিমুল ইসলাম। সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্থানীয় লোকজনের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের ছোড়া ছররা গুলিতে চোখে আঘাত পাওয়া তিন শিক্ষার্থীর বিদেশে চিকিৎসার খরচ বহন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে আহত শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা শেষে তাঁদের ভারতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

এর আগে আহত তিন শিক্ষার্থীকে গতকাল বুধবার ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে ফেরত পাঠানো হয়। সেখান থেকে তাঁদের বিদেশে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। তাঁদের মধ্যে দুজন গতকাল রাতে রাজশাহীতে ফিরে এসেছেন। তাঁরা হচ্ছেন আইন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মো. আল আমিন ইসলাম ও ফার্সি বিভাগের শেষ বর্ষের মিসবাহুল। মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের আলিমুল ইসলাম পাসপোর্টের কাজে ঢাকায় অবস্থান করছেন।

আহত শিক্ষার্থী আল আমিনের বাবা আবদুস সেলিম ঢাকা থেকে ছেলের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছেন। রাতে ছেলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলে ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, দুপুরে তাঁরা ছাত্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে আহত তিন ছাত্রের পড়াশোনা ও চিকিৎসার ব্যাপারে আলাপ হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর আজ দুপুরে প্রথম আলোকে বলেন, আহত শিক্ষার্থীদের সঙ্গে বসা হয়েছিল। উপাচার্যের সঙ্গে তাঁদের কথা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে পাঠানো হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভাগ যৌথভাবে এটা করবে। যত দ্রুত সম্ভব এটা করা হবে। এই তিন শিক্ষার্থীর পাসপোর্ট ও ভিসার জন্য যতটুকু সময় লাগে, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাঁদের পড়াশোনার ব্যাপারে ইতিমধ্যে ফার্সি বিভাগ সিদ্ধান্ত নিয়েছে, বিভাগের আহত শিক্ষার্থীর পরীক্ষা পরে নেওয়া হবে।

১১ মার্চ সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে এক বাসচালকের কথা-কাটাকাটির জেরে বিনোদপুর বাজারে সংঘর্ষের সূত্রপাত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজন এই সংঘর্ষে জড়িয়ে পড়েন। হামলা-সংঘর্ষ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া কাঁদানে গ্যাসের শেলে আহত হন দুই শতাধিক শিক্ষার্থী।

আহত ব্যক্তিদের মধ্যে ৯০ জন শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁদের মধ্যে একজনকে আইসিইউ সাপোর্টে রাখা হয়েছিল। অন্য আরেকজনের পাচকতন্ত্রে ফুটো হয়েছিল। চিকিৎসায় তাঁরা দুজনই সুস্থ হয়েছেন। আরেকজনের মাথায় ছররা গুলির পিলেট থাকায় ঢাকা পাঠানো হয়েছিল। আপাতত তাঁর অস্ত্রোপচার না করেই ফেরত পাঠানো হয়েছে।

হাসপাতালের চক্ষু বিভাগে ভর্তি হওয়া ছয় শিক্ষার্থীর মধ্যে তিনজনের ‘ভিট্রিয়ল রেটিনাল ইনজুরির’ কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা সম্ভব হয়নি। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় তিন শিক্ষার্থীকে ১৪ মার্চ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়েছিল।