ইউক্রেনে খনিতে কর্মরতদের একটি বাসে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন ওই বাসে থাকা অন্তত ১২ জন। রোববার ইউক্রেনের দক্ষিণ–পূর্বাঞ্চলের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে বলে জানান দেশটির জ্বালানিমন্ত্রী।
ইউক্রেনের জ্বালানিমন্ত্রী ডেনিস শেমহাল রোববার টেলিগ্রামে লেখেন, ‘আজ শত্রুরা দিনিপ্রো অঞ্চলে জ্বালানি খাতের কর্মীদের লক্ষ্য করে নিন্দনীয় হামলা চালিয়েছে। এই সন্ত্রাসী হামলায় খনিতে কর্মরত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।’
পুলিশ জানায়, তেরনিভস্কা শহরে এ হামলার ঘটনা ঘটেছে। সেখানকার জরুরি পরিষেবা হামলার একটি ভিডিও ফুটেজ অনলাইনে প্রকাশ করেছে। এতে দেখা গেছে, হামলার পর একটি পোড়া বাস সড়কের পাশে উল্টে পড়ে আছে।
জ্বালানি প্রতিষ্ঠান ডিটিইকে এক বিবৃতিতে জানায়, হতাহত ব্যক্তিরা তাঁদের প্রতিষ্ঠানের কর্মী। হামলার সময় তাঁরা সবাই কর্মস্থল থেকে ফিরছিলেন।
এদিকে রোববার দিনের শুরুতে আঞ্চলিক কর্মকর্তারা বলেছিলেন, দক্ষিণ-পূর্ব শহর জাপোরিঝিয়ায় একটি মাতৃসদন ও একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় কমপক্ষে নয়জন আহত হয়েছেন।
এমন এক সময় এসব হামলার কথা জানা গেল, যখন যুক্তরাষ্ট্র-রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব আগামী বুধ ও বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে অনুষ্ঠিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার এ খবর জানিয়েছেন।
চার বছর পূর্ণ হতে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য কিয়েভের ওপর চাপ তৈরি করছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ এ যুদ্ধে ইউক্রেনের নানা গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি দেশটির বিদ্যুৎ অবকাঠামোর ওপর নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে চলতি শীতে দেশটির জনজীবন তীব্র ভোগান্তিতে পড়েছে।