র ম্য

ফ্লেক্স

আমি ভুল করে একটা ছবি পোস্ট করে ফেলেছিলাম—অমলেটের।

ইচ্ছা ছিল না। স্ত্রীকে পাঠাতে গিয়ে আপলোড হয়ে গেছে। দুইটা ডিমের অমলেট, সাথে পেঁয়াজকুচি, একটু কাঁচা মরিচ।

এক ঘণ্টায় তিন হাজার রিঅ্যাক্ট।

কমেন্টে প্রথম যেটা এল, ‘ভাই, দুইটা?’ তারপর, ‘পেঁয়াজও দিছেন?’

তারপর একজন লিখল, ‘মাশা আল্লাহ, আল্লাহ আরও দিক।’

আরেকজন, ‘তোরা টাকার কুমির।’

একজন লিখল, ‘ভাই আমার ছোট বোনটার বিয়া দিতে চাই, আপনার কোনো ভাই আছে?’

দুপুরে আমার ফুফাতো ভাই ফোন করল। দুই বছর কথা নাই। বলল, ‘ভাই, পোস্ট তো দেখলাম, একটু টাকাপয়সা লাগত।’

বিকেলে ব্যাংক থেকে ফোন। ‘স্যার, আপনার প্রোফাইল দেখে আমরা একটা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড অফার করছি। আপনার লাইফস্টাইলের সাথে যায়।’

সন্ধ্যায় এক ফেসবুক পেজের ঘটক। ‘ভাই, একটা মেয়ে আছে, ডাক্তার, কানাডায় থাকে, ওর বাবা আপনার স্টোরি দেখছে। বলছে, এই ছেলে পারবে।’

আমি বললাম, আমি বিবাহিত।

ঘটক বলল, ‘সেইটা কোনো সমস্যা না। আপনি চাইলে আরও তিনটা সম্ভব।’

রাতে আমার স্ত্রী বলল, ‘তুমি এইটা কেন আপলোড দিলা? এখন রাতে চান্দাবাজরা আসলে?’

সারা রাত ভয়ে ভয়ে থাকলাম দুজন।

পরদিন সকালে দরজায় একজন। সাদা শার্ট, হাতে ফাইল। বলল, ‘ইনকাম ট্যাক্স অফিস থেকে। আপনার ঘোষিত আয়ের সঙ্গে  লাইফস্টাইল ম্যাচ করছে না।’

আমি বললাম, ভাই, অমলেট।

উনি বললেন, ‘আমাদের ভাষায় আন–এক্সপ্লেইনড অ্যাসেট।’

দুপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে ফোন এল, আমি বাসায় কোনো গোপন পোলট্রি ফার্ম চালাই কি না।

রাতে স্ত্রী ফ্রিজ খুলে বলল, ‘আরেকটা ডিম আছে।’

আমরা দুজন অনেকক্ষণ ডিমটার দিকে তাকিয়ে থাকলাম।

আমি বললাম, ‘রেখে দিই, আমাদের অ্যানিভার্সারিতে খাব!’

‘কালকে একটা পোস্ট দিই, ‘আলহামদুলিল্লাহ, আজ শুধু ভাত আর ডাল।’

স্ত্রী বলল, ‘পাগল? ডালের দাম জানো?’