বিশ্বকাপ জিতেছে স্পেন, আর দর্শকের হৃদয়? ছোট্ট কেইন

বিশ্বকাপটা হাতে তোলার জন্য একমাত্র গোলটি করেছেন ২৬ বছর বয়সী উইঙ্গার ফেরান তোরেস। সেই ফেরান তোরেস, রদ্রি, এমনকি লামিনে ইয়ামালকে ছাপিয়ে স্পেনের যে ‘খেলোয়াড়’ গতকাল রাত থেকে ভাইরাল, রাতারাতি বনে গেছেন ইন্টারনেট সেনসেশন, ‘তিনি’ আর কেউ নন, ৩ বছরের কেইন ইয়ামাল! তার উদ্‌যাপনের ধরন, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাসী মজার ভাবভঙ্গিতে মজা পাচ্ছে নেটিজেনরা।

কেইন ইয়ামাল ১৯ বছর বয়সী উইঙ্গার লামিনে ইয়ামালের ছোট ভাই।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
তাঁরা বৈমাত্রেয় ভাই (দুজনের মা একই, কিন্তু বাবা আলাদা) হলে কী হবে, লামিনে বহুবার প্রকাশ্যে বলেছেন, ছোট ভাইকে তিনি ‘নিজের সন্তানের মতোই’ ভালোবাসেন।
স্পেনের বিশ্বকাপ জয়ের পর কেইনকে কোলে নেওয়া, মাঠে একসঙ্গে উদ্‌যাপন এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর দৃশ্য এখন ভাইরাল। এই শিশুই বর্তমানে বিশ্বকাপ জয় উদ্‌যাপনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
লামিনের বয়স যখন ৩ বছর, অর্থাৎ ২০১০ সালের দিকে লামিনের মা-বাবার বিচ্ছেদ হয়ে যায়। লামিনে মূলত মায়ের কাছে বড় হয়েছেন। তবে বাবা আর দাদির সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল।
লামিনেকে একা হাতে বড় করে, পেশাদার ফুটবলার বানানোর পরই তাঁর মা শিলা এবানা আবার বিয়ে করেন। ২০২২ সালের ৫ সেপ্টেম্বর সেই সংসারে জন্ম নেয় কেইন।
লামিনের শৈশব কেটেছে পারিবারিক কলহ, দারিদ্র্যসহ নানা ধরনের সংকটে। বিভিন্ন সাক্ষাৎকারে লামিনে বলেছেন, ছোট ভাইকে একটা সুন্দর জীবন দেওয়াই তাঁর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। তিনি কেবল তাঁর মা আর ছোট ভাইকে সুখী দেখতে চান।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে এ রকম—‘কেইন স্টিলস দ্য স্পটলাইট’।
ভাইয়ের মতো স্পেনের ১৯ নম্বর জার্সি পরে কেইন যেভাবে শত ক্যামেরার সামনে পুরো মাঠ ঘোরাফেরা করছিল আর মজা করছিল, তাতে অনেকেই মজা করে তাকে ‘স্পেন দলের অফিশিয়াল মাসকট’ বলছেন।
গতকাল কেইন একবারও ক্যামেরাকে নিরাশ করেনি। ক্যামেরা যেদিকেই গেছে, কেইনকে কখনো হাততালি দিতে, কখনো নাচতে, কখনো আনন্দে লাফাতে দেখা গেছে। এই স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দর্শককে মুগ্ধ করেছে।
উদ্‌যাপনের সময় বিশ্বকাপ ট্রফি এবং লামিনের স্বর্ণপদক হাতে নিয়েও তাকে দেখা যায়। ছোট্ট শিশুর সহজ, সুন্দর উদ্‌যাপন সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষের হৃদয় জয় করেছে।
উদ্‌যাপন করতে করতে একসময় ক্লান্ত হয়ে মাঠে শুয়ে পড়তেও দেখা যায় কেইনকে।
ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে যখন লামিনেকে জিজ্ঞেস করা হয়েছে, ‘কেইন কি আসলে বুঝেছে যে কী ঘটেছে?’ উত্তরে লামিনে বলেন, ‘ওর বোঝার বয়স হয়নি। তবে ক্যামেরা দেখলে ও খুবই খুশি হয়ে যায় আর “এন্টারটেইনিং” সব কর্মকাণ্ড করতে থাকে। ও যেভাবে সব ক্যামেরার শত শত ফ্ল্যাশ আর সব আলো সামলেছে, আমি আমার ছোট ভাইকে নিয়ে গর্বিত।’
লামিনে আরও বলেন, ‘একদিন আমার ছোট্ট ভাইটা বড় হবে। ও এই ইতিহাস জানবে। আমি চাই, সেদিন সে আমাকে নিয়ে গর্ব বোধ করুক।’
অনেক আন্তর্জাতিক গণমাধ্যম লিখেছে, ‘বিশ্বকাপ জিতেছে স্পেন, কিন্তু বিশ্বব্যাপী দর্শকের হৃদয় জিতেছে ছোট্ট কেইন ইয়ামাল।’
শাকিরা ও ব্রুনা বয়ের গাওয়া এবার বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’-এর প্রথম দুই লাইন ‘ইউ নো ফ্রম দ্য ডে, ইউ ওয়্যার বর্ন, দ্যাট হেয়ার ইন দিজ প্লেস, ইউ বিলং!’ যেন পুরোপুরি মিলে যায় ৩ বছরের ছোট্ট কেইন ইয়ামালের সঙ্গে। বিশ্বকাপ জয়ের এই ঐতিহাসিক মুহূর্তে তার তো এভাবে এই মাঠে থাকারই কথা ছিল।

সূত্র: আল-জাজিরা, পিপল