সব সাদা আসবাবের যত্নের নিয়ম এক নয়
সব সাদা আসবাবের যত্নের নিয়ম এক নয়

এই আবহাওয়ায় ৪ ধরনের সাদা আসবাব পরিষ্কার রাখা যাবে যেভাবে

ধুলা, আঙুলের ছাপ, খাবারের দাগ বা আর্দ্রতার কারণে দ্রুত মলিন হয়ে যেতে পারে সাদা আসবাব। বিশেষজ্ঞরা বলছেন, সব সাদা আসবাবের যত্নের নিয়ম এক নয়; কোন উপাদানে তৈরি, তার ওপর অনেকটাই নির্ভর করে যত্নের পদ্ধতি।

ডুকো পেইন্ট করা আসবাব

অন্দরসজ্জা ভিত্তিক প্রতিষ্ঠান ‘ডাবল জিরো স্পেস’–এর ইন্টেরিয়র ডিজাইনার মমিন হোসাইন জানান, ‘সাদা আসবাবগুলো প্রতিদিন শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করা হচ্ছে কি না, সেটি বেশি গুরুত্বপূর্ণ।

উপাদানভেদে বিভিন্ন উপায়ে পরিষ্কার করলে সাদা আসবাব দীর্ঘদিন সাদা রাখা সম্ভব।’ ডুকো পেইন্ট কাঠের ওপর স্প্রে করা হয়। এতে আসবাবে চকচকে ও মসৃণ দুটো ভাবই আসে। বেশির ভাগ ক্ষেত্রে ঘরে স্নিগ্ধতা বৃদ্ধির জন্য মানুষ কাঠের ওপর সাদা রঙের ডুকো পেইন্ট করে থাকে।

তবে চাইলে যেকোনো রংই আনা যায় ডুকো পেইন্টের মাধ্যমে। ডুকো পেইন্ট করা আসবাবের ক্ষেত্রে শুকনা, নরম, সুতি কাপড় ব্যবহার করে প্রথমে ধুলা দূর করে নিতে হবে।

মাসে একবার ডিপ ক্লিন করতে হবে

প্রতিদিন ধুলা পরিষ্কার করলে খুব বেশি ময়লার স্তর পড়ার সুযোগ থাকে না। এ ছাড়া মাসে একবার ডিপ ক্লিন করতে হবে। স্বাভাবিক তাপমাত্রার পানিতে একটু সাবান মিশিয়ে নরম কাপড় ভিজিয়ে ভালো করে মুছে নিতে হবে এবং মোছা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুকনা কাপড় দিয়ে ভেজা অংশ মুছে ফেলতে হবে, যাতে কোনো পানি আসবাবের গায়ে লেগে না থাকে।

ডুকো করা আসবাব রোদ বা তাপ, বৃষ্টি থেকে দূরে রাখা উত্তম। রোদে বা পানিতে দীর্ঘক্ষণ থাকলে পেইন্টের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। তাই যদি খাবার টেবিলও ডুকো করা হয়, তবে সেই টেবিলে সরাসরি গরম পাত্র না রেখে গরম পাত্রের নিচে ম্যাট বিছিয়ে নেওয়া টেবিলের জন্য ভালো। এই বিষয়গুলো মেনে চললে সাদা ডুকো পেইন্ট করা আসবাব দীর্ঘদিন সাদা রাখা সম্ভব।

ইঞ্জিনিয়ারড উডের আসবাব

এমডিএফ বা ইঞ্জিনিয়ারড উডের সাদা আসবাবের ক্ষেত্রেও প্রথমে শুকনা কাপড় দিয়ে ধুলা পরিষ্কার করে নিতে হবে। এরপর এক কাপ সাদা ভিনেগারের সঙ্গে দুই কাপ কুসুম গরম পানির একটি মিশ্রণ তৈরি করে তাতে পরিষ্কার পাতলা কাপড় ভিজিয়ে পুরো আসবাবটি মুছে নিতে হবে।

যদি আসবাবে কোনো দাগ লেগে যায়, সেটা তুলতে অল্প পানি ব্যবহার করলে ভালো। তবে পানি যেন বোর্ডের কিনারা বা জোড়ায় ঢুকে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। নরম কাপড় কুসুম গরম পানিতে সামান্য ভিজিয়ে ভালোভাবে নিংড়ে নিন।

দাগের জায়গা মুছে ফেলুন। পরিষ্কারের পর দ্রুত শুকনা কাপড় দিয়ে পানি সরিয়ে নিতে হবে। পানি জমে থাকলে বিভিন্ন প্রান্ত ফুলে যাওয়ার ঝুঁকি থাকে।

মেলামাইন ফিনিশড আসবাব

নিয়মিত ধুলা পরিষ্কার করে ফেললেই সাদা রং দীর্ঘস্থায়ী হয়

বর্তমানে বাসাবাড়িতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সাদা মেলামাইন ফিনিশড আসবাব। এই উপাদানে তৈরি জিনিসপত্র সাদা রাখতে বেশি বেগ পেতে হয় না। নিয়মিত ধুলা পরিষ্কার করে ফেললেই সাদা রং দীর্ঘস্থায়ী হয়।

মাসে একবার ডিপ ক্লিনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনো শক্ত, ধাতব স্ক্রাবার দিয়ে ঘষামাজা করা না হয়। এতে চকচকে ফিনিশে আঁচড় বা দাগের ছাপ পড়ে যেতে পারে এবং সাদা রঙের উজ্জ্বলতা নষ্ট হয়ে যেতে পারে।

কৃত্রিম চামড়ার সাদা আসবাব

কৃত্রিম সাদা চামড়ার সোফা বা চেয়ার পরিষ্কারের সময় সবচেয়ে বেশি সতর্ক হতে হয়। প্রথমে নরম কাপড় বা ভ্যাকুয়াম ক্লিনারের নরম ব্রাশ দিয়ে ধুলা সরিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী পরিষ্কারক ব্যবহার করাই নিরাপদ।

না জেনে কিংবা নির্দেশিকা না পড়ে কোনো তীব্র ক্ষার ব্যবহার না করাই উত্তম। চা, কফি বা অন্য কোনো তরল পড়ে গেলে ঘষাঘষি না করে সঙ্গে সঙ্গে পরিষ্কার শুকনা কাপড় দিয়ে শুষে নিতে হবে। দাগের ওপর জোরে ঘষলে তা আরও ছড়িয়ে যেতে পারে এবং চামড়ার পৃষ্ঠ ক্ষতিগ্রস্ত হতে পারে।

একই সঙ্গে আসবাব সরাসরি রোদ ও অতিরিক্ত তাপের সংস্পর্শে রাখা যাবে না। অতিরিক্ত ধুলাবালুর কারণে আসবাব খুব দ্রুতই ময়লা হয়ে যায়। সাদা আসবাব দ্রুতগতিতে ময়লা হয়। ফলে সাদার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়।

তবে আসবাবের ধরন, উপাদান বুঝে সেই অনুযায়ী ব্যবস্থা নিলে সাদা আসবাব নতুনের মতোই সাদা রাখা সম্ভব। যদি বেশি ময়লা বা রং নষ্ট হয়ে যায়, তবে আবার রং করিয়ে নিন।