প্রথম আলো ফ্যাক্ট চেক

‘মেসিই সেরা’ কথাটা বলেননি রোনালদো

চলমান বিশ্বকাপে সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় একটি দাবি। সেখানে বলা হয়, ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও লিওনেল মেসিকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় (GOAT) হিসেবে আখ্যায়িত করেছেন।

আর্জেন্টিনার হয়ে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর মেসির প্রশংসা করে রোনালদো নাকি বলেছিলেন, ‘এখন সময় এসেছে পৃথিবী লুকোচুরি বন্ধ করে এই সত্য মেনে নেওয়ার যে মেসিই সর্বকালের সেরা ফুটবলার।’

দাবিটি দ্রুত আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক, ষষ্ঠ লিংক

বিভিন্ন সংবাদমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টাল পর্তুগিজ সংবাদমাধ্যম A Bola এবং স্পেনের Mundo Deportivo-কে সূত্র হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক

এর ধারাবাহিকতায় বাংলাদেশের মূলধারার একাধিক সংবাদমাধ্যম, যার মধ্যে প্রথম আলোও রয়েছে, একই তথ্য প্রকাশ করে।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক, ষষ্ঠ লিংক, সপ্তম লিংক

তবে কয়েক দিনের মধ্যেই বিষয়টি নতুন মোড় নেয়। কারণ, এই বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন স্বয়ং রোনালদো নাজারিও। তিনি দাবি করেন, মেসিকে নিয়ে তাঁর নামে প্রচারিত সাক্ষাৎকারটি সম্পূর্ণ মনগড়া এবং তিনি এমন কোনো মন্তব্য কখনো করেননি।

ব্রাজিলের প্রভাবশালী জাতীয় দৈনিক সংবাদপত্র O Globo-তে ২৩ জুন প্রকাশিত “‘Ronaldo once again denies his statement about Messi and reveals behind-the-scenes details of a conversation with Romário: ‘They invented the interview’” শীর্ষক প্রতিবেদনে রোনালদো এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

লিংক: এখানে

প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের আরেক কিংবদন্তি ফুটবলার রোমারিও তাঁর সঙ্গে আলাপকালে সরাসরি জানতে চান, ‘মেসিই সর্বকালের সেরা’ বলে প্রচারিত মন্তব্যের বিষয়টি আসলে কী। জবাবে রোনালদো জানান, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নামে প্রচারিত বক্তব্য দেখে তিনিও বিস্মিত হয়েছিলেন।

রোনালদোর ভাষ্য অনুযায়ী, তিনি প্রথমে বুঝতেই পারেননি কী ঘটছে। পরে তাঁর প্রতিনিধি ও যোগাযোগ পরিচালক ভিক্টর রিওস বিষয়টির উৎস অনুসন্ধান শুরু করেন। রোনালদোর দাবি, অনুসন্ধানে তাঁরা জানতে পারেন যে বার্সেলোনাভিত্তিক স্প্যানিশ ক্রীড়া দৈনিক Mundo Deportivo তাঁর নামে একটি সাক্ষাৎকার তৈরি করে প্রচার করেছে।

রোমারিওকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, “এই ‘মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়’ কথাটা কী ব্যাপার! এটা তো ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছিল। আমিও বুঝতে পারছিলাম না কী ঘটছে। ভিক্টর রিওস সংবাদমাধ্যমের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারে যে বার্সেলোনার Mundo Deportivo একটি সাক্ষাৎকার বানিয়ে প্রচার করেছে। তারা আমার ছবি ব্যবহার করে আমার নামে কিছু উদ্ধৃতি জুড়ে দেয়, যেন আমি এসব কথা বলেছি।”

লিংক: এখানে

O Globo-তে প্রকাশিত প্রতিবেদন থেকে আরও জানা যায়, বিশ্বকাপে সর্বকালের গোলদাতাদের তালিকায় মেসি রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার পর বিতর্কটি আরও জোরালো হয়। সে সময় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম Mundo Deportivo-কে উদ্ধৃত করে একটি কথিত সাক্ষাৎকার প্রকাশ করে।

সেখানে রোনালদোর নামে প্রচারিত একটি উদ্ধৃতিতে বলা হয়েছিল, ‘It’s time for the world to stop hiding and accept the fact that Messi is the greatest of all time.’ অর্থাৎ ‘এখন সময় এসেছে পৃথিবী লুকোচুরি বন্ধ করে এই সত্য মেনে নেওয়ার যে মেসিই সর্বকালের সেরা ফুটবলার।’

রোনালদোর দাবি যাচাই করতে গিয়ে দেখা যায়, Mundo Deportivo-তে উল্লিখিত শিরোনামের একটি প্রতিবেদনের অস্তিত্বের চিহ্ন এখনো সার্চ ফলাফলে পাওয়া যায়। তবে শিরোনামটিতে প্রবেশের চেষ্টা করলে মূল প্রতিবেদনটি আর দেখা যায় না। এর পরিবর্তে ওয়েবসাইটে ‘The requested resource is no longer available’ বার্তা প্রদর্শিত হয়। নিচে আরও উল্লেখ করা হয়েছে: ‘What happened? The resource has been permanently removed and will no longer be available in the future.’

লিংক: এখানে

অর্থাৎ সংশ্লিষ্ট প্রতিবেদনটি ওয়েবসাইট থেকে স্থায়ীভাবে সরিয়ে ফেলা হয়েছে বলে প্রতীয়মান হয়।

এদিকে রোমারিও ও রোনালদোর আলোচনার একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ রোমারিওর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতেও রোনালদো পুনরায় দাবি করেন যে তাঁর নামে প্রচারিত সাক্ষাৎকারটি মনগড়া ছিল।

লিংক: এখানে

অন্যদিকে পর্তুগিজ সংবাদমাধ্যম A Bola-তে এখনো মেসিকে নিয়ে রোনালদোর কথিত মন্তব্যসংবলিত প্রতিবেদনটি দেখা যায়। তবে প্রতিবেদনটিতে বক্তব্যগুলোর উৎস বা সাক্ষাৎকার গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া রোনালদোর অস্বীকৃতির পরও সংবাদমাধ্যমটি প্রতিবেদনটি সংশোধন বা প্রত্যাহার করেছে—এমন কোনো তথ্যও পাওয়া যায়নি।

লিংক: এখানে

যাচাইয়ে দেখা যায়, লিওনেল মেসিকে ‘সর্বকালের সেরা ফুটবলার’ বলে রোনালদো নাজারিও মন্তব্য করেছেন—এ দাবির পক্ষে বর্তমানে নির্ভরযোগ্য ও যাচাইযোগ্য কোনো মূল সাক্ষাৎকার পাওয়া যায় না। বরং রোনালদো নিজেই প্রকাশ্যে দাবি করেছেন যে তাঁর নামে প্রচারিত সাক্ষাৎকারটি মনগড়া এবং তিনি এমন কোনো মন্তব্য করেননি।

এদিকে একাধিক জাতীয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও অনলাইন পোর্টাল এ ঘটনা নিয়ে নতুন করে সংশোধিত সংবাদ প্রকাশিত করেছে।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক

একই সঙ্গে যে Mundo Deportivo প্রতিবেদনকে ঘিরে বিতর্কের সূত্রপাত, সেটিও বর্তমানে ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। ফলে রোনালদোর নামে প্রচারিত উক্তিটিকে নিশ্চিত ও প্রামাণ্য বক্তব্য হিসেবে উপস্থাপন করার যথেষ্ট ভিত্তি পাওয়া যায়নি।