নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা কত কমল

নবম জাতীয় পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা ৫ শতাংশ কমানো হয়েছে। বর্তমানে বাংলা নববর্ষ উপলক্ষে চাকরিজীবীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পেয়ে থাকেন। নতুন বেতনকাঠামো ২০২৬-এ এ হার কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। গেজেটে তারিখ হিসেবে ১৭ সেপ্টেম্বর লেখা থাকলেও আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) এটি প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বৈশাখী ভাতা প্রসঙ্গে বলা হয়েছে, সকল কর্মচারী আহরিত মূল বেতনের ১৫ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা প্রাপ্য হবেন। মাসিক নিট পেনশন গ্রহণকারী অবসরভোগী ও আজীবন পেনশন গ্রহণকারী অবসরভোগী (মূল পেনশনভোগীর প্রাপ্ত নিট পেনশনকে ভিত্তি ধরে) এই ভাতা প্রাপ্য হবেন।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আজ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে। এই প্রজ্ঞাপন চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ নামে অভিহিত করা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুসারে, নতুন বেতনকাঠামোতে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোতে বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০–২০তম গ্রেডের কর্মকর্তা–কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন। গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে তা যুক্ত হবে।

এ ছাড়া ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোতে বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০–২০তম গ্রেডের কর্মকর্তা–কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন। আর ২০২৭ সালের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির শতভাগ কার্যকর হবে। গত ১ জুলাই থেকে যেহেতু নতুন বেতনকাঠামো কার্যকর হয়েছে, তাই বকেয়া বেতনও পাবেন কর্মকর্তা–কর্মচারীরা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২০২৮ সালের ১ জানুয়ারি নতুন বেতনকাঠামোর অন্য সব ভাতা পাওয়া শুরু করবেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা। একইভাবে পেনশন সুবিধাভোগীরাও নতুন বেতনকাঠামোর যাবতীয় সব সুবিধা পাবেন।

নতুন বেতনকাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। আর ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়বে ১৪২ শতাংশ পর্যন্ত। আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বাড়বে।